পেন্স চাইলে কি বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকানো যেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স
ফাইল ছবি: রয়টার্স

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জয় ঠেকিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আদালতে গিয়েছিলেন। সেখানে ব্যর্থ হয়ে তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ট্রাম্প দাবি করেছিলেন, পেন্স চাইলে বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকিয়ে দিতে পারতেন। তাঁর এ অধিকার ছিল।

এ নিয়ে অবশেষ মুখ খুললেন পেন্স। তিনি বলেছেন, ট্রাম্পের এ ধারণা ভুল ছিল।
গতকাল শুক্রবার ফ্লোরিডার ফেডারেলিস্ট সোসাইটির নামের ডানপন্থীদের একটি আইনি সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য দেন পেন্স। এতে তিনি বলেন, ‘নির্বাচনের ফল বদলে দেওয়ার ক্ষমতা আমার নেই।’

পেন্স বলেন, ‘এই প্রেসিডেন্সি জনগণের, এটা শুধুই যুক্তরাষ্ট্রের জনগণের। সত্যি বলতে, এখনো কোনো প্রথা নেই যে একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন।’

সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘নির্বাচন নিয়ে হতাশার ব্যাপারটা বুঝতে পারি। আমি তখন মুখ্য ভূমিকায় ছিলাম। আমি জানি, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছিলাম।’ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামসের উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, ‘দায়িত্ব আমাদের, ফলাফল ঈশ্বরের হাতে।’

এদিকে পেন্সের এ বক্তব্যের পর ট্রাম্পের মন্তব্য এখনো জানা যায়নি। এ ছাড়া ট্রাম্পের মুখপাত্রও এখনো কোনো মন্তব্য করেননি।

এ ছাড়া ২০২৪ সালের নির্বাচন নিয়েও কথা বলেছেন পেন্স। তিনি বলেন, ‘২০২৪ সালে আমরা যখন জয়লাভ করব, তখনো সেই ফল বদলে দেওয়া অধিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের থাকবে না।’