প্রতিদিন নতুন নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামার নাম ছিল ‘নো ড্রামা ওবামা’। এখন ডোনাল্ড ট্রাম্পের আমলে হোয়াইট হাউস হয়ে দাঁড়িয়েছে ‘প্রতিদিন নতুন ড্রামা’। একদিকে নিয়ন্ত্রণহীন এক প্রেসিডেন্ট, অন্যদিকে নিজেদের মধ্যে অন্তর্ন্দ্বন্দ্ব ও কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত কর্মকর্তারা। এই ড্রামার সর্বশেষ শিকার হতে চলেছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স ও চিফ অব স্টাফ রিন্স প্রিবাস।

সর্বশেষ গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, জেফ সেশন্সের ভাগ্য শিগগির নির্ধারিত হতে যাচ্ছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প নিজে টুইট করেছেন, ‘হিলারি ক্লিনটনের (সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী) অপরাধ এবং তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে খুব দুর্বল অবস্থান নিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স।’

গত কয়েক দিন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে উষ্মা প্রকাশ করে আসছেন। তাঁর পূর্ব অনুমতি ছাড়াই রাশিয়ার সঙ্গে আঁতাতের প্রশ্নে যে তদন্ত হচ্ছে তা থেকে সেশন্স নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। কিছুদিন আগে নিউইয়র্ক টাইমস-এর কাছে এক সাক্ষাৎকারে নিজের বিচারমন্ত্রীর ব্যাপারে তাঁর আস্থা নেই, ট্রাম্প সে কথা কোনো রাখঢাক ছাড়াই জানান। তিনি অভিযোগ করেন, ‘লোকটা যদি এই তদন্ত থেকে নিজেকে প্রত্যাহারের কথা আগে থেকে জানাত, তাহলে তাকে এই পদে আমি নিয়োগ দিতাম না।’

সোমবার সেশন্সের ব্যাপারে ফের অভিযোগ তোলেন ট্রাম্প। সেশন্স ‘বেকায়দায় আছেন’ সে কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে ট্রাম্প ক্যাম্পেইনের আঁতাত নিয়ে তদন্তের বদলে বিচার বিভাগের উচিত হবে রাশিয়ার সঙ্গে হিলারি ক্লিনটনের আঁতাত নিয়ে তদন্ত। নতুন বার্তাপ্রধান অ্যান্থনি স্কারামুচি ট্রাম্পের বিরাগের কারণ ব্যাখ্যা করে বলেছেন, সেশন্সের বিভিন্ন কাজে প্রেসিডেন্ট মোটেই খুশি নন। কয়েক দিন আগে জানা যায়, সেশন্স রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে ইতিপূর্বে অপ্রকাশিত আরও একটি বৈঠকে মিলিত হন। খবরটি হোয়াইট হাউস থেকে ফাঁস করা হয়েছে বলে জানা গেছে। উদ্দেশ্য, সেশন্সের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি।

ট্রাম্পের সবচেয়ে অনুগত সমর্থকদের একজন হওয়া সত্ত্বেও সেশন্সকেই যে ‘বাসের তলে ফেলে দেওয়ার’ চেষ্টা হচ্ছে, তাতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অধিকাংশ ভাষ্যকারই মনে করেন, ট্রাম্প চাইছেন সেশন্স নিজ থেকেই পদত্যাগ করুন, তাহলে নিজের পছন্দমতো একজন নতুন অ্যাটর্নি জেনারেলকে তিনি নিয়োগ দিতে পারেন। শোনা যাচ্ছে সেশন্স বাদ পড়লে তাঁর জায়গায় নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে মনোনয়ন দিতে পারেন ট্রাম্প। তবে কাজটা খুব সহজ হবে না। এর ফলে রাশিয়ার ব্যাপারে ট্রাম্প কিছু একটা লুকাতে চাইছেন, সে সন্দেহ আরও ঘনীভূত হবে। তা ছাড়া সিনেটে নতুন অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন নিশ্চিত করা কঠিন একটি কাজ হবে।

শুধু সেশন্স নয়, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রিন্স প্রিবাসকে নিয়েও জল্পনাকল্পনা চলছে। তাঁর আপত্তি সত্ত্বেও বার্তাপ্রধান হিসেবে স্কারামুচির নিয়োগ থেকে স্পষ্ট যে প্রিবাসের ভূমিকা হ্রাস পেয়েছে। এ কথা কোনো গোপন নয় যে সদ্য পদত্যাগকারী হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার ও প্রিবাস ঘনিষ্ঠ মিত্র ছিলেন, উভয়েই রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় সাবেক কর্মকর্তা। একাধিক রাজনৈতিক সূত্র থেকে বলা হয়েছে, প্রিবাসের জায়গায় স্কারামুচির নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

খরচের খাতায় আরও একজনের নাম উঠেছে বলে জানা গেছে। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ম্যাকমাস্টারের ব্যাপারে খুশি নন ট্রাম্প। নিয়োগ পাওয়ার পরপরই তাঁদের দুজনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যে নতুন সমরনীতির প্রস্তাব করেছেন ম্যাকমাস্টার, তা নিয়েও বিবাদের সৃষ্টি হয়েছে। স্টিভ ব্যানন খোলাখুলিভাবে তাঁর আপত্তির কথা জানিয়ে বলেছেন, ম্যাকমাস্টার আফগানিস্তানে ‘দেশ গঠনে’ ওবামার নীতি অব্যাহত রাখতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প অথবা ব্যানন কেউই সে ভূমিকার সমর্থক নন।

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও বাদ যেতে পারেন বলে একাধিক সূত্র থেকে বলা হয়েছে। তবে সেটি ট্রাম্পের বিরাগের কারণে নয়, টিলারসনের অসন্তুষ্টির কারণে। সিএনএন জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্টের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের মনোভাবে টিলারসন অত্যন্ত ক্ষুব্ধ। হোয়াইট হাউসের নাক গলানোর কারণে তাঁর দপ্তরের অনেক শীর্ষস্থানীয় চাকরি শূন্য রয়েছে। সিএনএন জানিয়েছে, অবস্থার পরিবর্তন না হলে এই বছরের শেষ নাগাদ দায়িত্ব ছেড়ে দিতে পারেন টিলারসন।