ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে সম্প্রতি রংপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে কর্মসূচি গ্রহণ নিয়ে কানাডার মন্ট্রিয়েলে ১৯ নভেম্বর সন্ধ্যায় সনাতন ধর্ম মন্দিরে এক প্রস্তুতি সভা হয়েছে। বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন অব কুইবেক সভার আয়োজন করে।
সভায় এসব ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায়ের পক্ষ থেকে কার্যকর কঠোর পদক্ষেপ না নেওয়ায় অভিযোগ এনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শ্রী বাদল সাহা। সভায় সর্বসম্মতিক্রমে তিনটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবগুলো হচ্ছে, রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সাহায্য দান, কানাডা সরকার ও বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের কানাডাস্থ হাই কমিশন/দূতাবাসে স্মারকলিপি পেশ, আগামী ২ ডিসেম্বর সন্ধ্যায় সনাতন ধর্ম মন্দিরে প্রতিবাদ সমাবেশ।
এসব প্রস্তাব বাস্তবায়নে কমিউনিটির সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়। সভায় আলোচনায় অংশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন ব্যক্ত করেন অ্যাডভোকেট ফনীন্দ্র কুমার ভট্টাচার্য, শ্যামল দত্ত, রীতীশ চক্রবর্তী, অ্যাডভোকেট সমীর চট্টোপাধ্যায়, কৃষ্ণপদ সেন, দীপক ধর অপু, অনুপ কুমার চৌধুরী মিঠু, সঞ্জীব কুমার দেব, স্বরাজ চৌধুরী, রূপক চক্রবর্তী ও শ্রীমতি শর্মিলা ধর।
বক্তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকা অবস্থায় বারবার ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা, নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তরিতকরণ, তাদের জমিজমা দখল ইত্যাদি মেনে নেওয়া যায় না।