প্রতিশোধপরায়ণ হয়ে উঠছেন ট্রাম্প
যা-ই ঘটুক না কেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় আলোচনার কেন্দ্রে থাকতে চান। এটা তাঁর চরিত্রেরই অংশ বলা যায়। কিন্তু নির্বাচনে পরাজয়ের পর থেকে হোয়াইট হাউসে থাকা নিয়ে তিনি যা করছেন এবং করার চেষ্টা করছেন, তা অভাবিত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা বা বিতর্ক আগে দেখা যায়নি। নির্বাচনের ফলকে অস্বীকার করে কোনো প্রমাণ ছাড়াই ‘ভোট জালিয়াতির’ অভিযোগ তোলার বিষয়টিকেই যেখানে একসময় বাড়াবাড়ি মনে হচ্ছিল, সেখানে এখন সামরিক আইন জারি করে নতুন করে নির্বাচন দেওয়ার মতো বিষয়ও আলোচনায় উঠে এসেছে। ওভাল অফিসের সেই আলোচনার জেরে তৈরি হওয়া বিতর্কের আঁচ কমতে না কমতেই এল বাস্তব সমস্যা। দীর্ঘ প্রতীক্ষার পর করোনাভাইরাস মোকাবিলায় কংগ্রেসে পাস হওয়া দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ ও সরকারি ব্যয় সম্পর্কিত অর্থ বিলে সই না করেই ট্রাম্প চলে গেছেন বড়দিনের ছুটিতে।
যুক্তরাষ্ট্রের জনগণকে অনিশ্চয়তায় ফেলে হোয়াইট হাউস ছেড়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস অনুমোদিত এমন আইন প্রস্তাবে সই না করার ইঙ্গিত দিয়েছেন তিনি। আবার বাড়তি বেকারভাতার দাবিতে লড়তে থাকা ডেমোক্র্যাটদের বারবার ফিরিয়ে দেওয়া নিজ দলের আইনপ্রণেতাদের বিরুদ্ধে গিয়ে জনপ্রতি সাপ্তাহিক সহায়তার পরিমাণ ৬০০ ডলারের বদলে এককালীন ২ হাজার ডলার করার কথা বলছেন তিনি। আবার বলছেন, দ্বিতীয় মেয়াদে অভিষেকের পরই এমন বিলে সই করবেন তিনি।
নির্বাচনের ফল উল্টে দেওয়ার সর্বশেষ চেষ্টার অংশ হিসেবে আবার নির্বাচন দিতে সামরিক আইন জারি করা যায় কি না, সে বিষয়ে গত শুক্রবার নিজের উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। এ সম্পর্কিত খবরটি প্রথম প্রকাশ করে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। সম্প্রচার মাধ্যম সিএনএনও একই খবর প্রকাশ করে। লক্ষণীয় বিষয় হচ্ছে, ট্রাম্প এ বিষয়ে পরামর্শ করতে সেসব লোকের সঙ্গেই বসেছেন, যারা তাঁর কর্তৃত্ববাদী অবস্থান ও গণতন্ত্রবিরোধী বিভিন্ন কার্যকলাপকে বিনা বাক্য ব্যয়ে সমর্থন করেন। উপদেষ্টারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে।
যুক্তরাষ্ট্রে এটা শেষ পর্যন্ত হয়তো হবে না। তবে এই বিতর্ক চাউর হওয়ার মধ্য দিয়ে একটি কাজ কিন্তু হয়েছে। আর তা হলো, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যাদের মনে কিছুটা হলেও সন্দেহ ছিল, এই খবরের পর সেই সন্দেহ গাঢ় হয়েছে। ফলে এটি পুরো যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে সহিংসতার ভিতকে শক্তিশালী করেছে। এমন খবরের পর ২০ জানুয়ারির আগে আবারও সহিংস পরিস্থিতির সৃষ্টি হওয়া নিয়ে শঙ্কায় ভুগছেন বিশ্লেষকেরা।