প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বৈশাখ বরণ

নিউইয়র্কের প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী ‘শিল্পী-বন্ধু-সুহৃদ-সতীর্থদের’ আয়োজনে হয়ে গেল বাংলা নতুন বছর ১৪২৬ বরণের বর্ণিল এক অনুষ্ঠান। গত ২৮ এপ্রিল জ্যামাইকার একটি স্কুলে উদীচীর বন্ধুদের এই আয়োজন পরিণত হয়েছিল উচ্ছল আনন্দের অনিন্দ্য সুন্দর একটি মিলনমেলায়। গানে, কথায় ও নৃত্যের তালের সঙ্গে ছিল বাহারী দেশীয় খাবারের সমাহার।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১১টায়। বাচিক শিল্পী গোপন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পী তাজুল ইমামের পরিবেশনা। তিনি বেশ কয়েকটি গান শুনিয়ে সবাইকে মুগ্ধ করেন। বক্তব্য রাখেন সামাজিক সংগঠন দ্য অপটিমিস্টের অন্যতম সংগঠক মিনহাজ আহমেদ শাম্মু, লেখক ও সাংবাদিক শামীম আল আমিন, প্রোগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন ও লেখক মৃদুল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই ছিল পরপর তিনটি দলীয় সংগীত। শিল্পীদের কণ্ঠের সঙ্গে এ সময় সবাই কণ্ঠ মেলান। আবৃত্তি পরিবেশন করেন ক্রিস্টিনা রোজারিও, ক্লারা রোজারিও, নজরুল কবির ও সুলতানা বাসিত মুন্না। লালনের গান গেয়ে শোনান কৃষ্ণা সরকার ও দীনেশ মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক ওবায়দুল্লাহ মামুন, বাচিক শিল্পী মাহতাব সোহেল, সাংবাদিক তোফাজ্জল লিটন, সংস্কৃতিকর্মী সুবক্ত সাকী, ডন চৌধুরী, লিনা চৌধুরী, ফারহানা রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক সহায়তায় ছিলেন খুরশীদ আনোয়ার বাবুল, গোপন সাহা, সুলতানা বাসিত মুন্না, আলপনা গুহ, নাসিম আনোয়ার, সুতপা মণ্ডল, ইহসানুল করিম নোমান, কৃষ্ণা সরকার, নাসরিন সুলতানা নাজ, কণিকা ধর, শৈরেন দাশ, অবিদা সুলতানা, দীনেশ চন্দ্র মজুমদার ও মাহবুবা রাশু।
একটানা বিকেল ৪টা পর্যন্ত চলা অনুষ্ঠানটি শেষ হয়, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনে মধ্য দিয়ে। বৈশাখ বরণে গোটা মিলনায়তন সাজানো হয় আবহমান বাংলার ঐতিহ্যবাহী সাজে। সবার পরনে ছিল রঙিন বৈশাখী পোশাক।