
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসায় দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক ক্রমেই তিক্ততার চরমে উঠেছে। দুই প্রার্থী একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এ তিক্ততা কিছুটা হলেও স্পর্শ করেছে তাঁদের সমর্থকদেরও। কিন্তু এর মধ্যেই মজার একটি খাবার নিয়ে মেতে উঠেছেন মার্কিন ভোটাররা। তা হচ্ছে ঐতিহ্যবাহী ‘নির্বাচনী কেক’।
যুক্তরাষ্ট্রজুড়ে বেকারিগুলোতে পড়েছে নির্বাচনী কেক বানানোর হিড়িক। অনেক বেকারি কেক বানানোর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের ওল্ড ওয়ার্ল্ড লেভিয়ান বেকারির কেক প্রস্তুতকারক মাইয়া সারডাম বলেন, এই কেকের প্রচলন শুরু হয় নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে। প্রথম উপনিবেশকারীদের যখন সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হতো, তখন গ্রামের নারীরা বাহিনীর সদস্যদের জন্য ‘মাস্টার কেক’ নামে একধরনের কেক বানাতেন। সেই থেকে উৎসবের সময় এই কেক তৈরির চল শুরু হয়।’
লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিষয়ক ইতিহাসবিদ ব্রেইস ইভানস বলেন, আগে যুক্তরাষ্ট্রে নির্বাচন হতো বসন্তে। নির্বাচনের দিনকে ধর্মীয় ছুটির বিপরীতে একটি সর্বজনীন অসাম্প্রদায়িক উৎসব হিসেবে দেখা হতো।
আগে নির্বাচনী কেকগুলো অনেক বড় হতো। ওজন হতো এক শ পাউন্ড পর্যন্ত। এতে ব্যবহার করা হতো ১০ পাউন্ড মাখন, ১৪ পাউন্ড চিনি ও এক-চতুর্থাংশ ময়দা। ব্যবহৃত হতো বিভিন্ন ফল ও মদ।
ওল্ড ওয়ার্ল্ড লেভিয়ান বেকারির কর্মী সুসানা গ্যাবহার্ট বলেন, ‘নির্বাচন নিয়ে চারদিকে তিক্ততা ছড়াচ্ছে। আমার মনে হয়, এই কেক মানুষকে কাছাকাছি নিয়ে আসে।’