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের ফল দিবালোকের মতো স্পষ্ট হলেও তা উল্টে দিতে এখন পর্যন্ত হেন কোনো কাজ নেই, ট্রাম্প করেননি। বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা থেকে শুরু করে, ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ যেসব অঙ্গরাজ্যের আইনসভায় রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, সেসব অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটারের তালিকা পরিবর্তনের চেষ্টা পর্যন্ত সবই করেছেন তিনি। বাদ যায়নি সুপ্রিম কোর্টও। এমনকি ইরানে হামলার মাধ্যমে জরুরি পরিস্থিতি তৈরি করেও ক্ষমতায় টিকে থাকার আলোচনাও সামনে এসেছে। পেন্টাগনসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় বিষয়টি করা যায়নি শেষ পর্যন্ত। এর দায়ও শোধ করতে হয়েছে পেন্টাগনকে। ট্রাম্প জমানার শেষ সময়ে এসে একের পর এক শীর্ষ কর্মকর্তাকে হয় সরে যেতে হয়েছে, নয় তো বরখাস্ত হতে হয়েছে।
ক্ষমতা হস্তান্তরের আগে নিজের ক্ষমা করা ও বরখাস্ত করার ক্ষমতা বেশ ভালোই প্রয়োগ করছেন ট্রাম্প। সর্বশেষ ২৩ ডিসেম্বর অবকাশে যাওয়ার আগে তিনি তাঁর দীর্ঘ দিনের মিত্র রজার স্টোন, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প শিবিরের প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট ও হোয়াইট হাউসে জ্যেষ্ঠ উপদেষ্টা ও মেয়ে-জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারসহ ২৬ জনকে ক্ষমা করেছেন। সব মার্কিন প্রেসিডেন্টই ক্ষমতা থেকে বিদায়ের আগে আগে বিভিন্ন অপরাধীকে ক্ষমা করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ ক্ষেত্রে সবকিছুকেই ছাড়িয়ে গেছেন। তিনি নিজেই ক্ষমার যোগ্য অপরাধীদের তালিকাটি তৈরি করছেন। বলার অপেক্ষা রাখে না, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তাঁর বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধুমহল, যাদের অনেকেই ২০১৬ সালের নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪৬ জনকে ক্ষমা করলেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেকের আগ পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। ফলে এ তালিকা আরও দীর্ঘ হবে নিশ্চিতভাবে।
এই অবস্থায় প্রেসিডেন্টের এই ক্ষমা করার ক্ষমতার সংবিধানে রাখা না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হচ্ছে, এই যে ক্ষমতার অপপ্রয়োগ ট্রাম্প করছেন, তাতে ভবিষ্যতে প্রেসিডেন্সিকে যে কেউ অপরাধ জগতের সুরক্ষা বর্ম হিসেবে বিবেচনা করতে পারে। অনেক ডেমোক্র্যাট এরই মধ্যে এই ক্ষমতা সংবিধান থেকে অপসারণের দাবিও তুলছেন। কিন্তু এই মেয়াদে হয়তো তা সম্ভব হচ্ছে না। ফলে ট্রাম্প তাঁর শেষ ক্ষমাটি নিজে পেতে চাইবেন হয়তো। সে ক্ষেত্রে মাইক পেন্সকে প্রেসিডেন্সির ক্ষমতা দিয়ে নিজের জন্য ক্ষমা আদায় করে নিতে পারেন তিনি।
ক্ষমার বাইরে বরখাস্তের ক্ষমতা বেশ কাজে লাগাচ্ছেন ট্রাম্প। অবশ্য এই ক্ষমতার প্রয়োগে আগে থেকেই তিনি সিদ্ধহস্ত। নির্বাচনে পরাজয়ের পর এ তালিকায় যুক্ত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, করোনাভাইরাস সম্পর্কিত উপদেষ্টাসহ আরও অনেকে। পেন্টাগনের শীর্ষ পদগুলোয় করেছেন বড় ধরনের অদলবদল। এগুলোর সবই অনুমিত বিষয়। কিন্তু ট্রাম্প এই সম্প্রতি যা করছেন, তাকে প্রতিশোধ স্পৃহাই বরং মনে হয়। দ্বিতীয় প্রণোদনা বিলে সই না করার আর কোনো ব্যাখ্যা অন্তত নেই। কোটি মানুষকে যন্ত্রণায় রেখে প্রেসিডেন্ট চলে গেছেন অবকাশে। এমনকি নিজ দলের সঙ্গেও বিষয়টি নিয়ে কোনো আলাপ করেননি। এ নিয়ে স্বাভাবিকভাবেই কথা উঠেছে। অর্থবিলে স্বাক্ষর না করলে ক্ষমতার শেষ দিনগুলোতে ফেডারেল সরকারের বহু কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
