পেইন্টেড পয়েমস: আমাদের দিকশূন্যপুর

পেইন্টেড পয়েমস আমাদের একালের ‘দিকশূন্যপুর’। সুনীল গঙ্গোপাধ্যায় এক সময় নীললোহিত নামে দিকশুন্যপুরের কাহিনি লিখতেন। জায়গাটি এমন যে সবাই সেখানে দু-দণ্ড নিশ্চিন্তে শ্বাস ফেলতে পারেন।
প্রবাসে দীর্ঘ জীবন পার করে এমন একটি জায়গার জন্য যখন আমি তৃষ্ণার্ত হচ্ছিলাম, তখনই পেইন্টেড পোয়েমসের বীজ বপন হয়।
কেন আমরা কবিতায় জীবনকে কিছুটা প্রশমিত করার চিন্তা করলাম! আমরা ব্যস্ত। রুটিনের বাইরে শনি-রবিতেও রুটিনমাফিক ঘুরে বেড়ানো, সামাজিকতা, সাপ্তাহিক বাজার ইত্যাদি-সেই আড্ডাবাজিতে অনেক সময়ই সামাজিকতা রক্ষা করাই মূল, যতটা না নিজের স্বস্তি খুঁজতে যাওয়া। কিন্তু আমরা সবাই নিজেকে প্রকাশ করতে ভালোবাসি, নিজের মতো করে। কবিতা আমাদের সে জায়গাটি করে দেয় এবং তার সঙ্গে নিজেদের ভাবনাগুলোও যদি ভাগাভাগি করে নেওয়ার সুযোগ থাকে তাহলে তো কথাই নেই। পেইন্টেড পয়েমস সেই রকম একটি ভার্চ্যুয়াল ঠিকানা।
এই গ্রুপের সদস্যরা তাদের পছন্দের কবিতা পড়েন। অনেকে লেখেন। অনেকে তাদের শখের ফটোগ্রাফি শেয়ার করেন। অনেক সময় একজন সদস্য অন্য সদস্যের লেখা কবিতা বা গল্প ভালোবেসে পাঠ করে উপস্থাপন করেন। আবার এমনও হয় অ্যাডমিনদের বিভিন্ন আবদার বা আয়োজনে সাড়া দিয়ে শর্ত-মাফিক লেখা বা পাঠের উপস্থাপনা করা হয়। এ সব কিছুই মানুষের ভেতরের সহজাত মনকে বের করে নিয়ে আসে। এ সব প্রকাশে একজন তার নিজেকে যেমন ছড়িয়ে দেন নিজস্ব আলোয়, যিনি তা উপভোগ করেন আমাদের পেজে এসে, তার কাছেও এসব কবিতা গল্প বা ছবির কোন না কোনোটা নিজের ভাবনার সঙ্গে মিলে যায়। এমন একটি লেখক-পাঠক-দর্শক মিলনস্থল কেবলই ব্যস্ত জীবনের কিছুটা স্বস্তির জন্য, তৃপ্তির জন্য।
পেইন্টেড পয়েমস শুরু হয়েছিল দুজন মানুষের সাহিত্যের প্রতি অপরিসীম ভালোবাসায়। একজন যিনি কবিতায় নিজেকে উপলব্ধি করেন গভীরভাবে, অন্যজন ভালোবাসেন সাহিত্যে জীবন খুঁজে পেতে—তাঁদের আরেকটি বড় মিল তাঁরা মানুষকে ভালোবাসেন অসীম যত্নে। ভীষণ আগ্রহে ও পরিশ্রমে এই দুই বন্ধু শুরু করেছিলেন এমন যাত্রা যাবে উদ্দেশ্য ছিল হাজার এমন সমমনা মানুষকে একত্রিত করা। তাদের স্বপ্ন সফল বলা যায়। ক্লোজড এই ফেসবুক পেজে এখন ২ হাজার ৮০০ সদস্য। আছেন অনেক গুণী সুধীজন, বিশিষ্ট লেখক কবি আলোকচিত্রী প্রমুখ। মাথার ওপর ছাতা হয়ে আছেন বড় বড় মানুষ যাঁদের আশ্রয়ে চলছে এই ফেসবুক পেজ।
এই ফেসবুক পেজের সদস্য ছড়িয়ে আছেন সারা বিশ্বজুড়ে। প্রাণের তাগিদেই প্রথম অধিবেশন হয় ২০১৬ সালে যেখানে প্রথমবার কিছু সদস্য ভার্চ্যুয়াল জীবন থেকে সামনে এসে পরিচিত হন। দ্বিতীয়বার আরও প্রাণবন্ত আয়োজন হয় ২০১৭ সালে নিউইয়র্ক বইমেলায়। সেই মিলনমেলায় লেখক আবৃত্তিকার এবং অনেক গুণীজনের উপস্থাপনায় পরিবেশিত হয় আবৃত্তি সন্ধ্যা। সবার ভালোবাসায় এমন একটি সহজ সাবলীল প্রকাশ ক্ষেত্র দিনে দিনে আরও স্বতঃস্ফূর্ত হয়ে উঠছে নতুন নতুন গুণীজনে। সামনে হয়তো আবার নতুন পুরোনো মিলে বসবে মিলনমেলা। এভাবে চলতে থাকুক পেইন্টেড পয়েমসের রুচিশীল মনোজ্ঞ যাত্রা। আমন্ত্রণ রইল আপনাদেরও।