প্রতি সফরের আগে–পরে করোনা টেস্ট করান বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে বাইডেন ও তাঁর প্রচার শিবির
ছবি: রয়টার্স

নির্বাচনী প্রচার শিবিরের প্রতিটি কর্মীর কোভিড-১৯ টেস্টের ফল জানানোর প্রতিশ্রুতি দিয়েছে আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের প্রচার দল।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ অক্টোবর রাতে জো বাইডেনের প্রচার শিবির থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন। মেলানিয়া আছেন হোয়াইট হাউসেই।

বাইডেনের প্রচার শিবির থেকে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন। এ কারণে বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন করোনার পরীক্ষা করান। ২ অক্টোবর বাইডেন জানিয়েছেন, তাঁরা দুজনই কোভিড নেগেটিভ হয়েছেন। প্রতিটি সফর শেষে বাইডেন নিয়মিত করোনার পরীক্ষা করান।

বাইডেন শিবিরের মুখপাত্র অ্যান্ড্রিউ বেটস বলেন, ‘আমরা প্রচার শিবিরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের নির্দেশনা মেনে চলি। এর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও অতিরিক্ত সুরক্ষা পদ্ধতি রয়েছে। বাইডেন নিয়মিত করোনার টেস্ট করান। আমরা প্রতিটি টেস্টের ফল প্রকাশ করব।’

প্রতিবেদনে বলা হয়, বাইডেন জানিয়েছেন, ফ্লোরিডা সফরের আগে ৪ অক্টোবর তিনি আবারও করোনার টেস্ট করাবেন।