করোনাভাইরাস রিলিফ বিলে স্বাক্ষর না করলে লাখ লাখ কর্মহীনের বেকারভাতা এ সপ্তাহেই বন্ধ হয়ে যাবে। অনেক ভাড়াটে বিতাড়িত হবে ঘরভাড়া না দিতে পেরে। বন্ধ হয়ে যাবে কয়েক লাখ ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান।
হোয়াইট হাউস ত্যাগের আগে ট্রাম্প নিশ্চিত করে কিছুই বলেননি। কংগ্রেস যে ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের তহবিলের বিষয়ে সমঝোতা পৌঁছেছে, তাতে ভেটো দেবেন বলেও পরিষ্কার কিছু বলেননি। অথচ ফেডারেল সরকারের ব্যয় তহবিলের মেয়াদ ২৯ ডিসেম্বরই শেষ হয়ে যাওয়ার কথা। এ নিয়ে কংগ্রেস ও প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সময়ও বেশি নেই। জানুয়ারির প্রথম দিক পর্যন্ত ফেডারেল সরকার চালিয়ে নিতে কংগ্রেস সর্বোচ্চ একটি আলাদা সমঝোতা প্রস্তাব পাস করতে পারে। আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো প্রদানের প্রয়াস মোকাবিলায় কংগ্রেসে ভোটও নিতে পারেন। কিন্তু ট্রাম্প স্পষ্ট করে কিছু না বলায় কোনো উদ্যোগই নিতে পারছেন না আইনপ্রণেতারা। তবে বড়দিনের ছুটির পর আগামী সপ্তাহে আইনপ্রণেতাদের ওয়াশিংটনে ফিরে বার্ষিক প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো প্রদানের বিরুদ্ধে ভোটে অংশ নেওয়ার কথা।
কিন্তু এত সব সমীকরণের দিকে তাকানোর সুযোগ নেই সংকটগ্রস্ত মানুষের। বড়দিনের আগেই যেখানে প্রণোদনার অর্থ ছাড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন অনিশ্চিত হয়ে গেছে। আর এই পুরো ঘটনাটিই ঘটেছে শুধু একজন ব্যক্তির জন্য। নির্বাচনে পরাজয় মানতে না পারা সেই ব্যক্তিটি এখন এমন সব ব্যাখ্যাতীত আচরণ করছেন, যা দিয়ে তাঁর ক্ষমতালিপ্সাই শুধু প্রকাশ পাচ্ছে। এমনকি বেকারভাতার বর্ধিত পরিমাণের কথাও তিনি হঠাৎ করে বলেছেন, যাতে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন বিপাকে পড়েন। এমনকি জাতীয় নিরাপত্তার বিষয়টিও তিনি ক্ষমতার বিনিময়ে ছেড়ে দিতে রাজি আছেন। প্রযুক্তি জায়ান্ট যে ৪০টির বেশি প্রতিষ্ঠানে রুশ সাইবার হামলার সতর্কবার্তা দিয়েছে, তার ৮০ শতাংশই মার্কিন। এর মধ্যে এমনকি পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জ্বালানি মন্ত্রণালয় পর্যন্ত রয়েছে।
মন্ত্রণালয়টির দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে তারা এর আগে এত বড় হামলার শিকার হয়নি। কিন্তু এত সবের পরও ট্রাম্প নির্বিকার। সবকিছুতে সরব ট্রাম্পের এই নীরবতা নিয়ে এখন অনেকে পাল্টা ষড়যন্ত্র তত্ত্বও হাজির করতে চাইছেন। তাঁর ক্ষমতার প্রতি মোহ ও আলোচনার কেন্দ্রে থাকার তীব্র আকর্ষণ অন্তত এমন তত্ত্বের পাশে দাঁড়ায়।