প্রতিদিন প্লেনে চড়ে অফিসে!

কার্ট ভন ব্যনডিন্সকি। পেশায় যন্ত্র প্রকৌশলী; সান ফ্রান্সিসকোর এক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহউদ্যোক্তাও তিনি। থাকেন লস অ্যাঞ্জেলেসে। সান ফ্রান্সিসকোয় নিজ কর্মক্ষেত্রে যোগ দিতে তাঁকে প্রতিদিনই ভ্রমণ করতে হয় উড়োজাহাজে।
সান ফ্রান্সিসকোয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে ব্যনডিন্সকির মতো এমন যন্ত্র প্রকৌশলী আরও রয়েছেন নিশ্চয়। কিন্তু তাঁর মতো আর কাউকে হয়তো নিজ কর্মক্ষেত্রে যেতে প্রতিদিন উড়োজাহাজে ভ্রমণ করতে হয় না। এখানেই শেষ নয়। নিজ আবাসস্থল থেকে কর্মক্ষেত্রে যেতে তাঁকে আরও দুবার বাহন পাল্টাতে হয়। দুবার গাড়ি ও একবার উড়োজাহাজে করে ব্যানডিন্সকি প্রতিদিন পাড়ি দেন ৭৭০ মাইল। আর যাত্রাকাল ছয় ঘণ্টা।
অফিসের কাজ সাড়ে ৮টায় শুরু হলেও সপ্তাহে পাঁচদিনই ব্যানডিন্সকিকে ঘুম থেকে উঠতে হয় ভোর ৫টায়। ১৫ মিনিট গাড়ি চালিয়ে তাঁকে যেতে হয় বব হোপ বারব্যাংক বিমানবন্দরে। সেখান থেকে এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজে করে ৩৫৩ মাইল দূরবর্তী ওকল্যান্ড। সময় লাগে দেঢ়ঘণ্টা। ক্যালিফোর্নিয়াভিত্তিক এয়ারলাইন সার্ফ এয়ারের বহির্গমন ভবনের পাশেই অবতরণ করেন তিনি। উড়োজাহাজে করে যাতায়াতের জন্য সার্ফ এয়ারকে মাসে ২ হাজার ৩০০ ডলার দেন ব্যানডিন্সকি। ওকল্যান্ড বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করে একটি গাড়ি, যেটায় চড়ে তিনি সান ফ্রান্সিসকো যান।
প্রতিদিন ৭৭০ মাইল ভ্রমণ! সত্যিই ভয়াবহ ব্যাপার। কারণ এর মধ্যে রয়েছে বৈরী আবহাওয়ার চোখ রাঙানিও। লস অ্যাঞ্জেলেস থেকে রওনা হওয়ার সময় দিনটি হয়তো ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে সান ফ্রান্সিসকোয় পৌঁছে হয়তো দেখা গেল কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা আবহাওয়া। রয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বাড়তি ধকলও। অবশ্য এখন আর ব্যানডিন্সকিকে এর মধ্য দিয়ে যেতে হয় কমই। কারণ নিরাপত্তা রক্ষীরাও তাঁকে চিনে ফেলেছেন ভালোভাবে।
এ বিষয়ে ভন ব্যানডিন্সকি বিবিসিকে বলেন, ‘প্রথম কয়েক মাস নিরাপত্তা রক্ষীরা আমাকে সব সময় আটকালেও এখন আর তেমনটা হয় না।’ দিনে সাড়ে আট ঘণ্টা কাজের পর ছয় ঘণ্টা শুধু ভ্রমণ তাকে ক্লান্ত করে না বলেও জানান ব্যানডিন্সকি। তিনি বলেন, ‘সব চাহিদা অর্জনের সক্ষমতা আমার রয়েছে। প্রাত্যহিক ছয় ঘণ্টা ভ্রমণ আমাকে এ আত্মবিশ্বাস দেয়। প্রতিটি দিনই আমি উপভোগ করি।’