প্রতিটি দাঙ্গার পরের ভোটে লাভবান হয়েছে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নামজাদা ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ভারতে প্রতিটি সহিংসতার পরবর্তী নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি লাভবান হয়েছে। গবেষণায় বলা হয়েছে, সহিংসতার কারণে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি হয় এবং এর ফলে ধর্মভিত্তিক দলগুলো ধর্মনিরপেক্ষ কংগ্রেসকে হটিয়ে লাভবান হয়। খবর ইকোনমিক টাইমসের।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের তিন রাষ্ট্রবিজ্ঞানী ওই গবেষণা করেছেন। এর ভিত্তিতে তাঁরা বলেছেন, কংগ্রেস ১৯৬২ থেকে ২০০০ সাল পর্যন্ত অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সব নির্বাচনে পরাজিত হলে ভারতে সাম্প্রদায়িক সহিংসতা ১০ শতাংশ বেশি হতে পারত। আর তাতে হতাহতের সংখ্যাও বাড়ত হাজার হাজার।
গ্যারেথ নেলিস, মাইকেল উইভার ও স্টিভেন রোজেনজওয়েইগের ওই গবেষণাপত্রের শিরোনাম ‘রাজনৈতিক দলগুলো কি জাতিগত সহিংসতাকে প্রভাবিত করে? ভারতের প্রামাণ্য তথ্য’। এতে বলা হয়, কংগ্রেসের একজন এমএলএ নির্বাচিত হলে সংশ্লিষ্ট এলাকায় পরবর্তী নির্বাচনের আগে দাঙ্গার আশঙ্কা প্রায় ৩২ শতাংশ কমে যায়।
এই তিন রাষ্ট্রবিজ্ঞানী লিখেছেন, মুসলিম ভোটারদের সঙ্গে কংগ্রেসের শক্তিশালী যোগাযোগ রয়েছে। হিন্দু-মুসলিম দাঙ্গার ফলে নির্বাচনী রাজনীতিতে কংগ্রেসকে মূল্য দিতে হয়। এসব দাঙ্গায় নির্দিষ্ট ধর্মভিত্তিক দলগুলো ফায়দা নেয় এবং কংগ্রেসের মতো বহু-সম্প্রদায় সমর্থিত দলগুলো ক্ষতিগ্রস্ত হয়।
‘হিন্দু জাতীয়তাবাদী’ দলগুলোর ভোট পাওয়ার ওপর দাঙ্গার প্রভাব বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়, কোনো নির্বাচনের আগের বছর দাঙ্গা হলে ভারতীয় জনতা সংঘ (বিজেএস) বা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভোট শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়। দাঙ্গার কারণে নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক মেরুকরণের জন্য পরবর্তী নির্বাচনগুলোতে কংগ্রেসের লোকসান হয়। এতে দলটির বিভিন্ন অঙ্গসংগঠন কোনো নির্বাচনের পরাজয়ের পর পাল্টা দাঙ্গার উসকানি দিতে পারে। তা ছাড়া, দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয় মুসলিম ভোটাররা তাদের ভোটের ওপর নির্ভরশীল কংগ্রেসের প্রতি অসন্তুষ্ট হয়ে উঠতে পারে। ফলে মুসলিম জনসংখ্যা বেশি—এমন এলাকায় দাঙ্গার উসকানি দেওয়াটা একটা রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। এ ধরনের ঘটনার প্রতিক্রিয়া কংগ্রেসের ওপরই সবচেয়ে বেশি পড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘কংগ্রেসের ভূমিকার গুরুত্বের ব্যাপারে আমাদের অনুমান সম্ভবত বাস্তবের চেয়ে কিছুটা দূরে। এটাই তাদের ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।’ গবেষণার ফলাফলে দেখা যায়, হিন্দু-মুসলিম দাঙ্গার মতো ঘটনা কংগ্রেসের ভোট পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এবং এসব ঘটনার প্রতিক্রিয়ায় পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। এতে আরও দাঙ্গা সংঘটনের পরিস্থিতি এবং একটা ‘পঙ্কিল চক্র’ তৈরি হয়।