প্রতিমন্ত্রী মাহবুব আলীর সংবর্ধনা অনুষ্ঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর আমেরিকা আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ২২ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে চুনারুঘাট অ্যাসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ আতাউর রহমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রউফ, প্রচার সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম ও সদস্যসচিব রিয়াজুল কাদির।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মইন চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন্ক ইউএসএর সভাপতি মইনুল হক চৌধুরী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি মেম্বার ওয়াসি চৌধুরী প্রমুখ। এ ছাড়া সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বিভিন্ন আলোচনার পাশাপাশি কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—১. চুনারুঘাট ইকোনমিক জোন বাস্তবায়ন। ২. বাল্লা স্থলবন্দর চালু। ৩. চুনারুঘাট শহরের পাশে মজা নদী খুয়াইয়ের সংস্কার ও সৌন্দর্য বর্ধন। ৪. নয়াপাড়া রেলস্টেশন থেকে চাঁনপুর চা বাগান (ঢাকা-সিলেট) মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ। ৫. সাতছড়ি জাতীয় উদ্যানের আধুনিকায়ন ও পর্যটনবান্ধব করে গড়ে তোলা। ৬. রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও তা পর্যটনবান্ধব করে গড়ে তোলা এবং ৭. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত বিনিয়োগ ও বিনির্মাণের ব্যবস্থা করা।
প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বর্তমান সরকার অনেক উন্নয়নের পাশাপাশি সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, শিগগির ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে। কিছুদিনের মধ্যে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি।