পোষা প্রাণী ছাড়াই হোয়াইট হাউসে যাবেন ট্রাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার ঘরে অন্তত আজ পর্যন্ত কোনো প্রাণী রাখেনি। তাই ২০ জানুয়ারি তিনি সম্ভবত এ রকম কোনো প্রাণী সঙ্গে না নিয়েই হোয়াইট হাউসে যাবেন। আর সেটা দেশটির ইতিহাসে একটা নজির হয়ে থাকবে। কারণ, গত দেড় শ বছরে সব প্রেসিডেন্ট পরিবারই কোনো না কোনো পোষা প্রাণী নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিল।

প্রেসিডেনশিয়াল পেট মিউজিয়াম নামের একটি প্রতিষ্ঠানই আছে যুক্তরাষ্ট্রে। এটা বেসরকারি অর্থায়নে চলে, হোয়াইট হাউস বা মার্কিন কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই। এই বিশেষ জাদুঘরে বিভিন্ন মূর্তি, বইপত্র, ছবি ও শিল্পকর্ম (যেমন: একটি ঘণ্টা) রাখা আছে। বলা হয়, ঘণ্টাটি নাকি সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম টাফটের দুধেল গাইয়ের গলায় বাঁধা থাকত।

জাদুঘরটির প্রতিষ্ঠাতা ক্লেয়ার ম্যাকলিন বলেন, এবার প্রেসিডেন্টের পোষা প্রাণীর ইতিহাসে ব্যতিক্রমী কিছু ঘটতে যাচ্ছে। প্রথম যে পরিবারটি পোষা প্রাণী নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিল, তাদের দেখে লোকজন সহজে আপন করে নিতে পেরেছিল।

ম্যাকলিন ইঙ্গিত করেছেন, ট্রাম্পের জন্য হোয়াইট হাউস গোল্ডেনডুডল কুকুর পোষার পরিকল্পনা করেছিল। তবে সেটা বাতিল হয়ে গেছে।

জাদুঘরের আরেক কর্মী ডেভ বেকার মনে করেন, চারপেয়ে কোনো জন্তু ছাড়া হোয়াইট হাউসের চিত্রটা বিরল হবে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের ১ নম্বর পরিবারটিতে প্রায় সব সময়ই পোষা জন্তু থাকে। বারাক ওবামার পরিবার বো ও সানি নামের দুটি কুকুর পোষে। এরা দেশের অনেক মানুষের মন জয় করতে পেরেছে। ওবামা পরিবার হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় খুব স্বাভাবিকভাবেই কুকুর দুটিকেও নিয়ে যাবে।

জর্জ ডব্লিউ বুশের একটি স্কটিশ টেরিয়ার কুকুর ছিল, যার নাম বার্নি বুশ। আর ক্লিনটন পরিবারে বাডি নামের একটি কুকুর এবং সকস নামের বিড়াল ছিল। যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট একটি গাভি পুষতেন।