পেন্স-কমলা বিতর্কে ট্রাম্পের করোনা ও আয়কর প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক পেন্স ও কমলা হ্যারিস

রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস নির্বাচনের ২৭ দিন আগে বুধবার রাতে ১২ ফুট দূরত্বে বসে বিতর্ক করলেও তাঁদের রাজনৈতিক অবস্থানের দূরত্ব হাজার মাইলের বলেই মনে হয়েছে। করোনাভাইরাস মোকাবিলার প্রশ্ন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় বর্ণগত বৈষম্য, দেশে বর্ণবাদ, প্রেসিডেন্টের স্বাস্থ্য ও করবিষয়ক স্বচ্ছতা, নারীদের প্রজনন অধিকার এবং জলবায়ু পরিবর্তন নিয়ে দুটি সম্পূর্ণ বিপরীত অবস্থানের ছবিই উঠে এসেছে। শুধু তাই নয়, নির্বাচনে পরাজিত হলে ও প্রেসিডেন্ট ট্রাম্প সেই ফল মানতে অস্বীকার করলে তিনি ব্যক্তিগতভাবে কী করবেন, এমন এক প্রশ্নে পেন্স সরাসরি কোনো জবাব দেননি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই তিনিও কোনো রকম অঙ্গীকার করলেন না।

৯০ মিনিটের এ বিতর্কে সঞ্চালক ইউএসএ টুডের সাংবাদিক সুসান পেজের করা অনেক প্রশ্নই দুই প্রার্থী এড়িয়ে গেছেন। তবে বিচারব্যবস্থায় এবং দেশে কাঠামোগত বর্ণবাদের উপস্থিতি আছে, এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে মাইক পেন্স এ ধারণার কেবল বিরোধিতাই করেননি উপরন্তু এর জন্য জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিযুক্ত করেছেন। এ দুজনের অবস্থান পুলিশের বিরুদ্ধে—এমনটি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তিনি। বিপরীতে হ্যারিস স্পষ্ট করেই বলেছেন, তিনি মনে করেন যে এ ধরনের বৈষম্য আছে এবং পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ব্রিয়ানা টেইলরের পরিবার সুবিচার পায়নি। প্রাসঙ্গিকভাবে তিনি পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার উল্লেখ করে তাঁর তীব্র নিন্দা করেন। পুলিশি নির্যাতন এবং বর্ণবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পেন্সের এ বক্তব্য কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালঘুদের আশ্বস্ত করবে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাস সংক্রমণ এবং তাঁর স্বাস্থ্য বিষয়ে হোয়াইট হাউসের দেওয়া তথ্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ে সবার জানার অধিকার আছে কি না, এ রকম প্রশ্নের উত্তর পেন্স এড়িয়ে গেছেন। অন্যদিকে কমলা হ্যারিস প্রেসিডেন্ট ট্রাম্পের মাত্র ৭৫০ ডলার ট্যাক্স দেওয়া এবং ৪০০ মিলিয়ন ডলার ঋণের প্রসঙ্গ তুলে ধরেন। এগুলো স্বচ্ছতার বিষয়ে দুই দলের মধ্যে পার্থক্যকেই তুলে ধরেছে।

মাইক পেন্স একাধিকবার তাঁর জন্য নির্ধারিত সময়ের বেশি সময় কথা বলেন এবং সঞ্চালককে অনেকবারই তাঁকে থামানোর জন্য চেষ্টা করতে হয়েছে। পেন্স অন্তত ১৬ বার হ্যারিসের কথা বলার সময়ে তাঁকে বাধা দেন, একাধিকবার হ্যারিস বলেন, ‘মিস্টার ভাইস প্রেসিডেন্ট, আমি কথা বলছি।’ কমলা হ্যারিস ৯ বার পেন্সের কথায় বাধা দেন। সুসান পেজের অনুরোধ উপেক্ষা করে কথা বলা এবং হ্যারিসের কথায় বাধা দিয়ে নিজে কথা বলার বিষয়টি বিতর্কের পরে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জেন্ডারের পার্থক্য পেন্সের এ আচরণের কারণ কি না, সেটা এখন গুরুত্ব পাচ্ছে এ কারণে যে নারী ভোটারদের মধ্যে প্রেসিডেন্টের সমর্থন হ্রাস পাচ্ছে। এ অবস্থায় এ আচরণ ট্রাম্পের জন্য ক্ষতিকর হবে বলে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন।

