পেনসিলের জন্মোৎসব শুরু হল কানাডায়

কানাডায় ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল পেনসিলের জন্মোৎসব। কানাডা থেকেই শুরু হল জন্মোৎসব। পেনসিল কানাডার এবারের আয়োজনটুকু ছিল একেবারেই ঘরোয়া। ঠিক যেমন করে ঘরের কারওর জন্মদিনে আমরা কেক কাটি, খাইদাই, আড্ডা দিই সেই সবই ছিল আমাদের আজকের আয়োজনে।
‘পেনসিল’...ফেসবুকভিত্তিক সৃজনশীল একটি গ্রুপ, যার জন্ম হয়েছিল ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর। একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর দেখা ইচ্ছে-স্বপ্ন আজ প্রতিটি পিলারের চোখে। পেনসিলের প্রতিজন সদস্য ‘পেনসিলর’ হিসেবে পরিচিত বিশ্বজুড়ে। একটি অনলাইনভিত্তিক গ্রুপের এত শক্তি, এত ভালোবাসা যে আজ পৃথিবীর প্রতিটি কোনায় পিলারের জন্ম দিচ্ছে।
‘পেনসিল’, আমাদের প্রত্যেকের কাছে ভালোবাসার একটি নাম। এই এক গ্রুপে মিলেমিশে আছে লেখক, কবি, চিত্রশিল্পী, আবৃত্তিশিল্পী, আলোকচিত্রী, গায়ক/গায়িকাসহ আরও অনেক সৃষ্টিশীল মানুষেরা। প্রযুক্তিবিদ্যা কত সহজে এত এত মানুষকে নিয়ে এসেছে এক ছাদের নিচে।
ফেসবুকভিত্তিক গ্রুপ ‘পেনসিল’ এখন প্রায় ১ লাখ ৭৫ হাজার সদস্যের পরিবার। অনলাইন থেকে শুরু করে এখন বাংলাদেশ সরকারের যথাযথ সংস্থার অনুমোদন নিয়ে পেনসিল ফাউন্ডেশন নামে অফলাইনেও কাজ শুরু করেছে। বিশ্বেজুড়ে ছড়িয়ে থাকা পেনসিলের সদস্যরা এখন দেশভিত্তিক পেনসিলর হিসেবে অনলাইন থেকে অফলাইনে নানাবিধ উদ্যোগ হাতে নিচ্ছে। ছোট ছোট আড্ডা থেকে, আয়োজন হয়েছে বর্ষপূর্তি, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সামনে থাকছে আরও নানাবিধ উদ্যোগ।
সেপ্টেম্বর মাসজুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ভিন্ন ভিন্ন আমেজে চলবে পেনসিলের বর্ষপূর্তি উৎসব। এই এক মাস পেনসিলকে ঘিরে চলবে ভালোবাসার তাণ্ডব। তাই এর শুরুতে পেনসিল কানাডার পক্ষ থেকে ছিল দারুণ কিছু চমক। পুরো আয়োজনকে আরও মহিমান্বিত করতে, পেনসিলকে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি, শ্রদ্ধেয় আসাদ চৌধুরী, আরও ছিলেন ভাষা সৈনিক শ্রদ্ধেয় শামসুল হুদা। এই শুভক্ষণে পেনসিল কানাডা পরিবার আজ সত্যিই ভীষণভাবে গর্বিত হয়েছিল এমন দুই গুণী ব্যক্তিকে কাছে পেয়ে। এ ছাড়া আমাদের মাঝে ছিলেন সবার প্রিয়, সবার খুব চেনা মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ। যিনি নিজেকে একজন পেনসিলর পরিচয় দিয়ে গর্বিত করেছেন আমাদের।
অনুষ্ঠানের শুরুতে ফুলের তোড়া আর উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয় কবি আসাদ চৌধুরী ও শামসুল হুদাকে। উত্তরীয় পরিয়ে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ হাবিবুল্লাহ। এরপর কবির হাতে পেনসিলের জন্মদিবস উপলক্ষে সম্মাননা স্মারক তুলে দেন ভাষাসৈনিক শামসুল হুদা। পুরো পর্বটি সঞ্চালনা করেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ। কবি ও ভাষাসৈনিক—দুজনের মূল্যবান বক্তব্যের পর ছিল কবির নিজের একটি আবৃত্তি।

ছোট্ট ঋদ্ধি আর সুহায়লা আরিয়ার আবৃত্তি ছিল মুগ্ধ করার মতো। ছিল গান, দেশের গান আর হারানো দিনের আধুনিক গান শুনিয়ে আনমনা করে দিয়েছিল মুক্তি। এ ছাড়া আবৃত্তি করেন মেহরাব রহমান। আরও ছিল কেক কাটা, ছোট ছোট আড্ডা, গল্প আর খাওয়া–দাওয়া। ছিল পেনসিলের লেখকদের লেখা পেনসিল প্রকাশনীর বুক কর্নার, ছিল কানাডা পেনসিলদের উদ্যোগে নিজেদের তৈরি খাবারের কর্নার। যা থেকে প্রাপ্ত পুরো অর্থটুকু যাবে রাজশাহীর প্রত্যন্ত এলাকার কিছু ছেলেমেয়েদের লেখাপড়ার বইপত্রে।
অনুষ্ঠানে টরন্টো ছাড়াও মিসিসাগা, হ্যামিলটন থেকেও উপস্থিত ছিলেন অনেক পেনসিলর। শুধুই পেনসিলকে ভালোবাসার টানে। এই আনন্দ আয়োজনে, আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত ছিলেন টরন্টোর অনেকেই, এসেছিলেন সাংস্কৃতিক অঙ্গনের অনেক প্রিয়মুখ। সবাইকে নিয়ে আমরা খুব সুন্দর এক আয়োজনের মধ্য দিয়ে শুরু করে দিলাম এবারের পেনসিল বর্ষপূর্তি।
পেনসিল কানাডার এই আয়োজনের পেছনে বিগত কয়েক দিন থেকে অক্লান্ত খেটে অনুষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন তৌহিদা হানফি মাহমুদ, হোসনে আরা জেমী ও তৌহিদুল ওয়াহিদ। কাজ করেছেন দেলোয়ার এলাহী, ছবিয়াল বিদ্যুৎ সরকার, মৌ মধুবন্তী, প্রতিমা সরকার, রিজভী, ফেরদৌস, জামিল বিন খলিল।
পেনসিলের অনুষ্ঠানকে সম্মৃদ্ধ করেছেন আসমা আহমেদ, জেমী, মুক্তি, তৌহিদা আপু, তৌহিদ ভাই ও সোমা। ১২ থেকে ২০ সেপ্টেম্বর ঢাকার শিল্পকলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সবচেয়ে দীর্ঘ আর চমকপ্রদ বর্ষপূর্তির আয়োজন। পেনসিলে লিখুন, পেনসিলে থাকুন, পেনসিলকে ভালোবাসুন। বিজ্ঞপ্তি।