প্রতিনিধি পরিষদে ট্রাম্পের সাবেক উপদেষ্টাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিষয়ে সাক্ষ্য দিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের উপদেষ্টাকে তলব করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটি। মাইকেল কাপুতো নামের ওই উপদেষ্টা ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত ট্রাম্পের হয়ে কাজ করেছেন।

আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এখন সৌদি আরবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বিদেশ সফর। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান জেমস কোমিকে হঠাৎ বরখাস্ত করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট। নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করছিলেন কোমি ও তাঁর দল।

 কাপুতো ট্রাম্পের বিতর্কিত রাজনৈতিক উপদেষ্টা রজার স্টোনের ঘনিষ্ঠ বলে পরিচিত। রজার স্টোন ১৯৯০ এর দশকে রাশিয়ায় কাজ করেছেন। রুশ হস্তক্ষেপ বিষয়ে প্রতিনিধি পরিষদে গত মার্চ মাসের শুনানি চলাকালে ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য জ্যাকি স্পিয়ার কাপুতোকেও তলব করার আহ্বান জানিয়েছিলেন। ওই শুনানির সময় কোমিও সাক্ষ্য দেন। তখন জ্যাকি স্পিয়ার বলেছিলেন, রুশ কোম্পানি গাজপ্রমের জন্য অল্প সময়ের জন্য জনসংযোগের কাজ করেছিলেন কাপুতো। ২০০৭ সালে ইউক্রেনের পার্লামেন্ট নির্বাচনের সময় পরামর্শক হিসেবে কাজ করার সময় তিনি সে দেশে তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।

এদিকে সিএনএন জানায়, সদ্য সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে প্রকাশ্যে সাক্ষ্য দিতে চলেছেন। এই কমিটির নেতারা গত শুক্রবার বিষয়টি জানিয়েছেন। প্যানেল চেয়ারম্যান রিচার্ড বার ও ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেছেন, এর তারিখ এখনো নির্ধারিত হয়নি।

এক বিবৃতিতে রিচার্ড বার বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যে মূল্যায়ন তাতে কোমির ভূমিকা বিষয়ে তাঁর সাক্ষ্য নিতে চায় কমিটি।