পৃথিবীর টিকে থাকার সম্পদ দ্রুত ফুরাচ্ছে
পৃথিবীর সম্পদ দ্রুত ফুরাচ্ছে। মানুষ প্রায় পৌনে দুই গুণ হারে ভোগ করছে মাটি, পানি, বিশুদ্ধ বাতাসসহ পৃথিবীর এসব সম্পদ। সে হিসাবে ২০১৯ সালে যে পরিমাণ সম্পদ ব্যবহারের কথা, তা গতকাল ২৯ জুলাই পর্যন্ত সময়েই ভোগ করে ফেলেছে পৃথিবীবাসী। আজ ৩০ জুলাই থেকে যা ভোগ করা হবে, তা এক অর্থে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত সম্পদ হরণের শামিল। এসব বিষয় সামনে রেখেই গতকাল সোমবার পালিত হলো ‘আর্থ ওভারশুট ডে’ বা ‘পৃথিবীর সম্পদ ভাগের অনুমোদিত মাত্রা অতিক্রম দিবস’।
আর্থ ওভারশুট ডের আয়োজকেরা বলেছে, পৃথিবীর বাস্তুসংস্থান বছরে যা পুনরুৎপাদন করতে পারে, মানবজাতি বর্তমানে তার পৌনে দুই গুণ বেশি হারে প্রকৃতিকে ভোগ করছে। পৃথিবীর সম্পদ ভোগের ‘ওভারশুট’ ধারণাটি প্রথম প্রবর্তন করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরভিত্তিক পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক। তাঁরা বলেছে, পৃথিবীর মানুষ যেহেতু নির্ধারিত মাত্রার চেয়ে বেশি হারে প্রাকৃতিক সম্পদ ভোগ করে ফেলেছে, ফলে বছরের বাকি সময়টা তাদের চলতে হবে ‘ঋণ’ করে। এই ঋণ হবে ভবিষ্যতের জন্য বরাদ্দকৃত প্রাকৃতিক সম্পদ থেকে। এতে ভবিষ্যতের সম্পদও আগাম ফুরিয়ে যাবে। সংগঠনটি বলেছে, পৃথিবীর বাস্তুসংস্থানের পুনরুৎপাদন ক্ষমতার পৌনে দুই গুণ বেশি গতিতে বর্তমান মানবজাতি প্রকৃতির সম্পদ ভোগ করে চলেছে। এর অর্থ দাঁড়ায়, বর্তমানে পৃথিবীর মানুষের চাহিদা মেটাতে ‘পৌনে দুটি পৃথিবী’ প্রয়োজন, বাস্তবে যা অসম্ভব।
১৯৮৬ সাল থেকে সংগঠনটি প্রতিবছরের ওভারশুট গণনা করে আসছে। ওভারশুট হিসাব করা হয় কোনো বছরে পৃথিবীর মানুষ কী পরিমাণ প্রাকৃতিক সম্পদ ভোগ করছে এবং এর বিপরীতে প্রকৃতি কী পরিমাণ সম্পদ পুনরুৎপাদন করতে সক্ষম হচ্ছে, তার অনুপাতের ভিত্তিতে। ভোগকৃত সম্পদ পুনরুৎপাদনকৃত সম্পদকে ছাড়িয়ে গেলে ওভারশুট ধরা হয়। অর্থাৎ পৃথিবী টিকে থাকার জন্য মানুষের যে হারে সম্পদ ভোগ করা উচিত, তার চেয়েও বেশি হারে সম্পদ ভোগ করলে ওভারশুট হয়।
অনুমোদিত হারের চেয়ে বেশি হারে সম্পদ ভোগ বন উজাড়, ভূমিক্ষয়, জীববৈচিত্র্য হারিয়ে যাওয়া বা বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনসহ পৃথিবীর স্থায়ী ক্ষতির শঙ্কা বাড়িয়ে তুলছে। প্রতিবছর কী হারে মানুষ ওভারশুটের দিকে এগোচ্ছে, ওভারশুট দিবস সেটিই জানিয়ে দেয়। সে হিসাবে ২০১৯ সালের ওভারশুট দিবসকে বলা হচ্ছে পৃথিবীর দ্রুততম ওভারশুট। এর আগে ২০১৭ সালে দিবসটি চলে আসে ২ আগস্টে।