প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো উত্তর আমেরিকার ১৩ ডিসেম্বর সংখ্যাং ‘ভুঁইফোড় সংগঠন নিয়ে ব্যস্ত বিএনপি নেতারা’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিজানুর রহমান ভূঁইয়া ওরফে মিলটন।

প্রতিবাদপত্রে মিজানুর রহমান বলেন, প্রকাশিত সংবাদে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে হেয় করার পাশাপাশি আমাকেও রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে। এতে অনেক অসত্য তথ্যের উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদপত্রে মিজানুর রহমান দাবি করেন, জিয়া স্মৃতি পাঠাগার বর্তমান সময়ে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড অনুমোদিত একটি শক্তিশালী সহযোগী সংগঠন। এর সভাপতি মুক্তিযোদ্ধা, অভিব্যক্ত ঢাকার সাবেক ডেপুটি মেয়র, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। সংগঠনে যুক্তরাষ্ট্র থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমার দীর্ঘদিনের রাজনৈতিক শ্রম, মেধা ও অভিজ্ঞতা এবং বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় নেতৃত্বের যৌথ সিদ্ধান্ত। এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। সংগঠনের সভাপতি আবদুস সালামের সঙ্গে আমার সম্পর্ক কেবল রাজনৈতিক, কোনো আত্মীয়তার সম্পর্ক নয়। সংবাদে যে স্বজনপ্রীতির কথা লেখা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং আমাকে ও আমার দল বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগারকে রাজনৈতিকভাবে হেয় করতে এই প্রতিবেদন করা হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়, সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিবেদক এই সংবাদ করার আগে আমার কোনো বক্তব্য কিংবা মতামত নেওয়ার প্রয়োজনও মনে করেনি।

প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি জিয়া লাইব্রেরি পোর্টালের চেয়ারম্যান ও প্রকাশক মতিউর রহমান ওরফে লিটুসহ সংশ্লিষ্টদের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। বিষয়টি নিয়ে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার আবদুস সালামের বক্তব্য দেওয়া হয়েছে। সংগঠনের সহসভাপতি জসিম উদ্দেনর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলে তাঁর বক্তব্য দেওয়া হয়েছে। মিজানুর রহমান মিলটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।