প্রত্যাখ্যান করতেই হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানহাটনে হামলার পর সতর্ক অবস্থানে পুলিশ
ম্যানহাটনে হামলার পর সতর্ক অবস্থানে পুলিশ

আষাঢ় মাসের শুরুর একটি দিন। দুই দিন ধরে অবিরাম বৃষ্টি ঝরছে। কখনো থামছে কিছু সময়ের জন্য, তারপর আবার শুরু! সাতছড়ি পাহাড়ের উত্তর দিকটা খানিক খোলামেলা। তারই পাশ দিয়ে চলে গেছে দূরের রেললাইন। ট্রেনগুলো পশ্চিম দিক থেকে ছুটে এসে আবার পূর্বের চা বাগানের ভেতর নিমেষে হারিয়ে যায়।

নুনিয়া সকালেই ভেবেছে আজ আর স্কুলে যাওয়া হবে না। সামনের ফসলের খেতসহ লাগোয়া উঁচু টিলাগুলোও ডুবে আছে বৃষ্টির পানিতে। দাওয়ায় বসে ভাবছে কী করবে! বৃষ্টি মাথায় নিয়ে অবেলায় যাবেইবা কোথায়! দোটানা মন নিয়েই বেরিয়ে পড়ল রেললাইন বরাবর। পরনে রংচটা হাফপ্যান্টের ওপর লাল টি-শার্ট। বারান্দায় রাখা বাবার বাঁশের ছাতা হাতে নিয়ে নেমে এল দাওয়া থেকে। তখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি টপ টপ করে আওয়াজ দিচ্ছে নুনিয়ার বাঁশের ছাতার ওপর।
নুনিয়া আগেই ভেবে রেখেছিল, এবারের আষাঢ়ের এই বৃষ্টিতে রেললাইনের লাল লোহার পুলের নিচে ঝাঁকিজাল বসিয়ে মাছ ধরবে। পাহাড় থেকে নেমে আসা তোড়ের পানির সঙ্গে ছোট বড় নানা জাতের মাছ ধরা পড়ে জালে। সেটা ভেবে আগের দিন বিকেলে জালটি রেখে এসেছিল রেললাইনের পাশের লেবুবাগানের নিচে।
ঝরঝর বৃষ্টির শব্দ বেড়েই চলছে। পাশ দিয়ে বৃষ্টির ছাঁট এসে নুনিয়ার শরীরে লাগছে। তারপরও সে হাঁটছে। খানিক পথ হাঁটলেই রেললাইন। সামনে ঘন সবুজ পাতায় ছেয়ে যাওয়া দেশি কাগজিলেবুর বাগান। ওদিকে আজ যেতে হবে না। একটু ঘোরা পথে জমিনের আল ধরে বৃষ্টি জমানো পানি ভেঙে রেললাইনের কাছাকাছি এসে থামল নুনিয়া। পশ্চিম দিকে চার-পাঁচটি লেবুগাছের ঝোপের নিচে রাখা জালের দিকেই যাচ্ছে সে।
পুলের নিচ দিয়ে পাহাড় থেকে নেমে আসা পানির নিচের দিকে নেমে যাওয়ার কল কল শব্দ শুনতে পাচ্ছে সে। সে দিকেই হাঁটছে। যতই এগোচ্ছে ওর কাছে মনে হচ্ছে পানির শব্দ আজ যেন একটু বেশি। ডান হাতে ধরা লেবু গাছের নিচ থেকে আনা মাছ ধরবার ঝাঁকিজালটি। যেটি সে বসাবে লোহার পুলের নিচে।
রেললাইন বরাবর পশ্চিম দিকে চোখ পড়তেই মনে হলো পুলের এ পাশের খাঁড়া পাড় হঠাৎ যেন বেশ লম্বা লম্বা লাগছে। পাহাড়ি এ ছোট্ট ছড়ায় মাত্র তিনটি লোহার খুঁটি। একটি মাঝে, বাকি দুটো পুলের পূর্ব-পশ্চিম দু পাশ বরাবর। দূর থেকে নুনিয়া যা দেখছে তা ওর কাছে মোটেই স্বাভাবিক মনে হলো না। এদিকটাতে দেখে মনে হচ্ছে রেললাইনের নিচের দিকটার বেশ কিছু অংশ ফাঁকা! কেন এমন লাগছে ? নিমেষেই নুনিয়ার মনে হলো—হ্যাঁ, সে যা ভাবছে তাই। পূর্ব পাশের পুলের পাড়ের দিকের মাটি বৃষ্টির পানির তোড়ে ভেসে গেছে। লাইনের নিচের পুরোটাই ফাঁকা। শূন্যে ঝুলে আছে পুরো রেললাইন। পানির বেগ আজ অনেক বেশি। ‍তাই আওয়াজ এবং নেমে আসা পানির পরিমাণ বেশ অস্বাভাবিক লাগছে তার কাছে। নুনিয়ার কানে পানির শব্দ সে কারণেই বেশি ঠেকছে!
