পেনসিলভানিয়া কংগ্রেস কি নারী প্রতিনিধিত্ব পাবে?
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের আইনসভায় নারী প্রতিনিধিত্ব একেবারেই নেই। জন প্রতিনিধিত্বের দিক থেকে এই অঙ্গরাজ্য আমেরিকার অন্য সব অঙ্গরাজ্য থেকে পিছিয়ে। তবে এবার দৃশ্য বদল হতে পারে। কারণ এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির আইনসভার নির্বাচন সামনে রেখে হওয়া প্রাথমিক বাছাইয়ে জিতে আট নারী প্রার্থিতা নিশ্চিত করেছেন। আরও দুই নারী প্রার্থীও বিজয়ের দ্বারপ্রান্তে।
পেনসিলভানিয়ার ১৩টি ডিস্ট্রিক্ট থেকে এবার দুই দলের হয়ে ২০ নারী প্রাথমিক বাছাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বেশ কয়েকটি আসনে প্রাথমিক বাছাই শেষ হয়েছে। এতে এরই মধ্যে আটজন নারী বিজয়ী হয়ে তাঁদের প্রার্থিতা নিশ্চিত করেছেন। এর মধ্যে চারজন পেয়েছেন ভূমিধস জয়। আরও দুজন আছেন বিজয়ের অপেক্ষায়। ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে পেনসিলভানিয়া এবার নারী প্রতিনিধিত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রুটগারস বিশ্ববিদ্যালয়ের আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকস বিভাগের আওতাধীন জেন্ডার ওয়াচ ২০১৮-এর প্রকল্প পরিচালক কেলি ডিটমার এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। রুটগারস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই সহযোগী অধ্যাপক নিউজউইককে বলেন, ‘এই অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। আমরা যদি মনে করি নির্বাচনে দাঁড়ানো সব নারীই পাস করবেন, তবে তা বোকার ভাবনা। এ ধরনের ব্যাখ্যা হাজির করাটা নারীদের ব্যর্থতাকে সামনে আনার মতো ব্যাপার।’
পেনসিলভানিয়ার ফোর্থ ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হয়েছেন মেডেলিনি ডিন। প্রাথমিক নির্বাচনের দৌড়ে তিনি হারিয়েছেন সেখানকার বর্তমান আইনপ্রণেতা জো হোয়েফল ও আরেক নারী প্রার্থী শিরা গুডম্যানকে। মূল নির্বাচনে তিনি লড়বেন রিপাবলিকান প্রার্থী ড্যান ডেভিডের সঙ্গে।
ফিফথ ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়েছেন একজন নারী। এই আসনের রিপাবলিকান প্রার্থীও একজন নারী। তাই নির্বাচনে যে-ই জিতুক না কেন, এই আসন থেকে একজন নারী প্রতিনিধিই পাচ্ছে পেনসিলভানিয়া। শুধু এই দুটি নয়। এখন পর্যন্ত প্রার্থিতা নিশ্চিত হওয়া ১০ আসনের ছয়টিতেই ডেমোক্রেটিক দল থেকে নারী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফোর্থ ও ফিফথ ডিস্ট্রিক্টের মতো সিক্সথ ডিস্ট্রিক্ট থেকেও এবার নারী প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ এই আসনে দলটির মনোনয়ন পাচ্ছেন একজন নারী। ক্রিসি হোলাহান তাঁর নাম।
পেনসিলভানিয়ার নির্বাচনে নারীদের এই অগ্রযাত্রাকে বড় অর্জন হিসেবে দেখছেন কেলি ডিটমার। তিনি বলেন, ‘পেনসিলভানিয়ার মতো একটি অঙ্গরাজ্যে এটি নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। এখানকার পুরুষ নিয়ন্ত্রিত রাজনৈতিক বলয়ে যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও নারীরা কোনো সুযোগ পাচ্ছিলেন না। নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে তাঁদের বিভিন্নভাবে নিরুৎসাহিত করা হচ্ছিল। এখন এখানকার পুরুষতান্ত্রিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার মতো শক্তি নিয়ে নারীরা দাঁড়াচ্ছে।’