পুলিশের ব্যবহারে ক্ষুব্ধ নাগরিকেরা

ব্রুকলিনের রেলস্টেশনে চুরস (লাতিন আমেরিকানদের বানানো এক ধরনের কেক, যা স্ট্রিট ফুড হিসেবে ব্যাপক জনপ্রিয়) বিক্রির সময় হিস্পানিক এক নারীকে হঠাৎ পাকড়াও করে পুলিশ। ওই নারীর হাতে সঙ্গে সঙ্গে হাতকড়া পরানো হয়। এ ঘটনার ভিডিও ক্লিপটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুলিশের এ আচরণ নিয়ে টুইটারে উঠেছে সমালোচনার ঝড়।
৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় নামহীন এই চুরস বিক্রেতাকে গ্রেপ্তারের ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়। এতে দেখা যায়, ব্রডওয়ে জংশন রেলস্টেশনে থেকে নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করছেন। এ সময় পুলিশ ওই নারীর চুরসের কার্টটি ছিনিয়ে নেয়। ভিডিওতে ওই নারীকে কাঁদতে দেখা যায়।
উল্লেখ্য, এমটিএ কর্তৃক অনুমোদিত না হলে বর্তমান বিধি অনুযায়ী সাবওয়েতে খাদ্য বিক্রয় নিষিদ্ধ।
টুইটারে ভিডিওটি পোস্ট করেন সোফিয়া বি নিউম্যান নামের একজন। ভিডিও করার সময় সোফিয়া বারবার পুলিশকে জিজ্ঞেস করেন, কেন মহিলার কার্টটি ছিনিয়ে নেওয়া হচ্ছে? কেন তাঁকে কাঁদানো হচ্ছে? তিনি তাঁর টুইটার পোস্টে লেখেন, ‘আজ রাতে ব্রডওয়ে জংশন থেকে বের হওয়ার সময়, আমি তিন/চারজন পুলিশ অফিসারকে দেখতে পাই (এদের মধ্যে একজন সাধারণ পোশাক পরিহিত)। একজন কান্নারত নারী ও তাঁর চুরস কার্টের চারপাশে কিছু লোক জড়ো হয়ে আছে। অবশ্য, রেল স্টেশনের ভেতরে খাবার বিক্রয় অবৈধ।’
পুলিশ নারীটিকে বলছিল, জরিমানা দিলে তারা তাঁকে তাঁর কার্টটি ফিরিয়ে দেবে। না হয় তাঁরা নারীটিকে গ্রেপ্তার করবে এবং তাঁর কার্টটি নিয়ে যাবে। ওই বিক্রেতা তখন সাধারণ পোশাকে থাকা পুলিশ সদস্যের সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলার চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যটি বলেন, ‘আমি জানি তুমি ইংরেজি পারো; তোমার কি বলা শেষ?’ এরপর পুলিশ ওই নারীকে হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে তাঁর কার্টসহ নিয়ে যায়।
ভিডিও পোস্টদাতা সোফিয়া টুইটারে লেখেন, ‘আমি ঠিক জানি না, এ নিয়ে কিছু করা যায় কি না। কিন্তু আমি আমার ধারণ করা কিছু ফুটেজ সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আইন যা-ই বলুক না কেন, কোনো কারণ ছাড়া এতগুলো অফিসার একজন মানুষকে ঘিরে ধরে, বিরূপ আচরণ করে নারীটির দারিদ্র্যের সুযোগ নিল। এটি ক্ষমতার অপব্যবহার ছিল এবং দিনদিন আমাদের আইন-শৃঙ্খলা কীভাবে শেষ হয়ে যাচ্ছে, এটি তার একটি উৎকৃষ্ট উদাহরণ। ওই নারীর সম্মতি না পাওয়া পর্যন্ত ভিডিওটি ছড়িয়ে দিতে আমার খুব সংকোচ হচ্ছিল। তারপরও আমি ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিই, যাতে কেউ তাঁকে সাহায্য করতে পারে। এই নারীর প্রথম নামটি ছাড়া আমার কাছে তাঁর সম্পর্কে আর কোনো তথ্য নেই। জানি না পুলিশ কতক্ষণ তাঁকে আটকে রাখতে পারে।’ সব শেষে সোফিয়া বলেন, ‘এর পর ওই নারীর সঙ্গে কী ঘটবে বা কী করতে হবে এসবের কিছুই আমি জানেন না। তবে কারও কাছে কোনো তথ্য থাকলে, তা জানানোর অনুরোধ করছি।’
এ ঘটনাকে ‘বলপ্রয়োগ’ আখ্যা দিয়ে নিন্দা জানান সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগার। এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এ ধরনের বলপ্রোয়গ কোনোভাবেই নিরাপদ নয়।’
এনওয়াইপিডির এক মুখপাত্র জানান, ওই বিক্রেতা পুলিশকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় এবং তাঁর চুরস কার্ট অবৈধভাবে চালানোর অতীত ইতিহাস রয়েছে।
এ বিষয়ে এনওয়াইপিডির মুখপাত্র সোফিয়া ম্যাসন বলেন, ‘এই একই ব্যক্তিকে একই স্টেশনে লাইসেন্সবিহীন বিক্রয়ের জন্য গত পাঁচ মাসে ১০ বার সমন দেওয়া হয়েছে। বিক্রেতা নারীটি সহযোগিতা করতে অস্বীকার করায় সংশ্লিষ্টরা তাঁকে হাতকড়া পরিয়েছিলেন। গ্রেপ্তারের প্রমাণ হিসেবে তাঁর কার্টটি পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং কয়েক মিনিটের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।’