প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটার বার্তায় এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ক্রিস্টোফার মিলারকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ক্রিস্টোফার মিলার জাতীয় সন্ত্রাসবিরোধী সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ একাধিক সূত্র বলেছে, বেশ কিছুদিন ধরেই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না এসপারের। আর সে কারণেই কয়েক সপ্তাহ আগে থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন এসপার।
গত জুনে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর টানাপোড়েন আরও বাড়ে। বিক্ষোভ দমনে ট্রাম্প সংক্রিয় সেনাসদস্যদের মোতায়েন করতে চেয়েছিলেন। কিন্তু এসপার তার বিরোধিতা করেন। এসপার তখন বলেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে তখনই ব্যবহার করা উচিত, যখন আইনশৃঙ্খলা আর কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না।
কিন্তু ট্রাম্প আগেই যুক্তরাষ্ট্রের শহরে শহরে চলা বিক্ষোভ মোকাবিলায় সেনা মোতায়েনের হুমকি দেন। আর তখন থেকে হোয়াইট হাউসের রোষানলে পড়েন এসপার। সূত্রগুলো বলছে, ট্রাম্প ও তাঁর জাতীয় উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়েন প্রেসিডেন্টের মতামতের বাইরে না যেতে এসপারকে বারণ করেছিলেন একাধিকবার।