প্রণোদনা প্যাকেজ নিয়ে ট্রাম্পের নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শেষ প্রান্তে এসে যত নোংরা খেলা খেলে যাচ্ছেন। শেষ ট্রাম কার্ডটি খেলার চেষ্টা করছেন ডেমোক্র্যাটদের ঘাড়ে বন্দুক রেখে। আর সেই ট্রাম কার্ডে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সমর্থনও পেয়ে গেলেন তিনি। যুক্তরাষ্ট্রে জনপ্রতি ৬০০ ডলারের নগদ প্রণোদনার বিপরীতে ট্রাম্প বলেছেন, তিনি নগদ দুই হাজার ডলার দিতে ইচ্ছুক। এর মাধ্যমে দুই দলের আইন প্রণেতাদের সমঝোতা ভেস্তে দেওয়ার চতুর চাল চেলেছেন ট্রাম্প। এই চতুর ঘোষণা দিয়ে বড়দিনের ছুটিতে ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করেছেন তিনি।

ট্রাম্পের পাল্টা প্রস্তাব নিয়ে রিপাবলিকান আইন প্রণেতারাও একমত নয়। উভয় দলের মধ্যেই চেষ্টা চলছে, আপাতত সমঝোতার প্রণোদনা প্যাকেজে যেন প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন। ২ হাজার ডলার না হলে করোনাভাইরাসের ৯০০ বিলিয়ন ডলারের সহায়তা তহবিলের বিলে স্বাক্ষর করবেন না বলে ২২ ডিসেম্বর হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প দাবি করছেন, এই বিলের অঙ্ককে তিনগুণ করতে হবে। ফলে তার এমন হুমকিতে এই বিলটির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি তিনি এই বিলে স্বাক্ষর না করেন, তাহলে মার্কিন সরকারে আংশিক শাটডাউন বা অচলাবস্থা দেখা দিতে পারে।

আর এই বিল পাস না হলে সবচেয়ে বেশি অর্থ সংকটে পড়বে করোনাভাইরাসের কারণে কর্মহীন ১৪ মিলিয়ন মার্কিনিরা। মার্কিন কংগ্রেস করোনাভাইরাস সংক্রমণের কারণে যেসব মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য ৯০০ বিলিয়ন ডলারের বিল অনুমোদন করে। এই বিলে এখন শুধু প্রেসিডেন্টের স্বাক্ষর বাকি আছে। তিনি স্বাক্ষর দিলেই এটি পূর্ণতা পাযবে।

কংগ্রেসের পাস করা বিলটি সাক্ষর করার শেষ সময় ২৮ ডিসেম্বর। কিন্তু ২২ ডিসেম্বর ট্রাম্প এই বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন। রিপাবলিকান এই প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ আছে আর মাত্র এক মাসেরও কম সময়। এ সময়ে তিনি যে হুমকি দিয়েছেন, তাতে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় দলের পাস করা এই প্রণোদনামূলক উদ্যোগকে টালমাটাল অবস্থায় নিয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে জনগণের কাছে ভালো হিসেবে দেখানোর জন্য ২ হাজার ডলারের নগদ প্রণোদনা দেওয়ার কথা বলছেন। তাঁর এই প্রস্তাব নিয়ে সিনেটে তাঁর দলের আইনপ্রণেতারাও রাজি হবেন বলে মনে হচ্ছে না।

এদিকে ট্রাম্পের ঘোষণার এক ঘণ্টার মধ্যেই এগিয়ে এসেছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। টানা চার মাস কংগ্রেসে দুই দল নাগরিক প্রণোদনার আইন প্রস্তাব গ্রহণ করেছেন। কংগ্রেস ও সিনেটে পাস হওয়ার পর প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার আগেই শুরু হয়েছে নতুন নাটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৬০০ ডলার নয়, প্রত্যেকের জন্য ২ হাজার ডলারের প্রণোদনা প্রস্তাব তাঁর কাছে নিয়ে যেতে বলেছেন।

২২ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের পরই ডেমোক্রেটিক দলের স্পিকার ন্যান্সি পেলোসি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, রিপাবলিকান দলের লোকজন শুরু থেকেই নাগরিকদের বর্ধিত নগদ সহযোগিতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন। একপর্যায়ে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে ২ হাজার ডলার, এমনকি জনপ্রতি ১ হাজার ২০০ ডলারের নগদ সহযোগিতার প্রস্তাবও সিনেট রিপাবলিকানরা প্রত্যাখ্যান করেছেন।

পেলোসি বলেন, এখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে থেকেই ডেমোক্র্যাটদের শুরুর প্রস্তাব তাঁর মুখ দিয়ে বলছেন। এ নিয়ে ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের ফ্লোরে সংশোধিত প্রস্তাব নিয়ে আসবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও–কর্টেজ দ্রুত তৎপর হয়ে ওঠেন। দ্বিতীয় নাগরিক প্রণোদনা আইনে প্রত্যেকের জন্য ২ হাজার ডলারের প্রস্তাব করে আইনের সংশোধনী প্রস্তাব তিনি উপস্থাপন করেছেন। ওকাসিও বলেন, তিনিসহ আরেক উদারনৈতিক কংগ্রেসওম্যান রাশিদা তালিব ইতিমধ্যে যৌথভাবে সংশোধনী প্রস্তাব প্রস্তুত করেছেন।

সংশোধনীর একটি ছবি প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে সম্মত হওয়ায় ওকাসিও সন্তোষ প্রকাশ করেন। জনপ্রতি ২ হাজার ডলারের সংশোধনী চলতি সপ্তাহেই কংগ্রেসে পাস করা সম্ভব বলে তিনি জানান। এ জন্য সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল ও অন্যান্য সিনেট রিপাবলিকানকে এখন এগিয়ে আসতে হবে।

সিনেটে ডেমোক্রেটিক দলের নেতা চাক শুমার বিলম্ব না করেই নাগরিক সহযোগিতার আইন প্রস্তাবে স্বাক্ষর করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। এমন কাজ করে শেষ মুহূর্তে ট্রাম্প নিজেকে একটি প্রয়োজনীয় কাজে নিয়োজিত বলে দেখানোর সুযোগ পাবেন।

২১ ডিসেম্বর রাতে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট এই বিলটি পাস করে। কিন্তু ট্রাম্প চাইছেন, এই বিলটিকে সংশোধন করে প্রতি ব্যক্তির জন্য ২০০০ ডলার এবং দম্পতিদের জন্য ৪০০০ ডলার করা হোক।

একদিকে করোনা, অন্যদিকে বেকারত্ব বেড়েই চলছে যুক্তরাষ্ট্রে। ২২ ডিসেস্বর মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটিতে একদিনে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার আতঙ্ক বাংলাদেশি কমিউনিটিতে। ইতিমধ্যে এই ভাইরাসে প্রায় ৪০০ বাংলাদেশি মার্কিনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ২ হাজারের বেশি। বাংলাদেশি-মার্কিন চিকিৎসক ফেরদৌস খন্দকার প্রথম আলো উত্তর আমেরিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহামারি করোনাভাইরাসে যে ভয়ংকর রূপ ধারণ করেছে, তার চেয়ে বেশি ভয়ংকর হয়ে উঠছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত ক্ষমতার মেয়াদ তাঁর। এ সময়ের মধ্যে তিনি অনেক কিছু করে ফেলতে পারেন। সাংবিধানিক নির্বাহী ক্ষমতাবলে ক্ষমা করে দিতে পারেন যে কাউকে। এখনো তার হাতে কয়েক দিন সময় আছে। এ সময়ে তিনি আর কী কী করেন, তা এখন দেখার বিষয়।