পেন স্টেশনে আত্মঘাতী বোমা শনাক্ত করতে প্রযুক্তির ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন পেন স্টেশনে আত্মঘাতী বোমা শনাক্ত করার নতুন প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। নগরীর পরিবহন নিরাপত্তা বিভাগ (টিএসএ) এই উদ্যোগে গত মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা শনাক্তকরণের এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়।
সম্ভাব্য আত্মঘাতী বোমা বিস্ফারণকারীদের বেল্টে, জুতায় ও অন্তর্বাসে বা শরীরের অন্যান্য জায়গায় বোমা কিংবা কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য থাকলে তা শনাক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
সম্প্রতি ম্যানহাটনে সাবওয়েতে আত্মঘাতী বোমা হামলার ব্যর্থ চেষ্টার পর সিনেটর চার্লস সুমার বিস্ফোরক শনাক্ত করার উন্নততর প্রযুক্তি ব্যবহারের দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সিনেটর সুমার বলেন, ‘শেষ পর্যন্ত জীবন রক্ষাকারী এ প্রযুক্তি ব্যবহারে সম্মত হয়েছেন। তাঁরা আমার আহ্বানে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।’
গত বছরের ১১ ডিসেম্বর আকায়েদ উল্লাহ নামের এক বোমা বিস্ফারণকারী তাঁর শরীরে হাতে তৈরি বিস্ফোরক বেঁধে পোর্ট অথরিটি ও টাইসম স্কয়ারের মধ্যবর্তী সাবওয়ে টানেলে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন। সকাল ৭টা ২০ মিনিটে বিস্ফোরিত ওই বোমার আঘাতে কেবল হামলাকারী আকায়েদ আহত হন।
চার্লস সুমার তাঁর বিবৃতিতে বলেন, ‘আমাদের ক্ষতি করতে চায় এমন কাপুরুষদের গোপন বিস্ফোরক শনাক্তকারী প্রযুক্তি সাবওয়েতে পরীক্ষামূলক এবং স্থায়ীভাবে ব্যবহার অব্যাহত রাখার দায়িত্ব ফেডারেল সরকারের। যেহেতু আমরা হুমকির মুখে, তাই এর মোকাবিলায় আমাদের প্রস্তুতি আগে থেকেই থাকতে হবে।’
এর আগে এই প্রযুক্তি লস অ্যাঞ্জেলসের মেট্রো স্টেশনগুলোতে ব্যবহার করা হয়। তবে এ প্রযুক্তি কোনো পরিবহন কেন্দ্রে স্থায়ীভাবে বসানো হয়নি।