প্রতারণার রকমফের বাফেলো স্টাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ সেপ্টেম্বর বুধবার সকাল। অপরিচিত নম্বর থেকে ফোন এল। এরিয়া কোড দেখে কলটা যে বাফেলো এলাকা থেকে এসেছে এটা বোঝা গেল। কোনো রিয়েল এস্টেট ক্লায়েন্ট হবে চিন্তা করে ফোন ধরলাম। বাফেলো ইরি কাউন্টির এক গোয়েন্দা কর্মকর্তা অপর প্রান্ত থেকে আমার পরিচয় নিশ্চিত করে যা বললেন, তাতে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম।

বাফেলো ইস্ট সাইড এলাকায় আমার একটি বাড়ি আছে। গোয়েন্দা কর্মকর্তা আমার বাড়ির ঠিকানা বললেন এরপর। বললেন, ‘বাড়িটি নিয়ে প্রতারণা হয়েছে। একাধিক ব্যক্তি জড়িত ছিল। চারজন গ্রেপ্তার হয়েছে।’

ফেসবুক ও ক্রেইগ লিস্টে ফেক অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে নিজেকে রিয়েল এস্টেট এজেন্ট পরিচয় দেয় ১৯ বছরের শ্বেতাঙ্গ তরুণী। বাড়ি ভাড়া যাবে বিজ্ঞাপন প্রকাশ করে। ৫০ বছর বয়সী একজন জানালার কাচ ভেঙে ঘরে ঢোকে। প্রথমেই তালা বদলে নেয়। চক্রান্তকারী ওই মেয়ে তালা খুলে আগ্রহী ভাড়াটিয়াদের বাসা দেখতে দেয়। কয়েকজন সম্ভাব্য ভাড়াটিয়ার কাছ থেকে আংশিক সিকিউরিটি ডিপোজিটও সংগ্রহ করে।

যেকোনো অপরাধের বিপত্তি ঘটে কোনো না কোনো পর্যায়ে এসে। হলোও তাই। চার শ ডলার অগ্রিম নেওয়া হয় এক পরিবারের কাছ থেকে। আট শ ডলার করে এক মাসের ভাড়া। সিকিউরিটি ডিপোজিট মিলিয়ে ষোলো শ ডলার। প্রতারক চক্র বুঝতে পারে যে ভাড়া নিতে অতিমাত্রায় আগ্রহী এ গ্রুপ। চার শ ডলার অগ্রিম দেওয়ার পর নির্ধারিত তারিখে উপস্থিত হয়েছিল আরও বারো শ ডলার নগদ নিয়ে। বেসমেন্ট ফুটো হয়ে পানি পড়ে। অগ্রিম দেওয়ার সময়ই এসব মেরামতের শর্ত জুড়ে দেওয়া হয়। কিন্তু ঠিক করা হয়নি। ফলে বেঁকে বসেন সম্ভাব্য ভাড়াটিয়া।

বুঝতে আর দেরি হলো না ভুক্তভোগীদের। তারা প্রতারিত হতে চলেছেন। ১৮-২৮ বছর বয়সী তিন যুবক রয়েছে এ পরিবারে। সঙ্গে এক মধ্যবয়সী নারী। সম্ভবত এ তিনজনের মা। বাফেলোর এক দরিদ্র কৃষ্ণাঙ্গ পরিবারের সদস্য তাঁরা। অগত্যা অগ্রিম ওই চার শ ডলার তাৎক্ষণিকভাবে ফেরত চেয়ে বসলেন তাঁরা। এবার প্রতারক রিয়েল এস্টেট এজেন্ট পড়লেন বিপাকে। মারমুখী হয়ে উঠল তাঁর ওপরে ভুক্তভোগীরা।

বিপদ টের পেলে কী হবে। ওই চার শ ডলার কি আর আছে যে ফেরত দিয়ে রক্ষা হবে? যে লোকটি তাকে প্রতারণায় শামিল করেছিল, সেও নেই। চার শ ডলারের ভাগ নিয়ে কেটে পড়েছিল। অথবা আড়ালে অপেক্ষায় ছিল। বাকি টাকা সংগৃহীত হওয়ার পর এসে ভাগ বসাবে।

‘ঠিক আছে, আমাকে ব্যাংক অব আমেরিকায় নিয়ে গেলে টাকা উঠিয়ে দেব’, বলে তাঁদের সঙ্গে গাড়িতে চড়ে মেয়েটি। ব্যাংকে যাওয়ার পথে টেক্সট ম্যাসেজে পুলিশকে জানায় তাঁকে কিডন্যাপ করে চারজনের ডাকাত দল এটিএম মেশিনে নিয়ে যাচ্ছে। ব্যাংকের ঠিকানা দিয়ে এই কথা লিখে দেয় প্রতারক মেয়েটি।

ব্যাংকের কাছে গাড়িটি পার্ক করতেই চারদিক থেকে পুলিশের গাড়ি এসে ঘিরে তাঁদের গাড়িটি। বাসা ভাড়ার চার শ ডলার অগ্রিম দিয়ে প্রতারিত হওয়া ভুক্তভোগী চার যুবক উল্টো এখানে গ্রেপ্তার হয়। কিডন্যাপ, ডাকাতির মামলা হয় তাঁদের ওপর। পরে অবশ্য এরা জামিনে ছাড়া পায়। মামলা চলছে। প্রকৃত অপরাধী প্রতারক চক্রের দুজনকেও পরে গ্রেপ্তার করে চার্জ আনা হয়েছে। দুটি মামলাই বর্তমানে বাফেলো আদালতে চলছে।