পানির তোড়ে পাড়ের মাটি তখনো একটু একটু করে সরে সরে যাচ্ছে, ঝুর ঝুর করে পড়ছে তীব্র স্রোতের টানের ভেসে চলা খালের পানিতে। খালি হয়ে যাচ্ছে রেললাইনের নিচ দিকটা। ঠিক সেই সময়টাতে শুনল ট্রেনের তীব্র হুইসেলের আওয়াজ। শুনে নুনিয়ার সারা শরীর ঝাঁকি দিয়ে উঠে অবশ হয়ে যাওয়ার অবস্থা। অজানা এক আশঙ্কায় কাঁপছে সে। শাঁ শাঁ করে ছুটে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেন। কয়েক শ যাত্রী নিয়ে ছুটছে সিলেট অভিমুখে। কিংকর্তব্যবিমূঢ় নুনিয়া। সে এখন কী করবে? এই ফাঁকা রেললাইনে উঠে আসার আগেই যে কোনো উপায়ে ট্রেনটাকে থামাতেই হবে। সে ভাবতেই পারছে না কী উপায় হবে যদি ট্রেনটি এসে ফাঁকা লাইনের ওপরে উঠে পড়ে। কিয়ামত ঘটে যাবে। ধ্বংসযজ্ঞের সীমা পরিসীমা থাকবে না! শত শত নিরীহ যাত্রীর ভয়াবহ পরিণামের কথা ভেবে গা শিউরে উঠছে নুনিয়ার!
আশঙ্কাটা কয়েকবার মাথায় চক্কর দিয়ে উঠল। এদিকে ট্রেনের শব্দ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মনে হচ্ছে আর বেশি দূর নয়। এই বুঝি চলে এল। নুনিয়া ভাবল, আর ভাবনার সময় নেই যা করবার এখনই, এই মুহূর্তে করতে হবে! যখনই নুনিয়ার চোখে পড়ল দূরে বেশ দূরে ছুটে আসছে পারাবত ট্রেনটি। চকিতে যেন ওর মাথায় বুদ্ধি খেলে গেল! মাথায় ধরে রাখা বাঁশের ছাতাটা দূরে ফেলে দিল নুনিয়া। গায়ের লাল জামাটি খুলে রেললাইনের মাঝ বরাবর দাঁড়িয়ে গেল। বারবার তার হাতে ধরা লাল জামাটি ডানে বামে নাড়তে লাগল প্রচণ্ড বেগে। মনের অজান্তে সে চিৎকার দিয়ে চলছে, যেন বলছে মানবতার জয়রথকে ক্ষণিকের ভুল ফাঁদে আমি পড়তে দেব না! পড়তে দেব না!! মানব আর মানবতা রক্ষাকল্পে আমার জীবন বাজী রেখে হলেও এই নিরীহ যাত্রীদের মৃত্যুর মুখোমুখি হতে দেব না, হতে দেব না! নুনিয়া চিৎকার করছে আর আকাশ থেকে নেমে আসা বৃষ্টির অঝোর ধারার মধ্যে মানবতাকে রক্ষার প্রতীক তার পরনের লাল জামাটি বাতাসে দুলছে আর দুলছে।
ভালোবাসার নিউইয়র্ক নগরীতে হঠাৎ করে ধেয়ে আসা এক অশুভ পৈশাচিক মনোবৃত্তির সাক্ষাৎ দানবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে দৃঢ় প্রত্যয় নিয়ে। বারবার চোখ রাখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া সেতুতে কোনো ধরনের ফাটল যেন না ধরে। নিউইয়র্কের সব বাংলাদেশি অভিবাসী একেকজন নুনিয়া হয়ে লাল পতাকা হাতে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হবে, মানবতা তথা মুক্তচিন্তাসহ সব স্বাধীনতার রেলগাড়ি যেন কোনো অবস্থাতেই লাইনচ্যুত না হয়! রুখে দিতে হবে বর্বরদের এই অশুভ তৎপরতা! এ সব মধ্যযুগের বর্বর চিন্তার অনুশীলনকারীদের রুখে দিতে আমরা প্রস্তুত। এই দেশ আমার পরবর্তী প্রজন্মের স্বপ্ন পূরণের দেশ। ওদের মুক্ত চিন্তায় নিজেদের বিকশিত করবার চর্চার দেশ। শুধু তাদেরই নয়, অনাগত আরও কয়েক প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে। আমাদের পূর্ববর্তী বংশধরদের দ্বারা প্রত্যাখ্যাত ঘৃণিত এই মধ্যযুগীয় মতবাদের কবর রচনাই হলো আমাদের বর্তমান প্রজন্মের মুক্তির সোপান!