পূজার আনন্দে মাতোয়ারা জ্যাকসন হাইটসের বাঙালিরা

নিউইয়র্কে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব কুইন্সের জ্যাকসন হাইটসে। ঔম শক্তি মন্দিরের পূজা প্রাঙ্গণ ভক্তদের আগমনে মুখরিত হয়ে ওঠে পূজা সপ্তাহের শুরুতেই। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্ঠীর দিনে পূজা অর্চনা দিয়ে দেবীকে বরণ করা শুরু হয়, যা শেষ হবে শনিবার দেবী বিসর্জনের মাধ্যমে। মন্দিরের ভেতরে বাইরে সর্বত্র ভক্ত কুলের সরব উপস্থিতি সঙ্গে বর্ণালি আলোকসজ্জা প্রমাণ করে উৎসব পাগল বাঙালিদের সকল উৎসব সর্বজনীন। মন্দিরের ভেতর পূজা অর্চনার পাশাপাশি চলে ভক্তদের প্রসাদ গ্রহণ পর্ব। ছোট ছোট ছেলে মেয়ে নতুন পোশাক পরে এসে দেবী দর্শনের আনন্দে উদ্বেলিত হয়।
মন্দিরের ভেতর মা দুর্গার পদতলে বসে চলছে আরাধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লা। সঙ্গে আছেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী সুবীর নন্দী।
এ ছাড়াও নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করছেন পূজার অনুষ্ঠানগুলোতে। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের। শারদীয় শুভেচ্ছা নিয়ে প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে ইশতিয়াক রুপুর নেতৃত্বে একটি শুভেচ্ছা দিল নিউইয়র্কের বেশ কটি পূজা মণ্ডপ পরিদর্শন করে এবং উৎসবের শুভেচ্ছা বিনিময় করে।