পেনসিলভানিয়ায় লড়বেন বাংলাদেশি নীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীনা আহমেদ
নীনা আহমেদ

বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক নীনা আহমেদ আগামী নভেম্বরে পেনসিলভানিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দলীয় মনোনয়নের জন্য তিনি মে মাসে বাছাইপর্বের নির্বাচনে অংশ নেবেন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হিসেবে নীনা ইতিমধ্যে রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন। গত নভেম্বরে পেনসিলভানিয়ার ফার্স্ট ডিস্ট্রিক্ট থেকে মার্কিন কংগ্রেসের সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ডেপুটি মেয়রের পদ ছাড়েন। কিন্তু সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে অঙ্গরাজ্যের নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করা হলে ফার্স্ট ডিস্ট্রিক্টের আসনটি বাতিল হয়ে যায়। সে কারণে নীনা কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করার বদলে লেফটেন্যান্ট গভর্নরের (সহকারী গভর্নর) জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন।

প্রথম আলোকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে নীনা আহমেদ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, ‘আমিই প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি ফিলাডেলফিয়ার মেয়রের নির্বাহী পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। ২৫ বছরের বেশি সময় ধরে আমি এই অঙ্গরাজ্যের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছি।’

এই পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেতে হলে নীনা আহমেদকে বাছাইপর্বে আরও পাঁচজন প্রার্থীর বিরুদ্ধে লড়তে হবে। তাঁদের অন্যতম বর্তমান সহকারী গভর্নর মাইক স্ট্যাক। অধস্তন কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে গভর্নর টম উলফ তাঁর ওপর বিরক্ত। নীনা বললেন, ‘একের পর এক কেলেঙ্কারির কারণে মাইক স্ট্যাকের সমর্থন এখন তলানিতে।’

নীনার প্রার্থিতা ঘোষণার প্রতিক্রিয়ায় মাইক স্ট্যাক বলেন, ‘নীনা অনভিজ্ঞ। কোনো ব্যাপারেই তাঁর সাফল্য নেই।’ জানতে চাইলে নীনা বলেন, ‘আমার ২৫ বছরের রাজনৈতিক জীবন। এর বাইরে বিজ্ঞানী হিসেবে আমার খ্যাতি আছে। নারী অধিকার রক্ষায় আমার অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেনের সভাপতি নির্বাচিত হয়েছিলাম।’ ডেপুটি মেয়র হিসেবে মানুষের অধিকার সংরক্ষণে তিনি ভূমিকা রেখেছেন বলে জানালেন।

নির্বাচিত হলে নীনা আহমেদ হবেন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম বাংলাদেশি-আমেরিকান সহকারী গভর্নর। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জনের পর মলিকুলার বায়োলজিস্ট হিসেবে গবেষণা করেছেন। নির্বাচিত হলে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ধারার প্রতিনিধিত্ব করবেন এবং অধিকারহীন মানুষের হয়ে কথা বলবেন-সেই আশ্বাস দিলেন।

পেনসিলভানিয়ার নির্বাচনী আইন অনুসারে গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর পদের জন্য বাছাইপর্বে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। বর্তমান গভর্নর উলফের বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টি থেকে আর প্রার্থী না থাকায় তাঁকে প্রাথমিক নির্বাচনের সম্মুখীন হতে হবে না। নীনা আহমেদ বলেন, তিনি গভর্নর উলফের প্রগতিশীল অ্যাজেন্ডার সমর্থক।