প্রতিদিন সুরক্ষা হারাচ্ছে ১২০ জন ড্রিমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) প্রকল্পের আওতায় থাকা অনিবন্ধিত তরুণ অভিবাসীরা ভীষণ শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন। বর্তমানে প্রতিদিন ড্রিমার নামে খ্যাত প্রায় ১২০ জন তরুণ অভিবাসী তাদের
সুরক্ষা হারাচ্ছে। ফলে আমেরিকা থেকে বিতাড়নের ঝুঁকিতে পড়ছে তারা।
গত বছরের ৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিএসিএ প্রকল্পের সমাপ্তি ঘোষণা করে মার্চ পর্যন্ত সময় বেঁধে দেন। সে সময় তিনি ছয় মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন প্রণয়ন করে ডিএসিএ প্রকল্প প্রতিস্থাপনের আহ্বান জানান কংগ্রেসের প্রতি। এদিকে এই ঘোষণার পর তাঁর প্রশাসন দুই বছরের মেয়াদ নবায়নে ড্রিমারদের আবেদনের জন্য মাত্র এক মাস সময় বেঁধে দেয়। এত অল্প সময়ে ড্রিমারদের অনেকেই আবেদন করতে ব্যর্থ হন। এর সঙ্গে ছিল ডাক বিভাগের বিড়ম্বনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র পৌঁছানোর বিলম্বের বিষয়ও।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, বেঁধে দেওয়া স্বল্প সময় এবং ডাক বিভাগের বিলম্বের কারণে ২১ হাজার ৭৯০ জন ড্রিমার আবেদন করতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে আগামী ৫ মার্চ পর্যন্ত গড়ে ১২০ জন করে ড্রিমার তাদের সুরক্ষা হারাচ্ছেন। ফলে তাঁরা আমেরিকা থেকে বিতাড়নের ঝুঁকিতে পড়ছেন। আর কাজের অনুমোদন (ওয়ার্ক পারমিট) হারানোর বিষয়টি তো রয়েছেই।
অভিবাসন আইনজীবী ও ড্রিমার সমর্থকেরা বলছেন, প্রতি দিন এত বড় সংখ্যক ড্রিমার তাঁদের এত দিনের সুরক্ষা হারানোটা ভয়াবহ। তাই কংগ্রেসের উচিত ৫ মার্চ পর্যন্ত অপেক্ষা না করে, যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটি যথাযথ আইন প্রণয়ন করা। স্বয়ং প্রেসিডেন্টও যেহেতু ডিএসিএর মতো সাময়িক একটি সুরক্ষার বদলে আইনের আওতায় স্থায়ী সুরক্ষা দেওয়ার জন্য কংগ্রেসকে একটি পথ বের করার আহ্বান জানিয়েছেন, সেহেতু কংগ্রেসের এ ক্ষেত্রে বিলম্ব করাটা উচিত নয়।
অ্যারিজোনা ড্রিম অ্যাক্ট কোয়ালিশনের পরিচালক কারিনা রুইজ ইউএসএ টুডেকে বলেন, ‘কংগ্রেসের প্রতি দিনের কালক্ষেপণের অর্থ হচ্ছে আরও আরও ড্রিমারের সুরক্ষা হারানো। এটি যত দ্রুত ঘটে ততই মঙ্গল।’
এখন পর্যন্ত অন্তত ১৪ হাজার ৬০০ ড্রিমার বিতাড়ন থেকে সাময়িক সুরক্ষা ও কাজের অনুমোদন হারিয়েছেন। আর মার্চের মধ্যে কংগ্রেস এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে ২০১৯ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ ৭ লাখ ৮০ হাজার ড্রিমারের সবাই এ সুরক্ষা হারাবেন। অর্থাৎ ৫ মার্চের পর প্রতিদিন সুরক্ষা হারানো ড্রিমারের সংখ্যা লাফ দিয়ে ১ হাজার ১৬৫ জনে দাঁড়াবে।