প্রতারক চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফোনকলের মাধ্যমে কিংবা মেলে চেক পাঠিয়ে প্রতারণা করছে। প্রক্রিয়াটি নতুন না হলেও নিয়মিত পন্থা বদলাচ্ছে তারা। অভিনব পন্থা অবলম্বন করছে।
বেশ কিছুদিন থেকে ফোনে, ই–মেইলে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে অনেকের অর্থ। পুলিশ, এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রাইম ইউনিট ব্যাপক অনুসন্ধান চালিয়ে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস, এমনকি নিউইয়র্কের লং আইল্যান্ডে থেকে প্রতারক চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এ দেশের মিডিয়াও এই প্রতারকদের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করছে।
প্রথম আলো উত্তর আমেরিকাসহ অন্যান্য বাংলা সংবাদমাধ্যমও এ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ করে। পাশাপাশি সম্প্রতি ডাকযোগে (মেলে) চেক পাঠিয়ে প্রতারণা শুরু হয়েছে। চক্রটি সার্টিফায়েড মেলের প্রক্রিয়ায় চেক পাঠাচ্ছে। সে ক্ষেত্রে প্রতারক চক্র স্কুল কলেজের শিক্ষার্থীদের বেছে নিয়েছে।
এ মাসেই স্কুলের বা কলেজগুলোতে সামারের ছুটি হবে। স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা দুই মাসের ছুটিতে বাড়তি আয়ের জন্য অনলাইনে কাজের আবেদন করে থাকে। বিভিন্ন কোম্পানি এ সময় অনলাইনে তাদের সুযোগ দিয়ে থাকে। তারা আনন্দের সঙ্গে কাজ করে। তাদের এই আয় ট্যাক্স মুক্ত।
প্রতারক চক্র এই সুবাদে অনলাইনে ফেক নামের কোম্পানির তালিকা তৈরি করে চাকরির আবেদন আহ্বান করছে। সঙ্গে থাকছে লোভনীয় আয়ের প্রস্তাব। জ্যামাইকায় বসবাসকারী নিউইয়র্ক এনওয়াই টেকের ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষের শিক্ষার্থী তাহসিন আহমদ এমনই একটি প্রতিষ্ঠান চারজা মার্কেট রিসার্চ ইনক নামে একটি কোম্পানিতে আবেদন করে দুই সপ্তাহ আগে।
ঈদের দিন বিকেলে মেইল বক্সে তাহসিনের নামে প্রায়োরিটি মেলের একটি বড় আকারের খাম আসে। খাম খুলে ভেতরে পাওয়া যায় ২৯৪৫ ডলারের সেন্ট্রাল ক্রেডিট ইউনিয়নের ক্যাশ চেক।
তাহসিন খুশিতে আত্মহারা। কাজ শুরু হওয়ার আগেই চেক! তাহসিনের মায়ের সন্দেহ হয়। কারণ তাঁর মা এ সংক্রান্ত প্রতারণার খবর মিডিয়ার মাধ্যমে সতর্কতা অবলম্বন করতে শুনেছেন। মা ছেলেকে গুগলে সার্চ করে কোম্পানির তথ্য সংগ্রহ করতে পরামর্শ দেন। মায়ের পরামর্শ অনুযায়ী তাহসিন সার্চ করে উক্ত কোম্পানির কোনো হদিসই পায়নি।
প্রতারক চক্রটি অল্প দিনের জন্য ওয়েব সাইটে এ ধরনের ভুয়া কোম্পানির তালিকা ছাড়ে। কয়েকটি আবেদন পাওয়ার পর তারা তালিকাগুলো সরিয়ে নেয় এবং প্রতারণা চালু করে।
প্রতারকদের পাঠানো চেকগুলো থাকে সঠিক। ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলেই সঙ্গে সঙ্গে ক্যাশ হবে। কারণ ক্যাশ চেক। চেক পাওয়ার পর কল আসবে, তুমি চেক ক্যাশ করে নাও এবং ক্যাশ করে তুমি তোমার জন্য এক হাজার রেখে অবশিষ্ট তাদের নির্দেশনায় একটি ঠিকানায় মানি অর্ডার করে পাঠাতে হবে কুরিয়ার সার্ভিসে। এভাবে প্রতিদিন অন্তত তিন চারটি চেক আসবে।
ভুয়া মানি অর্ডারের মাধ্যমে ব্যাংকে অথবা প্রাইভেট মানি ট্রান্সফারে ক্যাশিয়ার চেক বানিয়ে পাঠায় প্রতারক চক্র এবং তিন দিন পর এসব ধরা পড়ে। এদিকে যার অ্যাকাউন্টে ক্যাশ হলো, ব্যাংক তাকে দায়ী করে ফেরত দেওয়ার সমন পাঠাবে। অন্যতায় ব্যাংকের পলিসি অনুযায়ী ডলার উত্তোলনকারী অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। এমনকি অন্য কোনো ব্যাংকেও নতুন হিসাব খোলা যাবে না।
তাই মেলে বা ডাকে কোনো চেক আসলে সাবধান থাকুন। উত্তেজিত না হয়ে যাচাই করুন সব কিছু। যারা সামার জবের জন্য আবেদন করছে, সেসব কিশোর–তরুণদের এ ব্যাপারে সতর্ক করুন। না হলে জীবনের শুরুতেই প্রতারকদের কবলে পড়তে পারে আপনার সন্তান।