প্রতিবেশী দেশগুলোকে ঋণের জালে জড়াচ্ছে চীন
প্রতিবেশী দেশগুলোকে ঋণ দিয়ে ধীরে ধীরে আগ্রাসনের পথে হাঁটা শুরু করেছে চীন। এ নিয়ে চিন্তায় পড়েছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ড্যানফোর্ড। আমেরিকার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির কাছে ১৯ ডিসেম্বর গোটা বিষয়টি জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ড্যানফোর্ড।
চীনের আর্থিক সহযোগিতায় বেলুচিস্তান প্রদেশে বন্দর বানাচ্ছে পাকিস্তান। বন্দরসহ বিভিন্ন নির্মাণাধীন প্রকল্পের জন্য চীনের কাছ থেকে এক হাজার কোটি ডলার ঋণ নিয়েছে পাকিস্তান। ড্যানফোর্ড জানান, এভাবেই প্রতিবেশী দেশগুলোকে ঋণের জালে ফাঁসিয়ে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে চীন। চীনের এই ঋণনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে যে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, সে সম্ভাবনার কথাও তুলে ধরেছেন ড্যানফোর্ড।
চীনের এই ‘ছদ্মবেশী’ ঋণনীতি সম্পর্কে বলতে গিয়ে শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদাহরণও তুলে ধরেন ড্যানফোর্ড। সমুদ্রবন্দর বানানোর জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। বদলে ওই বন্দর ৯৯ বছর ব্যবহারের জন্য চীনকে ইজারা দেয় শ্রীলঙ্কা। শুধু তাই নয়, শর্ত অনুযায়ী বন্দরের ৭০ শতাংশই আয়ত্তে থাকবে চীনের। মালদ্বীপের ক্ষেত্রেও একই নীতি নিয়েছে চীন।
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে চীন। তাতে রাজিও হয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। আর সেই সঙ্গে ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়ছে দেশগুলো। এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য প্রান্তেও নিজেদের প্রভাব বাড়াচ্ছে চীন।
ড্যানফোর্ড তাই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এখনই যদি চীনের এই ‘ছদ্মবেশী’ ঋণনীতিকে গুরুত্ব সহকারে না নেওয়া হয়, তাহলে এর প্রভাব আমেরিকার ওপরও পড়তে পারে। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশগুলোর সেনাবাহিনীর ওপর ইতিমধ্যেই যথেষ্ট প্রভাব বিস্তার করেছে চীন। দক্ষিণ চীন সাগরে যেভাবে চীন দাপট বাড়ানোর চেষ্টা করছে, তা যথেষ্ট চিন্তার বিষয়। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে দক্ষিণ চীন সাগর ও ওই অঞ্চলে বিমানসেনা ও নৌবাহিনীর তৎপরতা ১২ গুণ বাড়িয়েছে। শুধু তাই নয়, ওই অঞ্চলে আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্রও মোতায়েনের পরিমাণ বাড়াচ্ছে দেশটি। ‘ছদ্ম ঋণনীতি’ থেকে শুরু করে প্রতিবেশী দেশগুলোর ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার যে আমেরিকার পক্ষে কতটা মারাত্মক হতে পারে, তাও মনে করিয়ে দিয়েছেন ড্যানফোর্ড।