প্রণোদনার অর্থ ব্যাংকে পাঠানো শুরু
যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গত ৩০ ডিসেম্বর থেকে প্রণোদনার জনপ্রতি ৬০০ ডলারের চেক পেতে শুরু করেছেন। গত ২৭ ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর করেন। তবে আইনপ্রস্তাবে স্বাক্ষরের সময় তিনি নাগরিক প্রণোদনা বাড়িয়ে ২০০০ ডলার করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নাগরিক প্রণোদনা বাড়িয়ে ২০০০ ডলার করে কংগ্রেসে আইন প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে নতুন প্রস্তাবটি আটকে দেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককলেন। যার ফলে প্রণোদনা চেক নিয়ে ট্রাম্পের ২০০০ ডলারের প্রস্তাব আপাতত বন্ধ থাকল।
ট্রাম্পের স্বাক্ষরিত আইন অনুযায়ী, কোনো একক ব্যক্তির বছরে আয় ৭৫ হাজার ডলার পর্যন্ত হলে ৬০০ ডলার পাবেন। দম্পতির ক্ষেত্রে বার্ষিক আয় এক লাখ ৭৫ হাজার ডলার হলে দুজনে পাবেন নগদ ১ হাজার ২০০ ডলার। প্রযোজ্য ক্ষেত্রে বছরের উল্লিখিত আয়সীমার অতিরিক্ত প্রতি ১০০ ডলারের জন্য প্রণোদনা ৫ ডলার করে কমতে থাকবে। পরিবারের ১৭ বছরের কম বয়সীদেরও ৬০০ ডলার করে দেওয়া হবে।
প্রণোদনার নতুন আইন প্রস্তাব গ্রহণ করলে বা প্রণোদনা বাড়ানো হলে পৃথক ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অর্থ বিভাগের একজন মুখপাত্র এনবিসি নিউজকে বলেন, চলতি সপ্তাহেই নগদ নাগরিক প্রণোদনার অর্থ আগের মতো ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাবে জমা হতে শুরু হয়েছে। যাদের ব্যাংক হিসাব অর্থ বিভাগের কাছে নেই, তাদের ডাকযোগে পাঠানো হবে।
ডোনাল্ড ট্রাম্প জনগণের কাছে শেষ মুহূর্তে নিজেকে ভালো দেখানোর জন্য এমন প্রকাশ্য প্রস্তাব করায় রিপাবলিকান দলের রক্ষণশীলরা বিপাকে পড়েছেন। আসছে দু-এক দিনের মধ্যে এই বর্ধিত নাগরিক প্রণোদনার ভাগ্য নির্ধারিত হবে। ডেমোক্রেটিক দল এবং বর্ধিত নাগরিক প্রণোদনার প্রবর্তকেরা এই প্রস্তাব পাসের বিষয়ে বেশ আশাবাদী। নতুন বর্ধিত প্রণোদনা প্রস্তাব আইন হিসেবে গৃহীত হলে অর্থ বিভাগ থেকে অর্থ পাঠানোর সময় সীমার কোনো পরিবর্তন হবে কি না, তা এখনো বলা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৪০ লাখ কর্মজীবীর বর্ধিত বেকার ভাতার মেয়াদ ২৬ ডিসেম্বর রাতে শেষ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা রিলিফ আইনে স্বাক্ষর করেছেন একদিন পর ২৭ ডিসেম্বর রাতে। এ কারণে বহু কর্মজীবী তাদের চলতি সপ্তাহের বেকার ভাতা এখনই পাচ্ছেন না। বিষয়টি সুরাহা করার জন্য রাজ্য সরকারগুলো থেকে লেবার ডিপার্টমেন্টে যোগাযোগ করা হচ্ছে।
* নাগরিক প্রণোদনার বাড়িয়ে ২০০০ ডলার করার প্রস্তাব কংগ্রেসে পাস * ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাপক সুবিধা দেওয়া হয়েছে * নথিপত্রহীন অভিবাসীরাও এবার প্রণোদনা পাবেন
নিউজার্সির গভর্নর ফিল মারফি বলেন, সহসাই এ নিয়ে লেবার ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে। না-পাওয়া সপ্তাহের বেকার ভাতাও মানুষ পেয়ে যাবেন। প্রতিটি রাজ্য সরকার এ নিয়ে ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
নতুন প্রণোদনা আইনে মহামারিকালের এই আনএমপ্লয়মেন্ট অ্যাসিসটেন্স স্বাধীন কর্মজীবীরাও পাবেন। নিয়মিত কর্মজীবী না হলে সাধারণত কোনো বেকার ভাতা পাওয়া যায় না। নতুন প্রণোদনা আইনে উবারচালক বা ক্যাব চালানোর মতো পেশাজীবীরাও বর্ধিত বেকার ভাতা পাবেন। মেয়াদ শেষ হওয়ায় রাজ্য সরকারের বেকার ভাতা থেকে বাদ পড়া কর্মজীবীদের জন্য আরও ১৩ সপ্তাহের জরুরি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন বর্ধিত করা হয়েছে।
