২৫ ঘণ্টা কংগ্রেসের মেঝেতে বসে ছিলেন ডেমোক্র্যাটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য আইন কঠোর করার দাবিতে অভিনব অবস্থান কর্মসূচি শেষ করেছেন ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যরা। ২৫ ঘণ্টার বেশি সময় প্রতিনিধি পরিষদের মেঝেতে কার্পেটের ওপর বসে ছিলেন তাঁরা। অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে রিপাবলিকান দলের সক্রিয়©ভূমিকার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অবস্থান ধর্মঘট চলার সময় রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা সেখানে থাকা টেলিভিশন ক্যামেরা বন্ধ করে দিয়ে সম্প্রচারে বাধা দেন। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় প্রতিনিধি পরিষদে বিশৃঙ্খলা দেখা দেয়।
কর্মসূচি শেষ করলেও ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা এ বিষয়ে আরও জোরের সঙ্গে আগামী মাসে কংগ্রেসে সোচ্চার হওয়ার অঙ্গীকার করেন। প্রতিনিধি পরিষদে দ্বিতীয় শীর্ষ ডেমোক্র্যাট নেতা স্টেনি হয়ার গণমাধ্যমকে বলেছেন, অবস্থান কর্মসূচি পালনকারী আইনপ্রণেতারা এখন যাঁর যাঁর এলাকায় ফিরে যাবেন। তাঁরা সেখানে আগ্নেয়াস্ত্র আইন প্রণয়নের ব্যাপারে জনসমর্থন জোগাড়ের চেষ্টা করবেন।
একের পর এক বন্দুক সন্ত্রাসের কারণে বিশেষ করে কিছু ভারী আগ্নেয়াস্ত্র কেনার ওপর যাতে কড়াকড়ি আরোপ করা যায়, সে চেষ্টাই করছেন ডেমোক্র্যাটরা। রিপাবলিকান দল ও তাদের সমর্থক বন্দুকের মালিকানার পক্ষের প্রভাবশালী সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনসহ (এনআরএ) রক্ষণশীলেরা এর বিরোধী। তারা মার্কিন সংবিধানে উল্লেখ করা প্রত্যেক নাগরিকের আত্মরক্ষার্থে অস্ত্র রাখার অধিকারের যুক্তি দেখিয়ে থাকে।
১২ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইট ক্লাবে আফগান বংশোদ্ভূত যুবক ওমর মতিনের নির্বিচার গুলিতে ৪৯ জন নিহত হন। পুলিশের গুলিতে মতিনও নিহত হন। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি আবার জোরালো হয়ে ওঠে। কংগ্রেসে অস্ত্র আইনের বিষয়ে জোর দাবি করেন ডেমোক্র্যাটরা। অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের বিষয়ে ভোটাভুটির সিদ্ধান্ত দেওয়ার দাবিতে অনড় থাকেন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। তবে ডেমোক্র্যাটদের এ অবস্থানকে প্রচারণার চমক বলে অভিহিত করেছেন রিপাবলিকানরা।
প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক পার্টির সদস্য মার্ক টাকানো বলেন, ‘মাননীয় স্পিকার, এর মধ্যে প্রচারণার চমক নেই। আমাদের দাবির মধ্যে আছে জেগে ওঠার আহ্বান।’
প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান পার্টির নেতা পল রায়ান অস্ত্র নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করে আইন প্রণয়নে ভোটাভুটির দাবি প্রত্যাখ্যান করেন। ডেমোক্র্যাটদের দাবি পাশ কাটানোর জন্য শেষ পর্যন্ত নতুন একটি বিষয়ে ভোটাভুটির জন্য প্রস্তাব তোলে রিপাবলিকান পার্টি। জিকা ভাইরাস নিয়ন্ত্রণে তহবিল গঠন নিয়ে ওই বিল উত্থাপন করা হয়। রিপাবলিকান পার্টির সদস্য জন ফ্লেমিং বলেন, ‘আমরা পরিষদের কার্যক্রম শুরু অব্যাহত রাখতে চাই। ওরা ওদের কাজ করতে থাকুক।’