প্রচার ব্যবস্থাপককে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রচার ব্যবস্থাপক কোরে লেওয়ানডোভস্কিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। গতকাল সোমবার ট্রাম্পের মুখপাত্র হপ হিকস এক বিবৃতিতে বিষয়টি জানান।
বিবৃতিতে হপ হিকস বলেন, ‘রিপাবলিকান প্রাইমারিতে ১ কোটি ৪০ লাখ ভোট পেয়ে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করা ডোনাল্ড জে ট্রাম্পের প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন কোরে লেওয়ানডোভস্কি।’ গত বছর দলের মনোনয়নের জন্য প্রতিযোগিতায় নামার পর ট্রাম্পের প্রচারণার শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন লেওয়ানডোভস্কি। তবে এ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
লেওয়ানডোভস্কির সরে যাওয়ার খবর এমন সময় এল, যখন বিতর্কিত মন্তব্য আর অভিবাসন নীতির কারণে রিপাবলিকান দলে ঊর্ধ্বতন নেতাদের বিরাগভাজন হয়েছেন ট্রাম্প। অরল্যান্ডোর সমকামী নাইট ক্লাবে গুলির ঘটনার পর আবারও যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি নতুন করে এ তোপের মুখে পড়েন। শুধু তাই নয়, তাঁর বিতর্কিত মন্তব্যের কারণে অ্যাপল ও জেপিমর্গান চেজের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও জুলাইয়ে ক্লিভল্যান্ডে অনুষ্ঠেয় রিপাবলিকান দলের কনভেনশনে অর্থায়নের সিদ্ধান্ত থেকে সরে গেছে।