প্রচারণায় সপ্তাহে ২০ লাখ ডলার ব্যয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মনোনয়নের জন্য প্রচারণায় সপ্তাহে অন্তত ২০ লাখ মার্কিন ডলার খরচের পরিকল্পনা করছেন তিনি। খবর বিবিসির।
ধনকুবের ট্রাম্প বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় দলীয় প্রাইমারিকে সামনে রেখে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনায় ‘উল্লেখযোগ্য’ প্রচারণার উপায় বের করবেন তিনি।
নানা কারণে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, নিজের নির্বাচনী প্রচারণায় তিনি নিজেই অর্থায়ন করছেন। লবিস্ট বা বহুজাতিক মহলের করায়ত্ত তিনি হবেন না। প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া সত্ত্বেও এ পর্যন্ত খুব কমই ব্যয় করেছেন বলে জানান ট্রাম্প।
সিএনএনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি প্রতি সপ্তাহে অন্তত ২০ লাখ ডলার, কিংবা হয়তো এর চেয়ে অনেক বেশি ব্যয় করব।... আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনায় আমি বিশাল প্রচারণা চালাব, যেগুলো হবে অত্যন্ত সুসংহত।’
এ পর্যন্ত ট্রাম্পের নির্বাচনী প্রচারণা মূলত বিতর্কিত মন্তব্যেই পরিপূর্ণ। সবশেষ তিনি ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে অশ্লীল মন্তব্য করেন। এর কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় উগ্রপন্থী মুসলিম দম্পতির বন্দুক হামলার জেরে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধের প্রস্তাব দিয়ে বিতর্কের ঝড় তোলেন।
এদিকে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড় থেকে সাবেক নিউইয়র্ক গভর্নর জর্জ পাটাকি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। গত মঙ্গলবার এক টুইট বার্তায় সাবেক নিউইয়র্ক গভর্নর পাটাকি লেখেন, প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তিনি। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যোগ্য লোককে মনোনীত করতে পারব’। পাটাকি খুব উল্লেখযোগ্য পদপ্রার্থী ছিলেন না। নির্বাচনে ‘হাই প্রোফাইল’ প্রার্থীদের মধ্যকার টিভি বিতর্কেও তাঁকে নেওয়া হয়নি। পাটাকির প্রচারণায় যুক্ত একজন কর্মকর্তা বলেন, প্রচারণার তহবিল জোগানো এবং গণমাধ্যমের নজর কাড়ায় ব্যর্থতার কারণে নাম প্রত্যাহার করলেন তিনি।