নতুন প্রণোদনা আইনে কর্মজীবীরা নিয়মিত বেকার ভাতার সঙ্গে সপ্তাহে ৩০০ ডলার করে অতিরিক্ত পাবেন। ১৪ মার্চ পর্যন্ত এই বর্ধিত ভাতা দেওয়া হবে বলে আইনে উল্লেখ রয়েছে। নতুন আইনে বলা হয়েছে, দম্পতির মধ্যে কোনো একজনের সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকলেই দুজনই নগদ প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন। এমন সুবিধা প্রথম প্রণোদনা আইনে ছিল না। ফলে নথিপত্রহীন বহু অভিবাসীরা এবার নগদ প্রণোদনার অর্থ পাওয়ার যোগ্য হবেন বলে আশা করা হচ্ছে।
স্বাক্ষরিত প্রণোদনা আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাপক সুবিধা দেওয়া হয়েছে। যারা আগে পে চেক প্রোটেকশন প্রোগ্রাম বা পিপিপি ঋণ পেয়েছেন, তারা আবারও এই সুবিধা গ্রহণ করতে পারবেন। যারা প্রথম দফা এই সুবিধা গ্রহণ করতে পারেনি, তারাও এমন ঋণের সুবিধা গ্রহণ করতে পারবে। এমন ঋণের একটা অংশ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের মজুরির বিপরীতে ক্ষমা করে দেওয়া হবে।
৩০০-এর কম কর্মী আছে এমন ব্যবসাপ্রতিষ্ঠান এমন ক্ষমা গ্রহণের সুযোগ পাবে। ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারীদের মাসিক বেতনের আড়াই গুন পিপিপি ঋণ গ্রহণ করতে পারবে। নতুন প্রণোদনা আইনে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য জরুরি ঋণ তহবিলও আলাদা করে রাখা হয়েছে।
নতুন আইনে ভাড়াটেদের জন্য সুবিধা দেওয়া হয়েছে। ২৫ বিলিয়ন ডলারের অর্থ তহবিল থেকে বাড়ি ভাড়া দিতে না পারা ভাড়াটে ও বাড়ির মালিককে সহযোগিতা দেওয়া হবে। ভাড়া দিতে অক্ষম ভাড়াটেদের ৩১ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ করা যাবে না বলে নতুন প্রণোদনা আইনে বলা হয়েছে। নতুন এই প্রণোদনা সুবিধার কারণে অন্তত এক কোটি ভাড়াটে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে নগদ প্রণোদনা প্রস্তাব নিয়ে এখন রিপাবলিকানদের সমস্যা তুঙ্গে। নিজেদের চেনা অবস্থান নিয়ে তাঁরা একবাক্যে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস করা প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে পারবেন না। রিপাবলিকান দলের যেসব আইন প্রণেতা এই আইনের বিপক্ষে অবস্থান নেবেন, ক্ষমতার শেষ দিকে হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হবে।
সিনেটে ডেমোক্রেটিক দলের নেতা চার্লস শুমার বলেন, তিনি বর্ধিত প্রণোদনা আইনটি সিনেটে পাস হওয়ার ব্যাপারে আশাবাদী। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন, করোনায় বিপর্যস্ত নাগরিকদের ক্রমাগত সহযোগিতা দিয়ে যেতে হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর পরবর্তী নাগরিক সহযোগিতার আরেকটি আইন নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।
বেকার ভাতার অতিরিক্ত ৩০০ ডলার আগামী সপ্তাহে
আমাদের শাহ আহমদ জানান, নিউইয়র্কের কর্মহীনরা বেকার ভাতার অতিরিক্ত ফেডারেল সরকার থেকে দেওয়া ৩০০ ডলার আগামী সপ্তাহ থেকে পেতে শুরু করবেন। নিউইয়র্কের ১ মিলিয়নের বেশি কর্মহীন বেকার ভাতার সঙ্গে অতিরিক্ত ৩০০ ডলার পাবেন বলে গত ২৯ ডিসেম্বর অ্যান্ড্রু কুমো করোনাভাইরাসের প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন।