প্যারিসের সমাবেশে না যাওয়া ভুল ছিল: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে গত রোববার অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক সংহতি সমাবেশে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে না পাঠানো ভুল ছিল বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সে না গিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন। খবর এএফপির।
প্যারিসের ওই সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেন হার্টলি।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট সোমবার বলেন, ‘উচ্চপদস্থ কাউকে সেখানে পাঠানো আমাদের উচিত ছিল। ওবামা নিজেই প্যারিসে যেতে পারতেন, কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তা এবং পরিকল্পনার জন্য সময়ের স্বল্পতা বাধা হয়ে দাঁড়িয়েছিল।’
ফ্রান্সের রাজধানীতে রোববারের ওই ঐতিহাসিক সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটে। বিতর্কিত ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়সহ একাধিক স্থানে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ওই সমাবেশ আহ্বান করা হয়। ৫০ জন বিশ্বনেতা এতে যোগ দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন। কিন্তু ওবামা বা জ্যেষ্ঠ কোনো নেতা না যাওয়ায় যুক্তরাষ্ট্রে অনেকে ক্ষুব্ধ হয়েছেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার রোববারই সন্ত্রাসবাদের ওপর একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য প্যারিসে অবস্থান করছিলেন। কিন্তু তিনি সেদিনের সমাবেশে যোগ দেননি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উপমহাদেশ সফরে থাকায় তাঁর পক্ষেও ওই সমাবেশে যোগ দেওয়ার সুযোগ ছিল না। জন কেরি বলেছেন, দক্ষিণ এশিয়া সফর শেষে তিনি প্যারিসে যাবেন।
শেরিফের বন্ধু গ্রেপ্তার: প্যারিসে হামলাকারী দুই ভাইয়ের একজনের সঙ্গে যোগাযোগ থাকা এক ফরাসি ১ জানুয়ারি বুলগেরিয়ায় গ্রেপ্তার হয়েছেন। তুরস্কে যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল মঙ্গলবার আদালতের অভিযোক্তারা জানিয়েছেন। ফ্রিৎজ-জলি জোয়াকিন নামের ২৯ বছর বয়সী ওই ধর্মান্তরিত মুসলিম যুবক শেরিফ কুয়াশির সঙ্গে সম্প্রতি বেশ কয়েকবার যোগাযোগ করেছিলেন। ইউরোপ থেকে আইএসের পক্ষে যুদ্ধ করার জন্য অনেকেই তুরস্ক হয়ে সিরিয়া গেছেন। তবে ফ্রিৎজ জোয়াকিনকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁর স্ত্রীর অভিযোগে। তিনি অভিযোগ করেছিলেন, জোয়াকিন তাঁদের তিন বছর বয়সী ছেলেকে অপহরণ করেছেন। শেরিফকে তাঁর ‘পুরোনো বন্ধু’ স্বীকার করে জোয়াকিন আদালতে বলেন, তাঁদের কার্যকলাপের জন্য বন্ধু হলেই তাঁকে দায়ী করা যায় না।