প্রকাশ্য বিরোধে ট্রাম্প-ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে ২০ নভেম্বর বৈঠক করার সময়ও ট্রাম্প ও ওবামার শরী​রী ভাষায় আন্তরিকতার অভাব দেখা গেছে l ছবি: এএফপি
হোয়াইট হাউসে ২০ নভেম্বর বৈঠক করার সময়ও ট্রাম্প ও ওবামার শরী​রী ভাষায় আন্তরিকতার অভাব দেখা গেছে l ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধ তুঙ্গে উঠেছে। ট্রাম্প গত বুধবার অভিযোগ করেছেন, ‘জ্বালা-ধরানো’ কথাবার্তা বলে ওবামা রাষ্ট্রীয় ক্ষমতার সুষ্ঠু পালাবদলে বিঘ্ন ঘটাচ্ছেন।
গত ৮ নভেম্বরের নির্বাচনের পর থেকে ট্রাম্প ও ওবামা নিজেদের রাজনৈতিক বিভেদ দূরে ঠেলে আগামী ২০ জানুয়ারি জনসমক্ষে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার চেষ্টা করছেন। তবে রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচিত ট্রাম্প আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে টুইটারে আলটপকা মন্তব্য করে চলেছেন। ৭০ বছর বয়সী এই ব্যবসায়ী লিখেছেন, ‘জ্বালা-ধরানো প্রেসিডেন্ট ওবামার নানা বিবৃতি এবং বাধা অবজ্ঞা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। ভেবেছিলাম ক্ষমতার পালাবদলটা খুব মসৃণ হবে, কিন্তু না!’
পরবর্তী মন্তব্যেই ট্রাম্প নিজের আগের কথা থেকে সরে আসার চেষ্টা করে লিখেছেন, পালাবদলের প্রক্রিয়াটা ‘খুব সুন্দরভাবেই হচ্ছে’।
ট্রাম্প বলেছেন, তিনি ওবামার সঙ্গে কথা বলেছেন। সেই আলাপচারিতা অত্যন্ত চমৎকার ছিল। ‘অনেক কিছু নিয়ে’ কথা হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শুল্টজ বলেন, ওই সাক্ষাৎ ইতিবাচক ছিল। সুষ্ঠু ও কার্যকরভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে।
কিন্তু গত কয়েক সপ্তাহে ট্রাম্প এবং হোয়াইট হাউস সম্পর্কে উত্তেজনা স্পষ্ট হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে বাইরের হস্তক্ষেপ নিয়ে ওবামা বেশ কিছু কথা বলেছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পরাজয়ের জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ নিয়েও সরব হয়েছেন।
মার্কিন দেশে ওবামা এখনো সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক। সম্প্রতি তিনি বলেছেন, তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকলে তিনি ট্রাম্পকে হারিয়েই দিতে পারতেন। কিন্তু সাংবিধানিক বাধার কারণে সেই সুযোগ হয়নি।
অর্থনৈতিক উন্নয়নের কৃতিত্ব দাবি করে ট্রাম্প এখন বক্তব্য দিতে শুরু করেছেন। ট্রাম্প বলেছেন, স্প্রিন্ট নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান করছে। এটা নাকি তাঁর কারণেই সম্ভব হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি একটি প্রস্তাব পাস হয়েছে। যুক্তরাষ্ট্র চাইলে এতে বাধা দিতে পারত। কিন্তু তা না করে নীরব ছিলেন মার্কিন প্রতিনিধিরা। বিষয়টি নিয়ে ওবামা প্রশাসনের প্রতি ট্রাম্প অসন্তোষ জানিয়েছেন। তিনি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। টুইটারে তিনি লিখেছেন, ‘ইসরায়েলকে এ ধরনের অসম্মান করাটা চলতে দেওয়া যায় না। তারা যুক্তরাষ্ট্রের মিত্র, কিন্তু...আর নয়। শেষের শুরুটা হয়েছিল ভয়ংকর ইরান চুক্তি দিয়ে, আর শেষটা হলো এটা (জাতিসংঘ) দিয়ে! ইসরায়েল শক্তিশালী থাকো। ২০ জানুয়ারি দ্রুত এগিয়ে আসছে!’
নির্বাচনী প্রচারাভিযানের সময় ওবামা কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে অবজ্ঞা গোপন করেননি। বরং তাঁকে অজ্ঞ এবং প্রেসিডেন্ট পদের অযোগ্য বলে মন্তব্য করেছেন। কিন্তু নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাঁর সঙ্গে ওভাল অফিসে সাক্ষাতের পর থেকে ওবামা কিছুটা সংযত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যায়ে তিনি সেই অবস্থান থেকে যেন অনেকটা সরে এসেছেন।