প্রজ্ঞাবান লেখক মীজান রহমানকে

১৬ সেপ্টেম্বর ছিল অধ্যাপক ড. মীজান রহমানের জন্মদিন। বেঁচে থাকলে এ বছর ৮৫ বছরে পা দিতেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি প্রজ্ঞাবান এই বাঙালি লেখকের মৃত্যু হয়। প্রবাসে যেসব বাঙালি সত্যি সত্যি বুদ্ধিজীবী হয়ে উঠেছিলেন, মীজান রহমান ছিলেন তাঁদের সারির ওপরের দিকের মানুষ। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাঁকে।
২০১৩ সালের আগস্ট মাসে টরন্টো আসার পর থেকেই এখানকার সুধীসমাজে মীজান রহমান নামটিই বোধ হয় সবচেয়ে বেশি শুনেছি। দুর্ভাগ্য, আমি ঢাকায় থাকাকালে তাঁর কোনো বই আমার পড়া হয়ে ওঠেনি। হয়তো তাঁর কম পরিচিতিই সেই না-পাঠের কারণ। মিডিয়ানির্ভর এ সময়ে তাই মীজান রহমান আমার মতো বইপত্রের খোঁজখবর রাখা একজনের কাছে অপরিচিত থেকে গিয়েছিলেন। সে অপরাধ থেকে নিজেকে কোনো দিনই বোধ হয় মুক্ত করতে পারব না।
শূন্য বইটার নাম এখানকার বন্ধুদের মুখে মুখে থাকলেও সেটি দেখা হয়ে ওঠেনি নতুন জীবনের নানাবিধ জটিলতায়। প্রবাসজীবনের বেশ কয়েক মাস কেটে গেছে নতুন বইপত্র না পড়েই, না দেখেই। এরপর এল সেই মাহেন্দ্রক্ষণ। ২০১৪ সালের এপ্রিলের ২৭ তারিখে টরন্টোতে আমার সবচেয়ে প্রিয়জনদের একজন আকবর হোসেন তাঁর বাসাতে নিমন্ত্রণ করলেন। জানালেন নিমন্ত্রিত অন্যদের মধ্যে থাকবেন মীজান রহমানও।
১৯৬৫ সাল থেকে অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে একনাগাড়ে ৩৩ বছর অধ্যাপনা করা মানুষটির গাম্ভীর্য নিয়ে খানিকটা যে আতঙ্কিত ছিলাম না, তা নয়। আমার চেয়ে ৩২ বছর বয়সে বড়, উত্তর আমেরিকাতে প্রতিষ্ঠিত একজন পণ্ডিত মানুষ বাংলাদেশ থেকে সদ্য আগত চালচুলোহীন এক লেখককে কীভাবে গ্রহণ করবেন, সেই ভয়টা নিজেকে কিছুটা সংকুচিত করে রেখেছিল। কিন্তু সন্ধ্যাটা যে এত নিঃশঙ্ক, এত নির্ভার হয়ে উঠবে তা কি আকবর ভাইয়ের বাসায় ঢোকার আগে একবারও অনুমিত হয়েছিল?
‘আরে সুব্রত, আপনার সাথে আলাপের জন্যই বসে আছি। অনেক গল্প শুনেছি আপনার বিষয়ে’—এ রকম একটি বাক্যে মুহূর্তেই কেটে যায় আমার সব শীতলতা। আমি যেন আবিষ্কার করলাম আমার এক আপন মানুষকে। সেদিনের দীর্ঘ আড্ডায় তাঁর কথা যত না শুনেছি, তার চেয়ে বেশি তিনি আমার কথা শুনেছেন। প্রাচীন ভারতীয় চিন্তা, রবীন্দ্রনাথ, নজরুল নিয়ে আমার মতো বয়ঃকনিষ্ঠ কোনো লেখকের ভাবনা যে এত প্রতিষ্ঠিত কেউ জানতে চাইতে পারেন তা ছিল আমার আছে অচিন্তিতপূর্ব। ওই বছরের আগস্ট মাসে আরও একবার একই বাসায় আড্ডা হয়েছিল তাঁর সঙ্গে।
এরপর তাঁর সঙ্গে আমার বারকয়েক ফোনে কথা হয়েছে। তাঁর বিনয় প্রতিবারই আমাকে মুগ্ধ করত। প্রতিবারই যেন আবিষ্কার করেছি তিনি আরও খানিকটা যেন বেশি কাছের হয়ে গেলেন। একই বছরের ১৬ আগস্ট টরন্টোতে হলো উত্তর আমেরিকা নজরুল সম্মেলন। সেখানে কথা বলার আমন্ত্রণ পেলাম। আয়োজকেরা আমাকে চিনতেন না, নজরুল নিয়ে আমার বইয়ের কথাও জানতেন না। সম্মেলনে মীজান রহমানের সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ হলো। আমার পরে তাঁর বক্তৃতা। লিখিত সেই অসাধারণ বক্তৃতায় তিনি আমার রচনা থেকে পাঁচ-ছয়বার উদ্ধৃত করলেন। এটা করার সময় তিনি প্রতিবারই আমার দিকে ইঙ্গিত করছিলেন, আর আমি যেন প্রতিবারই বিস্মিত হচ্ছিলাম। ভাবছিলাম, আমি তো তাঁর বই তখনো পড়ে উঠতে পারিনি, অথচ তিনি …। মহৎ হৃদয়ের মানুষেরা হয়তো এমনই হন। পরবর্তীকালে বিডি নিউজে সে লেখা ছাপা হলে আমি অধিকতর বিস্মিত হয়েছি।
