প্রতিরক্ষা বাজেট নিয়ে ন্যাটো মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

জার্মানি, বেলজিয়াম, নরওয়ে, কানাডাসহ ন্যাটোর সদস্যদেশগুলোকে তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে কড়া ভাষায় চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি ঘটবে বলেও সতর্ক করেছেন তিনি।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর উদ্দেশে গত জুনে ওই চিঠি লেখেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, ন্যাটোর সদস্যরা জোটের প্রতিরক্ষা বাজেটে সমান হারে অংশগ্রহণ করছে না। আগামী সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই এই চিঠি দিলেন ট্রাম্প। তিনি দাবি করছেন, ন্যাটোর সদস্যরা নিজেদের প্রতিরক্ষা বাজেট না বাড়িয়ে যুক্তরাষ্ট্র থেকে সুবিধা গ্রহণ করছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চিঠিতে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে অভিযোগ রয়েছে যে সমষ্টিগত প্রতিরক্ষা ব্যয়ের বোঝা সদস্যদেশগুলো যথেষ্ট মাত্রায় বহন করেনি। তাই বিশ্বে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতির সামঞ্জস্য পরিবর্তন করতে বাধ্য হবে—এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

চিঠিতে আলাদাভাবে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে উদ্দেশ করে ট্রাম্প লেখেন, ‘এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরে আপনার সঙ্গে আলোচনা করেছিলাম যে মিত্রদেশগুলো প্রতিশ্রুতি পালন করছে না দেখে যুক্তরাষ্ট্রের হতাশা বাড়ছে। যুক্তরাষ্ট্র ইউরোপের প্রতিরক্ষার জন্য আরও সম্পদ ব্যয় করবে যখন জার্মানিসহ সব দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং সমান নিরাপত্তা চ্যালেঞ্জ বহন করবে। চিঠিতে ট্রাম্প ব্যয়ভার নিতে ন্যাটোর অন্য দেশগুলোর ব্যর্থতার জন্য জার্মানিকে দোষারোপ করেন।

২০১৪ সালে ‘ওয়েলস সম্মেলনে’ ন্যাটো দেশগুলো নিজেদের জিডিপির ২ শতাংশের সমান অর্থ জোটের প্রতিরক্ষা তহবিলে চাঁদা হিসেবে দিতে সম্মত হয়। কিন্তু এ প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি—এমন অভিযোগই ট্রাম্পের। কথা রাখেনি ২৮ সদস্যের এ জোটের ২৩টি দেশ। তাই অর্থায়ন বাড়াতে বাকি সদস্যদের চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তা না হলে যুক্তরাষ্ট্র ন্যাটোর বরাদ্দ বন্ধ করে দেবে—এমন হুমকিও দিয়েছেন তিনি।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ জোটের বর্তমান সামরিক বাজেট ৯২ হাজার ১০০ কোটি ডলার। এ অর্থ সামরিক অপারেশন, কৌশল নির্ধারণ, প্রশিক্ষণ ও গবেষণা খাতে ব্যয় হয়। রয়েছে ২৫ কোটি ২০ লাখ ডলারের বেসামরিক বাজেট। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের সদর দপ্তর পরিচালনায় এ অর্থ ব্যয় হয়। বিপুল পরিমাণ এ বাজেটের অধিকাংশই এককভাবে বহন করে যুক্তরাষ্ট্র, যা মার্কিন অর্থনীতির জন্য বড় একটি চাপ। এ চাপ কমাতে ন্যাটোর সদস্যদেশগুলোকে জোটের বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে মার্কিন প্রশাসন।