প্রকৃতির নালিশ
প্রকৃতি দেবতার নেতৃত্বে ঈশ্বরের দরবারে দেবতারা এসে হাজির। মনুষ্যকুলের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে তাঁরা জোট বেঁধে আমরণ অনশনে বসেছেন। প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট সব দেবতার উদ্দেশ্যে প্রকৃতি দেবতা বলেন, ‘হে মান্যবর দেবতাগণ, দীর্ঘ বছর যাবৎ আমরা মনুষ্যকুলের বিরুদ্ধে ঈশ্বরের কাছে বিভিন্ন বিষয়ে একের পর এক অভিযোগ করে আসছি। খুব দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে, আমাদের কোনো অভিযোগেই ঈশ্বর তেমন কর্ণপাত করেননি। তিনি বরাবরই মনুষ্যকুলের প্রতি একচোখা। তবে এবার আমরা চুপ করে বসে থাকব না। আমাদের অভিযোগ আমলে না নেওয়া পর্যন্ত আমরা কেউ ঈশ্বরের দরবার ত্যাগ করব না। এমনিতেই মনুষ্যকুলের অমানবিক দূষণ ও নিপীড়নে আমরা ধুঁকে ধুঁকে মরছি। এর চেয়ে ভালো আমরণ অনশন করে ঈশ্বরের দরবারেই মাথা ঠুকে মরে যাব।’ সবাই তখন সমস্বরে বলে ওঠেন, ‘হ্যাঁ...হ্যাঁ...তাই হবে। আমরা সুবিচার না পাওয়া পর্যন্ত আমরণ অনশন ভেঙে ঈশ্বরের দরবার ত্যাগ করব না।’
দরবারে হট্টগোল শুনে ঈশ্বরের সর্বকনিষ্ঠ দূত ছুটে এসে দেবতাদের কাছে হট্টগোলের কারণ জানতে চান। তখন দেবতাগণ একসঙ্গে যার যার অভিযোগ বলতে শুরু করেন। বেশ বিরক্ত হয়ে মোটামুটি ধমকের সুরে তাদের থামিয়ে দিলেন সর্বকনিষ্ঠ দূত। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, ‘আপনাদের অভিযোগগুলো পত্রে লিপিবদ্ধ করে পেশ করুন। আমি ঈশ্বরের কাছে পৌঁছে দেব।’ তখন প্রকৃতি দেবতা, মৃত্তিকা দেবতা, জল দেবতা, পবন দেবতা থেকে শুরু করে সবাই মিলে যার যার অভিযোগ লেখা শুরু করেন। অভিযোগ লিখতে লিখতে কয়েক সপ্তাহ চলে যায়। কাগজ ও কালি প্রায় শেষ হয়ে আসছে, তবুও মনুষ্যকুলের বিরুদ্ধে অভিযোগ লেখা শেষ হয়নি। এমন সময় ঈশ্বরের প্রধান দূত দরবারে এসে হাজির হন। তিনি সবাইকে থামিয়ে দিয়ে জানান, ‘আর লেখালেখির দরকার নেই। ঈশ্বর তোমাদের অভিযোগ আমলে নিয়েছেন।’ তখন সবাই অভিযোগ লেখা বন্ধ করে একসঙ্গে উঠে দাঁড়িয়ে প্রধান দূতকে কুর্নিশ করেন।
প্রধান দূত তাঁদের আরও জানান, ‘মনুষ্যকুলের পাপের শাস্তি হিসেবে পৃথিবীর বুকে একটা ভাইরাস প্রেরণ করা হবে। পৃথিবীর মানুষ ভাইরাসটির নাম দেবে করোনা। এই ভাইরাসে কেউ সংক্রমিত হলে মৃত্যুর আশঙ্কা রয়েছে। এ ছাড়া এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে খুব দ্রুত সংক্রমিত হবে। তাই কেউ কাউকে স্পর্শ করবে না। ভাইরাস থেকে বাঁচতে পৃথিবীর মানুষ দীর্ঘদিন নিজেদের ঘরের ভেতরে লুকিয়ে রাখবে। তখন বলতে গেলে প্রায় থমকে যাবে পুরো পৃথিবী। মনুষ্যকুলের সব ধরনের অত্যাচার একেবারেই কমে যাবে। তখন তোমরা আবার নিজেদের সুন্দর করে সাজিয়ে নেবে। পৃথিবীকে বসবাস উপযোগী করে তুলতে পারবে। আর হ্যাঁ, প্রাণীকুল যেন মানুষ্যকুল থেকে দূরে থাকে। নয় তো তারাও করোনাভাইরাসে আক্রান্ত হবে।’ এমন ঘোষণা পেয়ে দেবতারা আনন্দে আত্মহারা। তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরে রীতিমতো উৎসবে মেতে ওঠেন। তারপর তাঁরা পৃথিবীতে ফিরে এসে দেখেন, ইতিমধ্যে মনুষ্যকুল করোনাভাইরাসে আক্রান্ত। অল্প কিছুদিনের মধ্যেই পুরো পৃথিবী থমকে গেছে। বন্ধ হয়ে গেছে মনুষ্যকুলের সব কোলাহল।
প্রথমদিকে কিছুদিন তাদের বেশ ভালো কেটেছে। ইচ্ছেমতো নিজেদের সাজিয়ে নিয়েছে। মানুষের কোনো কোলাহল নেই। ভয়ার্ত মানুষগুলো করোনা থেকে নিজেদের বাঁচাতে গৃহবন্দী হয়ে আছে। আর কিছু মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মরছে। খুবই বীভৎস দৃশ্য, যা চোখে দেখা যায় না। মনুষ্যকুলের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে যাচ্ছে। তাদের করুণ দশা দেখে দেবতাদের ভীষণ মায়া হয়। সব অত্যাচারের কথা ভুলে তাঁরা আবার ঈশ্বরের শরণাপন্ন হন। মনুষ্যকুলকে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। তখন ঈশ্বর মুচকি হেসে বলেন, ‘চিন্তা ভাবনা করে বলো। ভাইরাস থেকে মুক্তি পেলেই মনুষ্যকুল আবারও তোমাদের ওপর অত্যাচার শুরু করবে।’ তাঁরা অনেক ভেবে দেখলেন, মনুষ্যকুলের কোলাহল ছাড়া পৃথিবীটা যেন প্রাণহীন। তাই তাঁরা করোনাভাইরাস থেকে মনুষ্যকুলের মুক্তির প্রার্থনায় অটল থাকলেন। তখন ঈশ্বর তাঁদের প্রার্থনা মঞ্জুর করলেন।