
সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ব্যাপক হলেও ধীরে ধীরে প্রকৃত মুসলমানদের সংখ্যা কমতে থাকবে এবং চূড়ান্ত পর্যায়ে কেয়ামত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে উলামা সোসাইটি ইউএসএ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সংগঠনের সভাপতি অ্যাস্টোরিয়া গাউছিয়া মসজিদের প্রতিষ্ঠাতা আল্লামা জালাল সিদ্দিক এ মন্তব্য করেন ।
২ ডিসেম্বর জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আল্লামা জালাল সিদ্দিকের সভাপতিত্বে এবং মাওলানা আবুল কাশেম ইয়াহিয়ার পরিচালনায় এ আলোচনা ও মিলাদ মাহফিলে বক্তৃতা করেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা শাব্বীর, গাউছিয়া মসজিদের ইমাম মাওলানা শাব্বীর আহমদ, নিউইয়র্ক সিটি স্কুলের শিক্ষক ওহি আহমদ চৌধুরী, মাওলানা মোহাফিজ উদ্দিন, মাওলানা আবদুস শুকুর প্রমুখ।
মাওলানা মঈনুল ইসলাম বলেন, মহানবীর (সা.) গুণ ও অবস্থান সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ তাঁকে মানুষের ছুরৎ দিয়ে মানুষের কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, ‘মোহাম্মদ’ শব্দের মানে হলো চরম প্রশংসিত। তার আগে দুনিয়াতে মোহাম্মদ নামে কারও নাম ছিল না। মহানবী (সা.)-এর জন্মের আগেই তার সম্পর্কে আলোচনা শুরু হয়। আল্লাহ তাঁকে ইমামুল আম্বিয়া হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি সব নবীর নামাজের জামায়াতে ইমামতি করেন। তাঁর ধর্মের আগমনের পর আগের সব ধর্ম স্থগিত হয়ে যায়।
নামাজের গুরুত্ব প্রসঙ্গে মাওলানা মঈনুল ইসলাম নামাজ পড়লে নবীর কাছে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নবী খুশি হলে আল্লাহও খুশি হন। মাটির তৈরি হজরত আদমের দেহে মহানবী (সা.)-এর নুর ঢুকিয়ে দিলে তিনি আলোকোজ্জ্বল হন। মহানবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হজরত আদমের তওবা আল্লাহপাক কবুল করেন।
সভাপতির ভাষণে আল্লামা জালাল সিদ্দিক বলেন, ইসলামের যাত্রা শুরু হয় একজন নারী খাদিজাকে দিয়ে। এরপর বৃদ্ধদের মধ্যে হজরত আবু বকর ও তরুণদের মধ্যে হজরত আলী ইসলামের ছায়াতলে আসেন। সে মুসলমানদের সংখ্যা এখন ব্যাপক আকার ধারণ করেছে। কিন্তু প্রকৃত মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে কমছে। যেদিন পৃথিবীতে একজন প্রকৃত মুসলমানও থাকবে না, সেদিনই কেয়ামত তথা মহাপ্রলয় ঘটবে।
সন্ত্রাসীদের তীব্র নিন্দা করে এই প্রবীণ মাওলানা বলেন, ইসলামে যুদ্ধের স্বীকৃতি আছে। তবে নিরপরাধ মানুষকে মারা ইসলাম স্বীকার করে না। এরা মুসলমান নয়। মুসলমানদের খুন করতে কোনো মুসলমান মসজিদে বোমা হামলা চালাতে পারে না।
মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার জন্য জালাল সিদ্দিক একটি ক্ষুদ্র গোষ্ঠীকে দায়ী করে বলেন, এরা সন্ত্রাসীদের পেছনে রয়েছে। অনেক সময় এরাই মুসলমানদের বেশ ধারণ করে হামলা চালায়। কেবল আল্লাহকে মানলেই মুসলমান হওয়া যায় না। হিন্দু, খ্রিষ্টান, ইহুদিরাও আল্লাহতে বিশ্বাস করেন, কিন্তু তারা মুসলিম নন। মুসলমান হতে হলে রাসুলকে মানতে হবে। কোরআন না বুঝলেও কোরআনকে মানতে হবে।
আল্লামা জালাল সিদ্দিক বলেন, ইমানদার মুসলমানদের ধ্বংস করার জন্য বিরাট ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় বেশি বেশি ওয়াজ মাহফিল করে ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে। মহানবীর পথ ধরলে সাফল্য আসবে, অন্য কোনো পন্থায় নয়।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।