প্রকৃতির মৃত্তিকা
কৈশোরের সেই দুষ্টুমি ভরা দিনে কোনো এক ব্যাপারে মাকে মিথ্যা বলেছিল মৃত্তিকা। তারপর সেদিন যখন বৃষ্টি এল, বৃষ্টিতে ভিজতে ভিজতে মৃত্তিকার সমস্ত শরীর গোটা গোটা হয়ে ফুলে উঠল। হয়তো সেদিন বৃষ্টির পানিতে অথবা বাতাসে অ্যালার্জির মাত্রাটা একটু বেশি ছিল। কিন্তু ছোট মৃত্তিকার মনে হলো যে, সে মাকে মিথ্যা বলেছে। গোটা দানাগুলো এতটাই বড় হয়েছিল যে সে ভয়ে মাকে বলতে পারেনি। তবে নিজের কাছে আর মিথ্যা না বলার প্রতিজ্ঞা করেছিল। মৃত্তিকা তার জীবনের সঙ্গে প্রকৃতির এক গভীর সম্পর্ক খুঁজে পায়। সে ভীষণ ভাবে অনুভব করে, পৃথিবীর বায়ুমণ্ডলের মতো, প্রত্যেক মানুষেরই নিজস্ব এক পরিমণ্ডল আছে। আর সেখানেই প্রতিবিম্বিত হয়ে ফিরে আসে তার নিজস্ব কর্মফল। এখানেই জীবন আর প্রকৃতির মিলিত যোজন। জীবনের কিছু অদৃশ্য সমীকরণ আছে, আর কখনো কখনো সে সমীকরণের সংজ্ঞাটা মৃত্তিকার কাছে দুয়ে দুয়ে চারের মতো মিলেও যায়। যেমন সত্য-মিথ্যা, পাপবোধ, কখনোবা বাস্তব অথবা স্বপ্ন।
পৃথিবী যেমন গোল, আর তেমন সবকিছুই ঘটে চক্রাকারে এবং সব ক্রিয়ার প্রতিক্রিয়াও হয় সমানুপাতে। কেউ হয়তো তাৎক্ষণিক পায়, কেউ দেরিতে। মৃত্তিকার ক্ষেত্রে তাৎক্ষণিকই ঘটে। মৃত্তিকা এমনই এক প্রকৃতির সন্তান। ভোলা-ভালা মৃত্তিকাকে প্রকৃতিই বাতলে দিয়েছে চলার পথ, শিখিয়েছে ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যার তফাত। শিখিয়েছে নত আর সহানুভূতিশীল হতে। ছোটবেলায় অন্ধকার, ভূতের ভয় অথবা ঘুমালে বোবা ভূতে ধরার পর মনে মনে দোয়া পড়ে মুক্তি লাভ করলেও, যতই বড় হচ্ছে তত জীবনবোধ তার কাছে একটা সরল রেখায় এসে মিলে যাচ্ছে। রেখা বিচ্যুত হলে সঙ্গে সঙ্গেই সে তার শাস্তিও পাচ্ছে। সে তার নিজের মাঝেই টের পায় অতি প্রাকৃত কিছু। আর সবচেয়ে ভয় পায় তার নিজের মুখের কথাকে। এমনই অসংখ্য অভিজ্ঞতার মাঝে কিছু কিছু ঘটনা যা আজও মৃত্তিকাকে নাড়া দিয়ে যায়। এই যেমন এসএসসি পরীক্ষার পর যখন মৃত্তিকা নানা বাড়ি গেল, তখন খালাদের সঙ্গে এক আত্মীয়ের বাসায় গিয়ে দেখে সে বাসায় একজনের পক্স হয়েছে। এই প্রথম পক্স কী এবং কেমন সেটা জানল। বাসায় আসার পথে খালাদের একটু গর্ব করেই বলল যে তার কখনো এমন কোনো বড় রোগ হয়নি। কী আশ্চর্য, বাসায় আসার পর আবিষ্কার করল তার পেটে একটা ছোট, গোলাকার হলদে রঙের ফাঁপা ডিবা! নানুকে ডেকে দেখাতেই তিনি বললেন, এটা তো পক্স। এ শুনে খালারা তো অবাক। নিজের অহংবোধের এত দ্রুত পতনে, মৃত্তিকাও বিস্ময়ে একটু ধাক্কা খেল।
আরেকবার ছোটখাটো এক ব্যাপারে মৃত্তিকা সমানে চিৎকার করে যাচ্ছে তাদেরই বাসায় আশ্রিত এক আত্মীয়ের সঙ্গে। আর ঠিক সে সময় মৃত্তিকার কানের পাশ দিয়ে সাঁই করে সিলিং থেকে নিচে পরে গেল হেভি লাইট শেডটা। হতভম্ব হয়ে যায় সে! ওটা তো পড়ে যাওয়ার কথা নয়। আর ওটা মাথার ওপর পড়লে সে নির্ঘাত মারা যেত। আধা আঙুলের ব্যবধানে সে আজ বেঁচে যায়, আর তখন তার মনে হয় যে, সে অন্যায় ভাবে কাউকে কষ্ট দিচ্ছে।