কমলা হ্যারিসের দায়িত্ব ছিল করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাকে আলোচনার কেন্দ্রে রাখা এবং এ জন্য প্রেসিডেন্টের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও সিদ্ধান্তহীনতাকে দায়ী করা। একই সঙ্গে এটা দেখানো যে প্রয়োজন হলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুত আছেন। দুই প্রেসিডেন্ট প্রার্থীর বয়স ৭৫-এর বেশি হওয়ার কারণে প্রশ্নটি বারবার নির্বাচনী প্রচারণায় উঠে আসছে। নির্বাচনী প্রচারণার গোড়া থেকে করোনাভাইরাস আলোচনায় না থাকুক ট্রাম্প-পেন্স তা না চাইলেও মঞ্চে দুই প্রার্থীকে ঘিরে থাকা প্লেক্সিগ্লাসের দেয়াল করোনাভাইরাসের উপস্থিতিকেই মনে করিয়ে দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট পেন্স প্রশাসনের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান, ফলে এ বিষয় তাঁর পক্ষে এড়ানো সম্ভব ছিল না; কিন্তু তিনি প্রশাসনের পক্ষে শক্তিশালী যুক্তি দিতে পারেননি। কমলা হ্যারিস এটি বিতর্কের কেন্দ্রে রাখতে এবং তাঁর যোগ্যতা নিয়ে সংশয়ের অবসান ঘটাতে সক্ষম হয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যকার বিতর্ককে অতীতে কেবল আনুষ্ঠানিকতা বলে মনে করা হলেও এবারের বিতর্কে প্রথম কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের অংশগ্রহণের কারণে এটি ছিল ঐতিহাসিক। তা ছাড়া দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন আর বিতর্কে মুখোমুখি হবেন কি না, এ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার কারণে অনেকেই এ বিতর্কের দিকে নজর রাখছিলেন। অনিশ্চয়তার উৎস হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও কোনো ধরনের নিষেধাজ্ঞা মানতে ট্রাম্পের অস্বীকৃতি, মাস্ক না পরা, পেশাগত জীবনে তাঁর ঘনিষ্ঠ কমপক্ষে আটজনের আক্রান্ত হওয়ার ঘটনা এবং হোয়াইট হাউসের অনেক কর্মচারীর ভাইরাস সংক্রমণ। বুধবারই জো বাইডেন বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যদি কোভিড থাকে তবে তিনি মনে করেন না যে তাঁদের বিতর্ক অনুষ্ঠান করা ঠিক হবে। তাঁদের পরের বিতর্ক হওয়ার কথা ১৫ অক্টোবর। অসুস্থতা সত্ত্বেও বুধবার ট্রাম্প তাঁর সরকারি কার্যালয় হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে গেছেন এবং নিজেকে সুস্থ বলেই দেখাতে চাইছেন।

ট্রাম্প-বাইডেন বিতর্কে ট্রাম্পের আচরণ ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পরে পেন্সের ওপরেই এ দায়িত্ব বর্তেছিল তাঁদের শিবিরের ক্রমবর্ধমান ক্ষতি কমানো। ট্রাম্প-পেন্স জুটি জাতীয় জনমত জরিপগুলোতে কমপক্ষে ৯ পয়েন্টে পিছিয়ে আছে, সিএনএনের জরিপে পার্থক্য ১৬ পয়েন্টের। তা ছাড়া ছয়টি প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্য, যেগুলো ট্রাম্প ২০১৬ সালে জিতেছিলেন তার সব কটিতেই বাইডেন এগিয়ে আছেন। এগুলো হচ্ছে ফ্লোরিডা, পেনসিলভানিয়া, আইওয়া, উইসকনসিন, নেভাডা ও আইওয়া। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ট্রাম্প ভোটারদের সহানুভূতি পাবেন বলে যদি রিপাবলিকান পার্টি আশা করে থাকে, তবে সাম্প্রতিক জরিপগুলো তার ইঙ্গিত দেয় না বরং তাঁর প্রতি সমর্থন হ্রাসেরই লক্ষণ দেখা গেছে। এ পটভূমিতে পেন্স রিপাবলিকানদের আশ্বস্ত করতে পেরেছেন। কিন্তু তা ট্রাম্প-পেন্সের জন্য যথেষ্ট হবে বলে মনে হয় না। অন্যদিকে এ বিতর্কের পরে ডেমোক্র্যাট শিবিরের প্রতি সমর্থন বৃদ্ধি না হলেও বাইডেন-হ্যারিসের জন্য তা উদ্বেগের বিষয় নয়।


আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো