মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন বলেছে, নারী মেরিন সেনাদের নগ্ন ছবি অনলাইনে ছড়ানোর ঘটনায় পূর্ণ তদন্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস গতকাল শনিবার বলেছেন, এ ঘটনায় সশস্ত্র বাহিনীর সব শাখায় ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়া হবে।
দ্য ওয়ার হর্স নামের একটি সংবাদ গোষ্ঠী প্রথম এ ব্যাপারে খবর প্রকাশ করে। এতে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘মেরিনস ইউনাইটেড’ নামের একটি গ্রুপে নারী সহকর্মীদের বহু নগ্ন ছবি প্রকাশ করেছেন তাঁদের পুরুষ সহকর্মীরা।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মেরিন কোরের কমান্ডার জেনারেল রবার্ট নেলার বলেন, ‘একজন সত্যিকারের বীর বা যোদ্ধা এ ধরনের আচরণ করতে পারেন না।’
নগ্ন ছবি প্রকাশ হওয়া ওই গ্রুপটির সদস্য হতে পারেন শুধু বর্তমান ও সাবেক মেরিন সেনারা। এ ঘটনা জানাজানি হওয়ার পরপরই গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়। ওই সময় গ্রুপটির প্রায় ৩০ হাজার সদস্য ছিল। ছবিগুলো শেয়ার করতে পুরুষ সেনা সদস্যরা বেনামে ছবি জমা করার ওয়েবসাইট ‘অ্যাননআইবি’তে একটি মেসেজ বোর্ড ব্যবহার করেন। কখনো কখনো ছবির পাশাপাশি নারী সেনাদের নাম ও অন্যান্য তথ্যও দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘যৌন হয়রানি ও মানসিক বিকার’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তারা একটি ‘নীতিবিষয়ক নির্দেশিকা’ দেবে।