পেন্টাগন ও বাইডেন টিমের দ্বন্দ্ব প্রকাশ্যে
যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফল এখনো মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দনও জানাননি। নির্বাচনের অনেক দিন পর বাইডেনের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলেও তাতে নানা প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে সংবাদমাধ্যমে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন ও বাইডেনের ক্ষমতা হস্তান্তর দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বাইডেনের পক্ষ চাইছে, ক্ষমতা হস্তান্তর আলোচনা নিরবচ্ছিন্নভাবে চলুক। কিন্তু পেন্টাগন দুই সপ্তাহ বিরতি নিতে চায় আলোচনায়। আর সেখানেই মতভেদ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, বাইডেনের ক্ষমতা হস্তান্তর টিমের নির্বাহী পরিচালক ইয়োহানেস আব্রাহাম গত শুক্রবার সাংবাদিকদের জানান, আলোচনায় দুই সপ্তাহ বিরতি নিতে রাজি নন তাঁরা। এ বিষয়ে পারস্পরিক সমঝোতা হয়নি। তিনি আরও বলেন, ‘আসলে আমরা মনে করি, হাতে বেশি সময় না থাকায় বিফ্রিং এবং অন্যান্য কাজ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।’
আসলে আমরা মনে করি, হাতে বেশি সময় না থাকায় বিফ্রিং এবং অন্যান্য কাজ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।ইয়োহানেস আব্রাহাম, নির্বাহী পরিচালক, বাইডেনের ক্ষমতা হস্তান্তর টিম
কিন্তু ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার চাইছেন একটা ‘হলিডে ব্রেক’ (বড়দিন উপলক্ষে দুই সপ্তাহের বিরতি)। তিনি বলেন, পেন্টাগনে ক্ষমতা হস্তান্তর টিমের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের দু্ই সপ্তাহ বিরতিতে রাজি হয়েছে বাইডেনের টিম। দুই পক্ষের এই বিপরীতমুখী বক্তব্যে পেন্টাগন ও বাইডেনের টিমের মধ্যকার দ্বন্দ্ব শুক্রবার আরও একবার জনসমক্ষে প্রকাশ পেল।
মিলার আরও জানান, বাইডেন টিমের সঙ্গে বেশ কিছু বৈঠক স্থগিত করেছে পেন্টাগন। পূর্বনির্ধারিত এই বৈঠকগুলো শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি বলেন, ছুটিজনিত বিরতির পর এসব বৈঠক আবার অনুষ্ঠিত হবে।
পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ১ জানুয়ারির পর থেকে প্রায় ৪০টি সাক্ষাৎকারের সূচি পুনরায় নির্ধারণ করতে কাজ করছে পেন্টাগন। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, পরবর্তী দুই সপ্তাহে বৈঠকের পরিকল্পনা খুব কমই রয়েছে। আগামী সপ্তাহে মাত্র ছয়টি ব্রিফিং নির্ধারণ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ব্রিফিংয়ে এই বিলম্বের খবর বাইডেন টিম জানতে পারে গত বৃহস্পতিবার। সংবাদ ব্রিফিংয়ে আব্রাহাম বলেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য বৈঠক পুনরায় শুরু করতে পেন্টাগনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শিগগিরই বৈঠক আবারও শুরু হবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, ‘যখন বৈঠক শুরু হবে, তখন গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় হবে। আমাদের আশা, এটা শিগগিরই ঘটবে।’
পেন্টাগনের গুরুত্বপূর্ণ ব্রিফিং স্থগিত জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও বলে সতর্ক করেছেন আব্রাহাম। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে ব্যর্থ হলে তার ফল হবে ভয়াবহ।
চলতি মাসের প্রথম দিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাইডেনের টিম ও প্রতিরক্ষা দপ্তরের মধ্যে সমন্বয় বৈঠকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দপ্তরটি। তখন বাইডেনের টিমকে দোষারোপ করা হয় যে বৈঠকের সূচি নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় রাজি নয় তারা।