পোর্টল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর গতকাল শনিবার চড়াও হয়েছে পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত সাংবাদিকদেরও জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার তুলনামূলক শান্তিপূর্ণ একটি মিছিল বের করে ‘প্রাউড বয়েজ’ নামের একটি ডানপন্থী সংগঠন। একই সময়ে চলছিল ফ্যাসিবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর বিক্ষোভ কর্মসূচি। এ সময় পুলিশ বিক্ষোভকারী ও কর্তব্যরত আলোকচিত্রীদের লাঠিপেটা করে এবং তাদের পোর্টল্যান্ডের ফেডারেল কোর্ট হাউসের দিকে সরিয়ে দেয়।
এ সম্পর্কিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশ তাদের মধ্য থেকে কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করলে অন্যরা এতে বাধা দেয়। এতে হাতাহাতির ঘটনা ঘটে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে পাথরসহ বিভিন্ন জিনিস ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। এ জন্য পুলিশ এই ঘটনাকে ‘রায়ট’ হিসেবে আখ্যা দিয়েছে।
এ বিষয়ে পোর্টল্যান্ড পুলিশের মুখপাত্র কেভিন অ্যালেন রয়টার্সকে বলেন, নাগরিক অধিকারের সুরক্ষার বিষয়ে পোর্টল্যান্ড পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। (পুলিশ) কর্মকর্তাদের দিক থেকে যেকোনো ধরনের বলপ্রয়োগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহর গত চার মাস ধরেই উত্তাল। পুলিশের নির্যাতন ও বর্ণবাদের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন সহিংস হয়ে ওঠে বেশ আগে। পোর্টল্যান্ডে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ডানপন্থীদের সংঘর্ষের ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
শনিবার কালো-হলুদ পোলো শার্ট ও বর্ম পরিহিত ডানপন্থী সংগঠন প্রাউড বয়েজের হাজারখানেক সদস্য রাস্তায় নেমে আসে। তারা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের ‘ঘরের সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এই ‘সন্ত্রাস’ নির্মূলের লক্ষ্য নিয়ে রাস্তায় নামে। তাদেরই একজন হ্যালি অ্যাডামস রয়টার্সকে বলেন, ‘আমাদের পথে-ঘাটে তারা ১২০ দিন ধরে এই হত্যা, লুণ্ঠন ও দাঙ্গা হতে দিয়েছে। আমরা এসব দেখে দেখে ক্লান্ত। আর এ জন্যই আজ আমরা বেরিয়ে এসেছি।’
প্রাউড বয়েজ যদিও ১০ হাজার লোকের জমায়েত করার ঘোষণা দিয়েছিল, কিন্তু শনিবার এক হাজারের বেশি জমায়েত তারা ঘটাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিক্ষোভস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে চারজনের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছে পুলিশ। তবে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পরে জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে ওরেগনের গভর্নর কেট ব্রাউন পোর্টল্যান্ডে আজ রোববার জরুরি অবস্থা ঘোষণা করেন। নগর ও অঙ্গরাজ্যের নেতৃবৃন্দ কমিউনিটি বরাবর পাঠানো এক চিঠিতে বলেন, বাইরের অঞ্চল থেকে পোর্টল্যান্ডে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা প্রবেশ করছে। তার এই অঞ্চলে একটি অস্থিতিশীলতা তৈরি করতে চায়।