
মার্কিন প্রতিরক্ষা খাতের ব্যয় বাড়ানোর প্রস্তাব উত্থাপন করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের বাজেটে তিনি প্রতিরক্ষা খাতে বিদ্যমান ব্যয় থেকে ৭ শতাংশ বাড়িয়ে ৭১৬ বিলিয়ন ডলার করার প্রস্তাব দিতে পারেন।
গত ২৬ জানুয়ারি নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটনের সরকারি একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ফেব্রুয়ারিতে প্রস্তাবটি প্রকাশ করা হবে।
ওয়াশিংটনের কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ২০১৮ সালের বাজেটই এখনো কংগ্রেসে পাস হয়নি। এ অবস্থায় আগামী বছরের বাজেট নিয়ে পরিকল্পনা চলছে। এতে প্রতিরক্ষা খাতের ব্যয় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এই ব্যয়ের পরিমাণ বাড়িয়ে ৭১৬ বিলিয়ন ডলার করার প্রস্তাব প্রেসিডেন্ট দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এই প্রতিরক্ষা বাজেটের আওতায় পেন্টাগনের ব্যয়, চলমান যুদ্ধ, পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও তার রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৬ জানুয়ারি জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। আর এই কৌশল অনুসরণ করেই প্রতিরক্ষা খাতের বাজেট প্রস্তাবটি তৈরি করা হবে।
জিম ম্যাটিসের উত্থাপিত প্রতিরক্ষা কৌশলে চীন ও রাশিয়াকে মোকাবিলার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তবে এই মোকাবিলা কীভাবে করা হবে তার কোনো সুনির্দিষ্ট বয়ান ওই ১১ পৃষ্ঠার কৌশলপত্রে উপস্থাপন করা হয়নি। তবে আসছে প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ এই বিষয়ে একটি ধারণা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে প্রেসিডেন্টের অনুরোধ সম্পর্কিত এই তথ্য প্রথম প্রকাশ হয় ওয়াশিংটন পোস্টে। গত ২৬ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনেই সুনির্দিষ্টভাবে সম্ভাব্য বরাদ্দের পরিমাণ উল্লেখ করা হয়।