ঘুমালে আত্মা নিশ্চয় প্রকৃতি থেকে আগাম খবর পায়, কী হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। মৃত্তিকার সত্য হওয়া স্বপ্নের ব্যাকগ্রাউন্ড সব সময় অসম্ভব রকমের কালো হয়। জীবনের সবচেয়ে ভয়ংকর এক স্বপ্নে সে দেখে, হঠাৎ আকাশটা অনেক নিচে নেমে এসেছে। একটা ট্রাকের ওপর থেকে তার বাবা বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি, আমাকে ওরা ভালো রাখছে। বাবার গা থেকে তীব্র গন্ধ বের হচ্ছিল। সেই শেষ রাতের ভয়ংকর স্বপ্নের সকালে, মৃত্তিকা খবর পায় তার অপ্সরীর মতো সুন্দর আর নিষ্পাপ ছোট খালার গায়ে আগুন লেগে ৭৫ শতাংশ পুড়ে গেছে। তার গা থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল যে মৃত্যুতেই যেন ওর শান্তি। সে এখন সেই অজানা শান্তির দুনিয়াতেই আছে।
মিথ্যা না বলার প্রতিজ্ঞা করার পর থেকে, মিথ্যা বলার সঙ্গে সঙ্গেই কে যেন মৃত্তিকার মিথ্যা বলার প্রতিশোধ নেয়। কোনো এক আলসে সকালে মৃত্তিকার অফিসে যেতে ইচ্ছা করছিল না। কিছু না কিছু অজুহাত দেখিয়ে তাকে কল আউট করতে হবে। এ মাসেই দুই দুইবার নিজের অসুস্থতা দেখিয়ে কল আউট করেছে। এবার অন্য কথা বলতে হবে। তাৎক্ষণিক সে তার বসকে বলে দিল যে, তার ছেলে স্কুলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তাই এখনই তাকে ছেলের স্কুলে যেতে হবে। কিছুক্ষণ পর সত্যি সত্যি ছেলের স্কুল থেকে নার্স কল করলেন বাসায়, ‘সিঁড়ি থেকে নামতে গিয়ে তোমার ছেলে পড়ে গেছে। একটু ব্যথা পেয়েছে, তবে সে ভালো আছে।’
কাজে যাওয়া থেকে বিরত থাকতে পারলেও যখন ছেলে স্কুল থেকে ফিরল, মৃত্তিকার তো চোখ ছানাবড়া! ছেলেটার চোখের কোণে কালো দাগ, একটুর জন্য চোখটা বেঁচে গেছে। মৃত্তিকা বিশ্বাস করে, মানুষ আসলে প্রকৃতি দিয়েই নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে আমাদের শ্বাসের সঙ্গে নির্গত বিষাক্ত গ্যাস, বিনিময়ে বেঁচে থাকার অমূল্য অক্সিজেন; এই যে প্রকৃতির সঙ্গে জীবের লেনদেন, আত্মা বেরিয়ে যাওয়ার পর আবার মাটির সঙ্গে বিলীন। কে আমরা, কোথা থেকে এসেছি, কোথাই বা যাব। এসব ভাবতে ভাবতে মৃত্তিকার মনে হয়, মানুষ প্রকৃতি থেকে সৃষ্ট এক অন্যতম উপাদান। আর তাই তো প্রকৃতি তার অবুঝ সন্তানকে আগলে রাখে পরম মমতায়। কোনো এক শক্তি অবশ্যই আছে যে জীবনকে শেখায়, জীবন বোধকে জাগ্রত করে। সে নিজেই তো এক শক্তি। কে তার শক্তির অন্তরালে? কে তাকে রক্ষা করে আর কে-ই বা তাকে শাস্তি দেয় কোনো অন্যায়ের পরে অথবা আগাম সংকেত দেয় কোনো বড় অঘটনের আগে। ধর্মে আছে সৃষ্টিকর্তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। হয়তো ঈশ্বরই তাঁর ঐশ্বরিক শক্তির ইলেকট্রন মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে নিজে কেন্দ্র হয়ে করছে সবকিছুর নিয়ন্ত্রণ। আর তাই তো মানুষের মাঝে বাস করে পরমেশ্বর, যা কখনো কখনো অনুভবে আসে।