পোপের ছয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ
অভিবাসীদের প্রতি শ্রদ্ধা, বিশ্বপরিবেশের সুরক্ষা এবং সম্পদের অংশ অন্যদের দেওয়ার আহ্বান জানিয়ে ছয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করলেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। যুক্তরাষ্ট্র সফরের সময় পোপ বারবারই ‘দেশটিতে আসা নতুনদের’ প্রতি কোনো ধরনের উপেক্ষা প্রদর্শন না করার আহ্বান জানান। খবর রয়টার্সের।
সফরের শেষ দিন গত শনিবার পোপ ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলে বক্তব্য দেন। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যেখান থেকে তাঁর গেটিসবুর্গ ভাষণ দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়েই বক্তব্য দেন দক্ষিণ আমেরিকার প্রথম পোপ। মার্কিন অভিবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন এই দেশের জন্য আপনারা অনেক উপহার নিয়ে আসেন। আপনাদের প্রথা বা রীতিনীতি নিয়ে কখনোই লজ্জিত হবেন না।’
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বক্তৃতায় পোপ নিজেকে অভিবাসীর সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর পরিবার ইতালি থেকে আর্জেন্টিনা গিয়েছিল বলে জানান পোপ। অভিবাসী ও শরণার্থীদের বিষয়ে পোপের অবস্থান অকুণ্ঠ প্রশংসা পেয়েছে অভিবাসীদের পক্ষ থেকে। এদেরই একজন ব্রাজিলের অভিবাসী জিসেল হারকাম বলেন, ‘পোপ এখানে ভোটের জন্য আসেননি। আমাদের কী করা উচিত তাই তিনি জানিয়েছেন। এখন যা চলছে তা মোটেই কাঙ্ক্ষিত নয়।’