পোষা কুকুর-বিড়ালের জন্য প্রণোদনার প্রস্তাব
নিউইয়র্কে গৃহপালিত কুকুর-বিড়ালের জন্য প্রণোদনা প্রদানের প্রস্তাব করেছেন রিপাবলিকান দল থেকে মেয়র প্রার্থী কার্টিস সিলোয়া। ২৬ জুলাই তিনি নগরের গৃহপালিত পশুদের কল্যাণে এক হাজার ডলার করে অনুদান প্রদানের এই দাবি জানিয়েছেন।
‘পেট স্ন্যাপ কার্ড’ নামে অনেকটা নাগরিকদের দেওয়া ফুড স্ট্যাম্পের আদলে এক হাজার ডলার করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে নিউইয়র্কের পোষা প্রাণী প্রেমীরা। কার্টিস সিলোয়া বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে অর্থনৈতিক বিপর্যয়ে থাকা নিউইয়র্কের লোকজনকে এক বছরের বেশি সময় ঘরেই কাটাতে হয়েছে। এ সময় পোষা কুকুর ও বিড়াল ছিল তাদের সঙ্গী।
নিজেদের অর্থনৈতিক সমস্যা মোকাবিলার জন্য সরকারের পক্ষ থকে নানা প্রণোদনা দেওয়া হচ্ছে। খাদ্য ও চিকিৎসা সুবিধাও দেওয়া হচ্ছে। পোষা প্রাণীর জন্য এমন আলাদা কোনো প্রণোদনা বা সহযোগিতা না থাকায় বহু পোষা প্রাণীকে এখন যত্রতত্র আশ্রয় নিতে হচ্ছে।
এসব সমস্যা মোকাবিলার জন্য পোষা প্রাণীর জন্য এক হাজার ডলারের আর্থিক সুবিধা কার্ড দেওয়ার প্রস্তাব করেছেন কার্টিস সিলোয়া। এ কর্মসূচি পরিচালনার জন্য নিউইয়র্কে বছরে ৩ দশমিক ২ মিলিয়ন ডলার ব্যয় হবে। নিউইয়র্ক রাজ্যের বাজেটে পশু সেবা এবং নিয়ন্ত্রণ বিভাগের ২৩ মিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ থেকে ‘পেট স্ন্যাপ কার্ড’ প্রদানের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব গ্রহণ করা হলে হাজারো গৃহপালিত পশুর জীবন রক্ষা হবে বলে তিনি বলেছেন।