আমার কাজের ব্যাপারে তাঁর আগ্রহ দেখে বিস্ময়ের শুরু। তাঁর প্রতি আমার বিস্ময় এখনো ঊর্ধ্বগামী। বোধ করি সেই বিস্ময় কখনোই কমে যাওয়ার নয়। তাঁর বইগুলো আমার টেবিলে ছড়িয়ে আছে। সেগুলোর দিকে যদি চোখ ফেরাই দেখা যাবে সর্বশেষ প্রকাশিত গ্রন্থটি হলো শূন্য। মৌলিক গ্রন্থ নয় এটি, কিন্তু রয়েছে গভীর পঠনের ছাপ। রয়েছে লব্ধ জ্ঞানকে সাধারণের উপযুক্ত করে উপস্থাপন করার উদ্যোগ। ২০১২ সালে এটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকেই। উল্লেখ করা যেতে পারে, ২০০৯ সালে কলকাতা থেকে প্রকাশিত ভাবনার আত্মকথন ছাড়া বাকি সবগুলোই ঢাকার বাজারের।
শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী প্রমুখের সমসাময়িক মীজান রহমান লেখালেখি শুরু করেছিলেন আনওয়ার মীজান নামে। তবে পিতৃদত্ত নাম মীজানুর রহমান নিয়েই প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম গ্রন্থ তীর্থ আমার গ্রাম। সালটা ১৯৯৪। একান্ত ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত সেই গ্রন্থ দেখার সৌভাগ্য আমার হয়নি। তবে গ্রন্থের শিরোনাম দেখে বুঝতে পারি নিজ ভূমির প্রতি কী বিশাল টান ছিল তাঁর হৃদয়ের গভীরে।
মীজান রহমানের দ্বিতীয় গ্রন্থ লাল নদী প্রকাশিত হয়েছিল ২০০১ সালে। প্রকাশক ছিলেন সেই সময়কার মন্ট্রিয়েলবাসী আলম খোরশেদ। বোঝা যায় গ্রন্থের সামগ্রিক কাজটিও হয়েছিল ঢাকাতেই। প্রথম থেকেই মীজান রহমান নিজের দীর্ঘ পাঠ ও অভিজ্ঞতাসঞ্জাত প্রজ্ঞাকে আধেয় করেছিলেন তাঁর রচনাতে। ক্রমশ সেসবে মূর্ত হতে থাকে তাঁর জীবনবোধ।
২০০২ সালে প্রকাশিত হয় তাঁর দুটি গ্রন্থ অ্যালবাম ও প্রসঙ্গ নারী। অনুমান হয় তাঁর শুধু এই দুটি গ্রন্থই দ্বিতীয় মুদ্রণ পেয়েছিল। দুই বছর পর প্রকাশিত হয় পঞ্চম গ্রন্থ অনন্যা আমার দেশ। পরের গ্রন্থ আনন্দ নিকেতন প্রকাশ পায় ২০০৬ সালে। পরবর্তী গ্রন্থগুলো হলো দুর্যোগের পূর্বাভাষ (২০০৭) এবং শুধু মাটি নয় (২০০৯)।
কলকাতা থেকে প্রকাশিত ভাবনার আত্মকথন (২০০৯) এর রচনাগুলোর অধিকাংশই পূর্ববর্তী গ্রন্থগুলোতে অন্তর্ভুক্ত। ধারণা করা যায় তাঁর চিন্তা-চেতনার প্রতিফলনকারী প্রধান রচনাগুলোকে তিনি গ্রথিত করেছিলেন ভাবনার আত্মকথনে। অসামান্য এক সংকলন। তাঁর সব রচনার প্রধান বৈশিষ্ট্য গভীর প্রত্যয়। স্বাদু গদ্যে সেসবের প্রকাশে সফলতার চূড়ান্তে পৌঁছেছিলেন যৌবনোত্তর পুরোটা সময়ে প্রবাসী এই লেখক।
জীবনকে তিনি যে সোজাভাবে দেখেছেন, সেই ভাবটাই তাঁর রচনাতে মূর্ত। তিনি সত্যের প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে ছিলেন নির্ভীক। বৃহত্তর মানবগোষ্ঠীর কল্যাণে আবশ্যিক যে শুভ চেতনা তার বোধ থেকে কখনো পিছপা হননি তিনি।
বাংলাদেশের রাজনৈতিক অসুস্থতা ও মৌলবাদের উত্থান নিয়ে তাঁর ছিল গভীর উদ্বেগ। ধর্মের ব্যাপারে শ্রদ্ধাশীল এই মানুষটির রচনাতে পাওয়া যায় ধর্মের ধ্বজাধারীদের অসহিষ্ণু মানসিকতার প্রতি ক্ষোভ ও ব্যঙ্গ। ছিল সত্যিকারের মানুষ হয়ে ওঠার আহ্বান। তিনি বিশ্বাস করতেন সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতায়।