মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ‘দমিয়ে রাখতে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বাড়িয়ে দিতে পারে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন সিনেটে বিশ্বজুড়ে নিরাপত্তাঝুঁকি নিয়ে শুনানিতে এ শঙ্কার কথা বলেন তিনি।
এপির খবরে বলা হয়, বাংলাদেশে কয়েকজন বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এ তৎপরতা বলে মনে করা হয়। তবে সরকারি এ অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন জেমস ক্ল্যাপার। সিনেটে দেওয়া লিখিত বক্তব্যে ক্ল্যাপার উল্লেখ করেন, বাংলাদেশে বিদেশি নাগরিক ও সংখ্যালঘুদের ওপর ১১টি বড় ধরনের হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এ ছাড়া ২০১৩ সাল থেকে ১১ জন প্রগতিশীল লেখক ও ব্লগার হত্যার দায় স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)।
এপির খবরে বলা হয়, বর্তমান সরকার বাংলাদেশে আইএসের উপস্থিতির কথা স্বীকার করে না। বরং তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশীয় ইসলামি গোষ্ঠী ও রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে।