প্রতিবন্ধীদের সুখ-দুঃখের সঙ্গী শরীফ রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীফ রহমান
শরীফ রহমান

শরীফ রহমানের সঙ্গে ম্যানহাটনের ৫ পেন প্লাজায় যখন দেখা তখনো তিনি দুজন কর্মী নিয়োগের সাক্ষাৎকার নিচ্ছিলেন। ওই কর্মীরা মূলত ল্যাটিন কমিউনিটিতে কীভাবে প্রতিবন্ধীদের জন্য সুযোগ ছড়াতে পারেন, সেটার ব্যাখ্যা দিচ্ছিলেন। নোয়াখালীতে জন্ম নেওয়া শরীফ রহমান দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের আইনি সহায়তায় কাজ করছেন।
১৯৯৫ সালে শরীফ রহমান নিউজার্সিতে থাকার সময় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনি তিনি মাথায় আঘাত পান যাতে তাঁর ব্রেন ইনজুরি হয়। সে সময় চিকিৎসাকালে বিভিন্ন হাসপাতালে প্রতিবন্ধী মানুষের সঙ্গে থেকে, তাঁদের সঙ্গে চলাফেরা করে তাঁদের জানাশোনার সুযোগ তৈরি হয়। শরীফ দেখতে পান, আমেরিকার মতো দেশে প্রতিবন্ধী মানুষগুলোর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরিচয় একটি বড় বিবেচ্য বিষয় হিসেবে কাজ করে। কোন কোন প্রতিষ্ঠান শুধু খ্রিষ্টান ধর্মের অনুসারীদের কল্যাণে কাজ করে। কোন কোন প্রতিষ্ঠান শুধু মুসলিমদের জন্য নিবেদিত, আবার কোন কোন প্রতিষ্ঠান কেবল হিন্দুদের জন্য বা ইহুদি ধর্মের মানুষের নিয়ে কাজ করে। শরীফ রহমান ভাবতে থাকেন, সবার আগে মানুষ হিসেবেই শারীরিক বা মানসিক প্রতিবন্ধী মানুষের চিকিৎসাপ্রাপ্তি তার অধিকার। ধর্মীয় পরিচয় সেখানে বিবেচ্য হওয়া উচিত নয়। সেই থেকেই নিজে প্রতিষ্ঠা করেন সেক্যুলার ডিজঅ্যাবিলিটি সেন্টার।
এর আগে, শরীফ এই বিষয়ে পড়াশোনা করেন। ২০০০ সালে সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক থেকে ডিজঅ্যাবিলিটি স্টাডিজে ডিগ্রি নেন তিনি। এর আগে ১৯৯৯ সালে ডিজঅ্যাবিলিটি কনসালট্যান্ট ইনক নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। গত ১৮ বছরে সেই প্রতিষ্ঠানের ব্যাপ্তি অনেক বেড়েছে। প্রতিবন্ধী মানুষদের রাষ্ট্রীয় সুবিধা, সরকারি ভাতা, নাগরিকত্ব ইত্যাদি আদায়ে আইনি সহায়তা দিয়ে থাকে তাঁর প্রতিষ্ঠান। নিউইয়র্কের ডাঙ্কয়ার্ডসহ আটটি কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করছেন তাঁর সেক্যুলার ডিজঅ্যাবিলিটি আইনি সহায়তা কার্যক্রম। ১০ হাজারের বেশি মানুষকে তাদের প্রতিষ্ঠানের সেবার আওতায় নিয়ে এসেছেন বলে দাবি করেন তিনি। আইনি সহায়তার বাইরে, প্রতিবন্ধীদের চিকিৎসাসেবায়ও অনেক দুর এগিয়েছেন শরীর রহমান।
প্রতিবন্ধীদের সহায়তার ধারাবাহিকতায় ২০০৮ সালে ইউএমএ ডিজঅ্যাবিলিটি ইনক নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ গ্রহণ করেন শরীফ রহমান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধীদের চিকিৎসার কাজটি করা হয়। অ্যাডাল্ট সোশ্যাল ডে কেয়ার সেন্টার, ডায়াগনস্টিক অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার, অ্যাডিকশন কাউন্সেলিং সেন্টার—এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দিকেই এখন মনোযোগী হচ্ছেন তিনি।
শরীফ রহমান বলেন, ‘আমাদের অনেকেই আছেন, যাঁরা নানাভাবেই রাষ্ট্রের প্রতিবন্ধী সংজ্ঞার মধ্যে পড়েন। অথচ সে বিষয়ে খুব কমই ধারণা আছে তাদের। যুক্তরাষ্ট্রের আইন প্রতিবন্ধীদের কল্যাণে অনেক দরজা উন্মুক্ত রেখেছে। শুধু শারীরিকভাবে পঙ্গুত্ব নয় বরং অন্য অনেকভাবেই নিজেকে প্রতিবন্ধী হিসেবে আবিষ্কার করতে পারেন অনেক মানুষ। শুধু পর্যাপ্ত আইনি কাঠামো এবং জ্ঞানের স্বল্পতার কারণে বিপর্যস্ত জীবন পার করছেন প্রতিবন্ধিত্ব নিয়ে। তারা কিন্তু নিজেদের প্রতিবন্ধী প্রমাণ করতে পারলে সারা জীবন রাষ্ট্রীয় বেতানাদি আর সুবিধার মধ্যে স্বাচ্ছন্দ্যেই কাটাতে পারেন। সত্যিকারের প্রতিবন্ধীরা সেই সুবিধাটুকু যেন পান আমরা কেবল, সেটার আইনি সুবিধা দিতেই কাজ করছি।’
শরীফ আরও বলেন, ১৯৯৫ সালে দুর্ঘটনার পর অন্তত পাঁচ বছর রাষ্ট্রের প্রতিবন্ধী কোটায় নিজের চিকিৎসা আর জীবন-জীবিকা চালিয়ে নিয়েছিলেন তিনি। নিজে সুস্থ্ হওয়ার পর সেই কোটাভিত্তিক সুবিধা থেকে নিজের নাম প্রত্যাহারই করেননি। বরং অন্যরা যেন সেই সুবিধা পায় সেই লক্ষ্যেই কাজ করছেন দিন-রাত্রি।