প্যারাস্যুট ছাড়াই ২৫ হাজার ফুট ওপর থেকে লাফ!
প্যারাস্যুট ছাড়াই ২৫ হাজার ফুট (৭,৬২০ মিটার) ওপর থেকে লাফ দিয়েছেন মার্কিন স্কাইডাইভার লুক আইকিনস। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এ ধরনের দুঃসাহসিক কাজ করলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদেই নিচে রাখা জালে অবতরণ করেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে গতকাল শনিবার দুঃসাহসিক এ কাজটি করেন লুক। ২৫ হাজার ফুট ওপর থেকে লাফ দেওয়ার পর দুই মিনিটব্যাপী তাঁর পতনের দৃশ্যটি সরাসরি সম্প্রচার করে ফক্স টেলিভিশন। ৪২ বছর বয়সী লুক লাফ দেওয়ার পর ঘণ্টায় ১২০ মাইল বা ১৯৩ কিলোমিটার গতিতে নিচে নামেন। তাঁর পতনের জন্য নিচে বিছানো ছিল ১০ হাজার বর্গফুটের জাল। সেখানেই নিরাপদেই পড়েছেন তিনি। জালে পড়ার পরই লুক উচ্ছ্বসিত হয়ে উঠে দাঁড়ান, কিছুক্ষণের মধ্যে তাঁর স্ত্রী ও ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। লুকের ঝুলিতে এ পর্যন্ত ১৮ হাজারের বেশি লাফ দেওয়ার রেকর্ড রয়েছে।
শনিবার লাফ দেওয়ার পর লুক বলেন, ‘এটা অবিশ্বাস্য! এটা ঘটেছে! আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।’ তবে লাফ দেওয়ার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন বলে জানান। লুক জানান, নিরাপত্তার জন্য তাঁকে একটি প্যারাস্যুট নেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি লাফ দেওয়ার সিদ্ধান্তই বাতিল করতে চেয়েছিলেন। কারণ, এই অতিরিক্ত ওজনের জন্য তাঁর অবতরণ আরও বিপজ্জনক হতে পারত। তবে আয়োজকেরা লাফ দেওয়ার কয়েক মিনিট আগেই সে নিষেধাজ্ঞা তুলে নেন।