পোপ ফ্রান্সিসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস। ছবি: এএফপি
পোপ ফ্রান্সিস। ছবি: এএফপি

পোপ ফ্রান্সিসকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তাঁর আগমন ঘিরে দেশটির নগরগুলো জেগে উঠেছে। বিরাজ করছে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে পোপের অপেক্ষায় লাখো মানুষ।
পোপ এখন কিউবায় আছেন। কাল মঙ্গলবার ওয়াশিংটনের উদ্দেশে হাভানা ছাড়বেন তিনি। কিউবার মতো যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো যাচ্ছেন পোপ। যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাবেন পোপ। বেশ কয়েকটি ধর্মসভায় যোগ দেবেন তিনি। তাঁর এই সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দর থেকে রাজপথ-জনপদ—সর্বত্র কড়া নিরাপত্তাবলয়। প্রতিদিন সংবাদ সম্মেলন করে নাগরিকদের জানিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার কথা।
ভক্ত-অনুসারী ছাড়াও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে পোপের সফর নিয়ে চলছে উৎসাহ-উদ্দীপনা। ওয়াশিংটন থেকে নিউইয়র্ক পর্যন্ত লাখো মানুষ তাঁর অপেক্ষায়। তাঁকে একনজর দেখার জন্য বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নিউইয়র্ক, ফিলাডেলফিয়ায় ছুটে এসেছেন লোকজন। পোপের গণপ্রার্থনায় যোগদানের টিকিট সংগ্রহের জন্য তাঁদের হন্যে হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।
সফরকালে ওয়াশিংটনে ওবামার সঙ্গে একান্ত বৈঠক করবেন পোপ। হোয়াইট হাউসে এ বৈঠক হবে। এরপর বাছাই করা ২৫ হাজার লোকের এক বিশেষ প্রার্থনায় যোগ দেবেন পোপ। যুক্তরাষ্ট্রে এবারই প্রথম ক্যানোনাইজাশন ম্যাস নামের ওই বিশেষ প্রার্থনা হতে যাচ্ছে। প্রার্থনাটি পরিচালনা করবেন পোপ।
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেবেন পোপ ফ্রান্সিস। সাধারণত তিনি স্প্যানিশ ভাষায় বক্তৃতা দেন। তবে কংগ্রেসের যৌথ অধিবেশনে ইংরেজিতে বক্তব্য দেবেন। তাঁর এই বক্তব্য রেডিও, টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। একই দিন বিকেলে পোপ ফ্রান্সিস নিউইয়র্কে যাবেন।
শুক্রবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ভাষণ দেবেন পোপ।
নিউইয়র্কে পোপের দুটি কর্মসূচি নিয়ে চলছে মহা আয়োজন। ৮০ হাজার অনুসারী নিয়ে পোপ সেন্ট্রাল পার্কে শোভাযাত্রা করবেন। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ রীতিমতো লটারি করে শোভাযাত্রায় যোগদানকারীদের প্রবেশপত্র দিয়েছে। সেন্ট্রাল পার্কে পোপের সঙ্গে পুণ্য শোভাযাত্রায় যোগদানকারীদের অন্তত ছয় ঘণ্টা আগে নিরাপত্তা তল্লাশির জন্য পূর্বনির্ধারিত প্রবেশপথে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোপ তাঁর নিউইয়র্ক সফরের সময় নাইন-ইলেভেন মেমোরিয়াল পরিদর্শনের জন্য গ্রাউন্ড জিরো এলাকায় যাবেন। নিউইয়র্কে সবচেয়ে বড় প্রার্থনাসভা হবে শুক্রবার সন্ধ্যায় মেডিসন স্কয়ার গার্ডেনে। লটারি করে বাছাই করা প্রায় ২০ হাজার ক্যাথলিক অনুসারী ওই প্রার্থনাসভায় যোগ দেবেন। অভিবাসী দিনমজুরদের হাতে তৈরি চেয়ারে বসে পোপ এ প্রার্থনাসভাটি পরিচালনা করবেন।
পেনসিলভানিয়ার ঐতিহাসিক ফিলাডেলফিয়ায় শনি ও রোববার থাকবেন পোপ। তিনি ইনডিপেনডেন্স মল পরিদর্শন করবেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পার্কওয়েতে ক্যাথলিক পরিবারের সমাবেশে যোগ দেবেন। আশীর্বাদ করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া ক্যাথলিক পরিবারকে।
পোপ তাঁর এই সফরে ধর্ম ছাড়াও সমসাময়িক বৈশ্বিক সমস্যা নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।